রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

২ ডিসেম্বর, ২০২৩ | ১১:৩৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ও শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে লিখন করেছে শাখা ছাত্রদল। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচির সমর্থনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে, মেইন গেইটের পাশে, বাইরের দেওয়ালে, কয়েকটি একাডেমিক ভবনের দেয়ালে লিখন করেছে তারা। এসব দেয়ালে লেখা ছিলো 'আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন পরিবহণ চলবে না। আপনি ক্রেতা না হলে দোকান পাট খুলবে না। আওয়াজ তুলুন, এবার আর ছাড় নাই ভোটের অধিকার ফেরত চাই।' এ সময় দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শাখা ছাত্রদল নেতা জুবায়ের, তন্ময় ও জিসান। তারা জানান, বিএনপির ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচির সমর্থনে তারা এই দেয়াল লিখন করেছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহাম্মেদ রাহীর সৌজন্যে এ কর্মসূচি পালন করেছেন তারা। দেয়াল লিখন সম্পর্কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহাম্মেদ রাহী বলেন, 'বাংলাদেশের তরুণ ভোটারসহ কেউ বিগত ১৭ বছর ধরে ভোট দিতে পারে না। দেশনায়ক তারেক রহমানের দিকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে রয়েছে। তার আহ্বানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীতে দেওয়াল লিখনের ব্যবস্থা করেছি। যাতে সাধারণ জনগণের সুষ্ঠ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে।'