অ্যান্টনি জে.ব্লিঙ্কেনকে আব্দুল মোমেনের চিঠি

১৮ আগস্ট, ২০২৩ | ৮:২৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় একটি চিঠি লিখে গভীর দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (১৮ আগস্ট) ওয়াশিংনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান স্থানীয় সময় বুধবার (১৬ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর কাছে এই চিঠি হস্তান্তর করেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন তার চিঠিতে বলেন, আমরা আপনার প্রতি এবং আপনার মাধ্যমে নিহত, আহতদের পরিবার এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি। তিনি বলেন, মাউয়ের এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে জলবায়ু পরিবর্তনজনিত ধ্বংসযজ্ঞের ভয়াবহতা এবং এই ধরনের দুর্যোগের সময় দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের গুরুত্ব মনে করিয়ে দেয়। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা, বাংলাদেশের সরকার ও জনগণ, আপনার এবং যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছি এবং আপনাদের এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানাচ্ছি।