ফ্যাসিবাদ পতনের দাবিতে যুব গনতন্ত্র মঞ্চের সমাবেশ

১৪ অক্টোবর, ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ ১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার বেলা ৪ ঘটিকায় নাগরিক যুব ঐক্যর সভাপতি সাম্য শাহ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খানের সঞ্চালনায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় ফ্যাসিবাদের পতন, শাসন ব্যবস্থার পরিবর্তন ও কর্মমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে যুব গণতন্ত্র মঞ্চের এক যুব সমাবেশ ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে যুব গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের শাসনকে ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ এবং খুব দ্রুতই একমাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমেই যার পতন অবধারিত বলে উল্লেখ করেছেন। নেতারা বলেন, বাংলাদেশ আজ ফ্যাসিবাদের কবলে পরেছে। ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে এমপি ইলেকশন পর্যন্ত মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমনকি স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশ রাষ্ট্রে এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছে যেখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সংসদে হ্যাঁ/না ভোটের বাইরে এবং তামাশা করা ছাড়া আর কোন কাজ নেই। দ্রব্যমূল্য এমন জায়গায় গিয়ে পৌছেছে যেখানে আধপেট খেয়ে কোনমতে মানুষ জীবন যাপন করছে। একদিকে কলেজ-বিশ্ববিদ্যালয় পাশ করে একজন যুবক আজ চাকরীর জন্য ঘুরছে, আর একজন উদ্যোক্তা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে আরেকদিকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।  নেতৃবৃন্দ আরো বলেন, স্বৈরাচারী-ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় থাকতে গিয়ে মন্ত্রী-এমপিরা প্রকাশ্যে বিরোধী দলগুলোর নেতাদের ক্রমাগত জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। মত প্রকাশের স্বাধীনতা আজ তলানিতে। বর্তমান আওয়ামী সভানেত্রী সবকিছু বন্ধ করে দেবো বলে জনগণের পয়সায় জনগণকে থোরাই কেয়ার করছেন। রাষ্ট্র ক্ষমতায় যে কোন উপায়ে টিকে থাকতে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব অবতীর্ণ মার্কিন-চীন রাষ্ট্রের প্রতিযোগিতা সামনে হাজির করে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিন্নভিন্ন করার সমস্ত আয়োজন সামনে এনেছে। নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক নেতাদের একের পর এক রাজবন্দী করে রেখেছেন। রোগমুক্তির জন্য উপর্যুক্ত চিকিৎসা ব্যবস্থা পেতে বেগম জিয়ার অধিকার ক্ষুন্ন করে তাকে তিলে তিলে হত্যার আয়োজনে জনগণকে হাইকোর্ট দেখানোর মত পরিস্থিতি।  এ সকল পরিস্থিতি থেকে, ফ্যাসিবাদ থেকে মুক্তির দিশায়; জনগণের ভোট এবং ভাতের অধিকার, দেশের সকল যুবকদের কর্মের দাবিতে জনগণের সরাসরি অংশগ্রহণে গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান জানান।  মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে নেতারা এই সরকারের পতনের লক্ষ্যে অদ্যকার যুব গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। আজকের এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় যুব পরিষদের সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক সংহতি বাবর চৌধুরী, বাংলাদেশ যুব ফেডারেশনের সভাপতি উৎসব মোসাদ্দেক, ভাসানী যুব পরিষদ সভাপতি হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন সভাপতি মাশকুর রাতুল, নাগরিক যুব ঐক্যর সাধারণ সম্পাদক এডভোকেট মো: জহির হোসেন, জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম শফিক, বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম, বাংলাদেশ যুব ফেডারেশন সাধারণ সম্পাদক রায়হান তাহরাত, ভাসানী যুব পরিষদ সাধারণ সম্পাদক আবদুল আজিজ, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।