সারাদেশব্যাপী বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক

ছাত্রদল নেতা সাজ্জাদের নেতৃত্বে রাজধানীতে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ

২৩ ডিসেম্বর, ২০২৩ | ৫:৪১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সারাদেশের মতো রাজধানী ঢাকায় নির্বাচন বিরোধী প্রচারণায় বিশেষভাবে কাজ করে যাচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন চৌধুরী ও এনামুল হক শান্ত। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসাইন চৌধুরীর নেতৃত্বে আজ শনিবার (২৩ ডিসেম্বর) লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ। এই সময় ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন চৌধুরী বলেন, 'এই সরকার জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। তারা মুখে বলে এক, আর করে আরেক। এই সরকারকে মানুষ আর বিশ্বাস করে না। আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেফতার করিয়ে জনগনকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন তারা। কিন্তু এভাবে চিরদিন ক্ষমতায় থাকা যায়না।' এসময়ে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের সহ-সভাপতি তানজিল আহমেদ খান রাসেল, যুগ্ম সম্পাদক মিলন হোসেন, আক্তারুজ্জামান ইলিয়াস হল শাখা সভাপতি এনামুল হক শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাসেল, সাউথ হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য ফাহিম মুন্তাছির সহ ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং ভোটকেন্দ্রে না যেতে জনসাধারণকে সর্বাত্নক আহবান জানান তারা।