ইসলামপুরে দুর্ধর্ষ আন্তঃ ডাকাত সর্দার সাত্তার আটক
রিপোর্ট: মোঃ এমদাদুল হক জামালপুরের ইসলামপুর উপজেলাধীন কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত মহির উদ্দিন মইনের ছেলে আন্তঃ ডাকাত দলের সর্দার দুর্ধর্ষ আব্দুস সাত্তারকে (৬২) আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান। যমুনা নদী ও নদীর তীরবর্তী এলাকার মানুষের ত্রাস ও মূর্তমান আতঙ্কের নাম ডাকাত কুখ্যাত আব্দুস সাত্তার। জানা যায়, ২৭ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলা) সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল অভিজিত দাস এর নেতৃত্বে অফিসার ইনাচার্জ সুমন তালুকদার, এসআই (নিঃ) আক্রাম এবং এসআই (নিঃ) আজিজসহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় ইসলামপুর থানা পুলিশের একটি চৌকস দল ছদ্মবেশে তাকে আটক করেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার আব্দুস সাত্তারের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, গরু চুরি ও ডাকাতি মামলাসহ আরো ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার যমুনা নদী ও নদীর তীরবর্তী এলাকায় ত্রাস ও আতঙ্কের নাম। সে ভাড়াটে খুনি হিসেবেও কাজ করতেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে ।