বিএনপির অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ

অবরোধ সমর্থনে শেরেবাংলা নগরে ছাত্রদল নেতা আকরামের নেতৃত্বে মিছিল

২ নভেম্বর, ২০২৩ | ৬:০০ অপরাহ্ণ
মহানগর প্রতিনিধি, ঢাকা , দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশব্যাপী পালিত হচ্ছে বিএনপি ঘোষিত সর্বাত্নক অবরোধ কর্মসূচি। বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে আজ আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে রেডিও কলোনী পর্যন্ত অবরোধের সমর্থনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উক্ত বিক্ষোভ মিছিলে আকরামের নেতৃত্বে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা মোঃ সাগর, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ সুমন, মিরপুর থানা ছাত্রদলের শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মিছিল শেষে ছাত্রদলের নেতারা রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে তাদের সাথে অনেকেই যোগ দেয়। এসময় রাস্তা আটকে তারা যান চলাচল বন্ধ করে দেয়। অবরোধ প্রসঙ্গে ছাত্রদল নেতারা বলেন- 'দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী ও তাদের সন্ত্রাসী গুন্ডা বাহিনী ছাত্রলীগ মিলে হামলা করে। এছাড়াও সারাদেশে বিএনপি ও আমাদের অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রারি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।' তারা আরো বলেন, 'শুধু বিএনপিই নয়। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে। বিএনপির পক্ষ থেকে দেশ রক্ষার আন্দোলনে যতগুলো কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আমাদের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করে যাব।'