প্রতারণা করে ১১ হাজার কোটি টাকা লোপাট: গোয়েন্দা নজরদারিতে এমটিএফই’র ৪০০ সিইও
কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট !
রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্ন দেখা অভাবগ্রস্থ ও লোভী মানুষের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে বাংলাদেশের মতো দরিদ্র ভূখন্ডে এই মাত্রা যেনো চরমে পৌঁছেছে। সবাই যেন সেটা জেনেই লোভীদেরকে ফাঁদে ফেলতে ব্যস্ত।
অনলাইন ট্রেডিংয়ের নামে দুবাইভিত্তিক এমএলএম কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জে (এমটিএফই) বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন দেশের লাখো মানুষ। প্রতারণা করে বাংলাদেশিদের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া এই কোম্পানির ৪০০ সিইওর বিরুদ্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। তাদের আটক বা গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার ফুটপ্রিন্ট সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এমটিএফই এর ফাঁদ ও প্রতারণার খবর ছড়িয়ে পড়লে সকল গণমাধ্যমের মতো বিডিনিউজ ৯৯৯.কম এর পাবনা প্রতিনিধি একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেন। তবে এবার জানা গেলো ভয়াবহ জালিয়াতির বিস্তারিত তথ্য। যা রীতিমতো অবাক করার মতো।
জানা যায়, এমটিএফই বাংলাদেশে কার্যক্রম শুরু করে ২০২১ সালে। তিন বছরে এমটিএফইতে শুধু বাংলাদেশ থেকেই ৪২ লাখ মানুষ যুক্ত হয়েছেন।
প্রাথমিক অবস্থায় এমটিএফই অ্যাপে যুক্ত প্রত্যেকেই ৬১, ২০১, ৫০১, ৯০১ ও ২ হাজার ডলার ডিপোজিট করেন। বেশি টাকা আয় করতে কেউ কেউ ৫ হাজার ডলারের বেশিও বিনিয়োগ করেছেন।
এর মধ্যে কেউ জমানো টাকা, কেউবা এনজিও থেকে ঋণ নিয়ে আবার কেউ জমি বন্ধক রেখে বিনিয়োগ করেছিলেন। প্রথমে গত ৭ আগস্ট সিস্টেম আপগ্রেডের কথা বলে গ্রাহকদের টাকা উত্তোলন সেবা বন্ধ করে এমটিএফই।
এরপর গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে হুট করে প্রায় সব গ্রাহকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ঋণাত্মক দেখানো শুরু করে অ্যাপটি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ব্যবসায় লোকসান হয়েছে।
এজন্য উল্টো গ্রাহকদের কাছ থেকেই তারা টাকা পাবে। ফলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা গ্রাহকরা লাভের গুড় তো পায়নি বরং তাদের ঘাড়ে আরও ঋণের বোঝা চেপেছে।
আলোড়ন সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে নেমে যান। জানা যায়, এমটিএফই’র প্রতারণা নিয়ে বিভিন্ন আলোচনা ও তথ্য পেলেও এখনও লিখিত কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি। তবে মামলা না পেলেও এ বিষয়ে ছায়াতদন্ত চলছে।
সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, 'বাংলাদেশে এমটিএফই’র যারা পরিবেশক বা প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া কেউ যদি অভিযোগ দেয় সে তাদের আমরা আইনের আওতায় আনব। এছাড়া কেউ যদি অভিযোগ দেন, সে বিষয়েও আমরা ব্যবস্থা নেব। এমটিএফই একটি ট্রান্সন্যাশনাল ক্রাইম চক্র। তাদের কার্যক্রম ছিল সম্পূর্ণ বায়বীয়।'
এদিকে সর্বশেষ তথ্যমতে পাবনা, রাজশাহী, বগুরাসহ বিভিন্ন জেলায় কয়েকটি মামলা হলেও কোনো গ্রেফতার নেই। তবে অনেকেই আশা করছেন, মামলা হলে তা ভালোভাবেই আমলে নেয়া হবে। কারণ এটা দেশের স্বার্থের বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও অর্থনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলেন,'বাংলাদেশ একটি ভিন্নধর্মী রাষ্ট্র। এখানে প্রায়শই এমন আর্থিক দুর্ঘটনা ঘটছে। অথচ কেউ ভ্রুক্ষেপই করছে না। এদেশের মানুষ অসচেতন এবং অতিমাত্রায় লোভী।
তাই তারা লোভে পড়েই এহেন খাতে বিনিয়োগ করে। কিন্তু এদেশের নীতিনির্ধারকেরা কি করছে ? এদেশের গোয়েন্দা সংস্থা কি করছে ? উপর মহলের কর্তাব্যক্তিরা এহেন প্রতারণায় জড়িত না থাকলে, বিদেশী এসব প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা চালু করে কিভাবে ?
এভাবেই দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, দেখার কেউই নেই। দেখলেও আমরা সব বলতে পারিনা। আমরা চাই এসব ভয়াবহ প্রতারণার হাত থেকে এদেশের লোভী মানুষ তথা দেশকে রক্ষা করা হোক। সেই সাথে এসব বিদেশী প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক।'