ভারতীয় হ্যাকারদের দখলে দেশের ২৫ প্রতিষ্ঠানের ওয়েবসাইট: হুমকিতে বাংলাদেশ !

১৮ আগস্ট, ২০২৩ | ১২:১২ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

এইতো দু’দিন আগেও কথা হচ্ছিলো ভারতীয় হ্যাকারদের সাইবার হামলার হুমকি নিয়ে। ইতোমধ্যে তারা সফলও হয়েছে। অথচ র‍্যাবসহ সবাই বলেছিলো তারা সতর্ক রয়েছে। ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে। একদল ভারতীয় হ্যাকার ১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে। জানা যায় , ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে। ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা। আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট। এদিকে দেশের এতোগুলা সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১ সূত্র জানান, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো। ভারতের মতো আমরাও মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। যাতে আর কখনও বাংলাদেশ সাইবার স্পেসে নজর দেবার দুঃসাহস না করে। এমন ন্যাক্কারজনক সাইবার আক্রমণে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হতে পারে বা সকলের কি করা উচিত – এবিষয়ে জানতে চাইলে পরিচয় গোপন রেখে মুজাহিদ ( ছদ্মনাম) নামে একজন আইটি এক্সপার্ট বলেন, ‘ বাংলাদেশ একটি সম্ভাবনাময় উর্বর ভূমি। এখানে নানাবিধ সম্পদের দিকে যেমন সকলের নজর আছে। তেমনিভাবে বিভিন্ন রাজনৈতিক, ভৌগোলিক, দেশীয় স্বার্থসহ অনেক কারনেই এমন সাইবার হামলার শিকার হতে হচ্ছে। তবে এর আগেও যেহেতু বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এবং ওয়েবসাইট হ্যাক হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত ছিলো। হ্যাক হওয়া তথ্যগুলো আর ফেরত পাওয়া যাবে না। যদিও ফেরত আসে, তাহলে তথ্যগুলো আর আগের মতো থাকবে না। সবচেয়ে বড় কথা হলো, এখন সবাইকে যথাসম্ভব সচেতন হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে সাইবার ৭১ চাইলে দারুন কিছু করে দেখাতে পারে।’