মাউই দ্বীপে দাবানলে ধ্বংসযজ্ঞ-প্রাণহানিতে শোক প্রকাশ করে জো বাইডেনকে প্রধানমন্ত্রীর চিঠি

২২ আগস্ট, ২০২৩ | ৫:০২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ২২ আগস্ট, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, “ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।" এই বিপর্যয়ে হতাহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধার কাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সকলের সাথে একাত্মতা প্রকাশ করছে।” গত ৮ অগাস্ট শতাব্দীর ভয়াবহতম আগুনে মাত্র কয়েক ঘণ্টায় পুড়ে ছাই হয়েছে যায় মাউই দ্বীপের ঐতিহ্যবাহী শহর লাহাইনা। শহরের ১৩ বর্গকিলোমিটার এলাকা আগুনের প্রচণ্ড তাপে গলে যাওয়া ধাতু আর পুড়ে যাওয়া অবকাঠামোর ধ্বংসস্তূপে পরিণত হয়। দাবানলে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এখনও সন্ধান মেলেনি ৮৫০ এর অধিক মানুষের। তাদের লাশের খোঁজে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চলছে ধীর গতিতে। বিশেষভাবে প্রশিক্ষিত শবসন্ধানী ২০টি কুকুর এ অনুসন্ধানে মূল ভূমিকা রাখছে। প্রাণীগুলোই লাশ খুঁজে উদ্ধারকর্মীদের সেখানে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার চিঠিতে বলেন, “এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই।” উল্লেখ্য, এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনকে চিঠি পাঠান। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শোক প্রকাশ করে চিঠি পাঠালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।