রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক!
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগতকে আটক করা হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীদের আনাগোনা বেড়ে গেছে। তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন। তাই আজ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আরো জানায়, অভিযান চালিয়ে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে। তারা নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। তাদের প্রক্টর অফিসে এনে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাম পরিচয় লিখে পুলিশে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ইদের ছুটির পর থেকে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তাই আজ দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’ এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কিছু ছেলেমেয়েকে আটক করে আমাদের কাছে দেয়। আমরা তাদের থানায় নিয়ে আসি এবং অভিভাবকদের খবর দিয়েছি। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’