নিজে নবম শ্রেণি পাস: শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক হিসেবে বছরে আয় করেন ৭ লাখ টাকা
অঢেল সম্পদ মমতাজের-হলফনামায় কম; ভারতের আদালতে ২ মামলা
কার ভাগ্যের চাকা কখন কিভাবে খুলে যায়, কেউ বলতে পারে না। তবে একবার ভাগ্য খুলে গেলে চাকা শুধু সামনেই এগোতে থাকে। বিশেষ করে রাজনীতির ভাগ্যের চাকা যদি কারো একবার ঘুরে যায়, তাহলে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় না। ভাগ্যক্রমে কণ্ঠশিল্পী মমতাজেরও সেই ভাগ্যের চাকা ঘুরে যায়। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। পরের দুটি জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যান তিনি। এবার আবারও নৌকার টিকেটে ভোটে মাঠে থাকছেন তিনি। এবারের নির্বাচনী হলফনামা অনুযায়ী, বাড়ি বা অ্যাপার্টমেন্ট অথবা অন্যান্য ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত, কৃষি ও অন্যান্য খাত থেকে মমতাজের বার্ষিক আয় এখন ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা। যা ২০১৮ সালে ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। এমনকি তিনি কোটি টাকার গাড়িতে চড়লেও হলফনামায় সার্বিক সম্পদ দেখিয়েছেন কম। নবম শ্রেণি পাস মমতাজ বেগম “শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক” হিসেবে কাজ করে বছরে ৭ লাখ টাকা আয় করেন। তার সর্বোচ্চ আয়- সংসদ সদস্য ভাতা ও আনুষঙ্গিক পারিতোষিক ২৩ লাখ ১৮ হাজার টাকা এবং দ্বিতীয় সর্বোচ্চ আয় বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে ১০ লাখ ৮২ হাজার ৯৯৭ টাকা। এছাড়াও হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নগদ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের শেয়ার, স্বর্ণ, যানবাহন, আসবাবপত্র অন্যান্য বাবদ তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য ছয় কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ৭১৮ টাকা। যা ২০১৮ সালে ছিল ছয় কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ৪৪৭ টাকা। গত ৫ বছরে তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য বেড়েছে ১৫ লাখ ৯২ হাজার ২৭১ টাকা। গত পাঁচ বছরে মমতাজের এক কোটি ২৫ লাখ তিন হাজার ৪৬৪ টাকার স্থাবর সম্পদ কমেছে। ২০১৮ সালে স্থাবর সম্পদের পরিমাণ ছিল ১২ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৯০৮ টাকার যা এখন হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৪৪৪ টাকা। ২০১৮ সালে মোট তিন কোটি ৩৪ লাখ ১১ হাজার ৪৬৪ টাকার দায় ছিল মমতাজের। এই দায় এবার কমে হয়েছে দুই কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকা। ২০১৮ সালের হলফনামায় কোনো মামলার কথা উল্লেখ না থাকলেও এবারের হলফনামায় মমতাজ দুটি মামলার কথা উল্লেখ করেছেন। একটি ভারতের কলকাতা হাইকোর্টে, অন্যটি ভারতের বহরমপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে। উল্লেখ্য, মুর্শিদাবাদে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য একটি আয়োজক সংস্থার প্রধান শক্তিশঙ্কর বাগচীর সঙ্গে মমতাজের একটি লিখিত চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, শক্তিশঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ নিয়মিত অংশ নিতেন। ২০০৮ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার। এ জন্য তিনি অগ্রীম ১৪ লাখ টাকাও নেনে ওই আয়োজক সংস্থার কাছ থেকে। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি ভঙ্গ করে অনুষ্ঠানে উপস্থিত হননি মমতাজ। এর পরেই শক্তিশঙ্কর চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত মমতাজকে ডেকে পাঠান। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করায় মামলা হাই কোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু এতেও রেহাই পাননি এই সংসদ সদস্য ও সংগীত শিল্পী। এর আগেও তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে মমতাজের বিরুদ্ধে। সেই মামলা এখনও তামিলনাড়ুর আদালতে বিচারাধীন। (মামলার তথ্য সূত্র: আনন্দ বাজার পত্রিকা)