পূর্বের আকাঙ্খিত বৈদ্যুতিক তার এখন যেন এক মরণ ফাঁদ

২৪ অক্টোবর, ২০২৩ | ১:৩৫ অপরাহ্ণ
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার, আশুলিয়া , দৈনিক বাংলাখবর প্রতিদিন

আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য আউকপাড়া প্রায় ৪০/৫০টি ঘরের বসতবাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক খুঁটি তার সহ দীর্ঘদিন ধরে এলোমেলো অবস্থায় অযত্নে পড়ে আছে। এলাকাবাসীর পক্ষ হইতে আশুলিয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে লিখিত আকারে একাধিকবার জানানোর পরও কোন পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় মাঝে মাঝে বৈদ্যুতিক তার ছিড়ে দুর্ঘটনার কবলে পড়ছে গ্রামবাসীর অনেক পরিবার। ভুক্তভোগী অনেক পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের কষ্টের কথা অকপটে স্বীকার করেন এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তাদের মতে ২০-৩০ বছর পূর্বে যখন এখানে আবাদি জমি চাষ হতো তখন বৈদ্যুতিক খুঁটিগুলি এলোমেলো অবস্থায় বসানো হয়েছে কিন্তু এখন ঘনবসতি হওয়ার পরও এই লাইনগুলো রাস্তা দিয়ে হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে এই এলাকার ৪০-৫০টি ঘরের মানুষগুলো রাত্রিতে নিশ্চিন্তে ঘুমাতেও পারেন না, কারণ কখন যেন দুর্ঘটনা হয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। বিগত দিনে বিভিন্ন সময় ঘরের উপরের তার ছিড়ে অনেক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে বলে স্বীকার করেন। এই অবস্থায় এলাকাবাসীর পক্ষ হইতে জোর দাবি তাদের এই বৈদ্যুতিক খুঁটিগুলি সামনের রাস্তা দিয়ে বসিয়ে তাদেরকে যেন এই আতঙ্ক হইতে রক্ষা করা হয়।