মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ

৫ ডিসেম্বর, ২০২৩ | ১:৪১ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগর দীঘি এলাকার ঘটনা, মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পথে অটোভ্যানের ধাক্কায় লাশ হলেন দুই বন্ধু। টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে আদনান সোহাগ (১৮) ও মিন্টু মিয়ার ছেলে মো. সবুজ (২০)। আদনান সোহাগ সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালের দিকে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে যাচ্ছিল। পথিমধ্যে কামালপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সাথে ধাক্কা লেগে দুজনেই সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ঘটনাস্থলে ও আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।