চাঁদপুর মতলবে নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির মশাল মিছিল

৬ জানুয়ারি, ২০২৪ | ৬:২৬ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি, চাঁদপুর , দৈনিক বাংলাখবর প্রতিদিন

জানুয়ারির ৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচন প্রত্যাক্ষাণ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। সারাদেশব্যপী তারা ডামী নির্বাচন বর্জন ও ভোটকেন্দ্রে না যেতে জনসাধারণের মাঝে লিফলেটও বিতরণ করেছে। এমনকি ৬ জানুয়ারি থেকে টানা ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে মশাল মিছিল করেছে চাঁদপুর মতলব বিএনপি। বিএনপি বলছে- 'আগামী ৭ই জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে আমরা সারাদেশে জনসচেতনতা বৃদ্ধি ও মশাল মিছিল করছি।' তারই ধারাবাহিকতায় ৫ই জানুয়ারি শুক্রবার চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকার নায়েরগাঁও বাজারে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক- তানভীর হুদার নেতৃত্বে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া শত শত নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। উক্ত মশাল মিছিলটি নগরীর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করে। সে-সময় ৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না বলে স্লোগান দিতে থাকে বিএনপির নেতাকর্মীরা।