হোমনায় মাদ্রাসা ছাত্রকে ইস্ত্রী মেশিন গরম করে ছ্যাকা দিয়ে নির্যাতন
কুমিল্লার হোমনায় মোঃ আব্দুল কাইয়ুম (১৪) নামের এক মাদ্রাসার ছাত্র কে কাপড় ইস্ত্রী মেশিন গরম করে পায়ে ও পাছায় ছ্যাকা দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে।
গত ১৬ সেপ্টেম্বর এ উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি মমতাজিয়া আছমতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল কাইয়ুম উপজেলার চান্দেরচর ৭নং ওয়ার্ডের প্রবাসী মোঃ আব্দুল কাদিরের ছেলে এবং উক্ত মাদ্রাসার ছাত্র।
পারিবারিক সূত্রে জানাযায়, কাইয়ুম দীর্ঘদিন যাবত ঐ মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। গত ১৬ সেপ্টেম্বর, শনিবার কাইয়ুম তার সহপাঠীর সাথে দুষ্ঠামী করে।
এতে মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তাকে রাত সাড়ে ১১ টার পর উনার কক্ষে নিয়ে যান। সেখানে তাকে মাটিতে উল্টিয়ে শুইয়ে শিক্ষক তার পিঠের উপর চেপে বসে এবং মাদ্রাসার আরো ৩ জন ছাত্র তার দুই পা ও হাত ধরে রাখে। এরপর শিক্ষক সাইফুল ইসলাম কাপড়ের ইস্ত্রী মেশিন গরম করে তার পা এবং পাছায় আনুমানিক পাঁচ মিনিট ছ্যাকা দেয়।
এসময় সে চিৎকার দিতে চাইলে একছাত্র তার মুখ চেপে ধরে। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ১০ দিন মাদ্রাসায় আটকে রেখে স্থানীয় বাজার থেকে সাধারণ ঔষধ এনে খাওয়ানো হয়।এসময় শিক্ষক সাইফুল ইসলাম, কাইয়ুম কে সত্য ঘটনা কাউকে না বলতে নিষেধ করেন, বললে তাকে মেরে ফেলবে বলে হুমকী প্রদান করেন।
কিন্তু কাইয়ুমের পায়ের পাতা ও পাছায় ঘাঁ হয়ে গেলে এবং অবস্থা খারাপ হতে থাকলে হুজুর তার মাকে ফোন দিয়ে বলেন যে আপনার ছেলে গরম পানিতে পড়ে গেছে, তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
গতকাল (২৫ সেপ্টেম্বর) তার মা মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে ছেলের ঘাঁ দেখে সন্দেহ হয়। তখন তিনি মাদ্রাসায় এসে হুজুর কে জিজ্ঞেস করেন যে আসলেই কি সে গরম পানিতে পড়েছে কিনা? এতে হুজুর তাকে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন, বাড়াবাড়ি করলে ক্ষতি হবে বলে তিনি জানান এবং তাকে চলে যেতে বলেন। তখন তিনি বাড়িতে গিয়ে ছেলেকে ভালো করে জিজ্ঞেস করলে ছেলে সত্য ঘটনা বলে দেয়।
এসময় তাকে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করেন।
এদিকে এ ঘটনা তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় যায়। কিন্তু শিক্ষক সাইফুল ইসলাম তার আগেই পালিয়ে যায়।
এ দিকে সংবাদ পেয়ে হোমনা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সুষ্ঠু বিচার করার আশ্বাস দিলে উত্তেজিত বিক্ষোব্ধ জনতা শান্ত হয়। মাদ্রাসা আপাতন বন্ধ রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী ৫ জন কে আসামী করে হোমনা থানায় একটি মামলা করেছেন।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ছাত্র নির্যাতনের বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে এজহার নামীয় একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।