হোমনায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার ৪
কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতি কালে ৪ জনকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সন্ধায় ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর বড় বিলের পাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রহমত উল্লাহ(২১), একই গ্রামের আনিছুর রহমানের ছেলে মোঃ রায়হান প্রকাশ বরকত উল্লাহ (২০) ও মমিন মিয়ার ছেলে মোঃ সেলিম (২০) এবং খোদেদাউদপুর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো. সেকুল ইসলাম (২০)। থানা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধায় হোমনা-দুলালপুর সড়কের দড়িচর বড় বিল এলাকায় অটোরিক্সা থামিয়ে ডাকাতির চেষ্টা করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীনের নির্দেশনায় থানার এসআই মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি টহল টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ৪ জনকে গ্রেফতার করে। এ সময় ৮/৯ জন ডাকাত দলের সদস্য সুকৌশলে পালিয়ে যায়। আটককৃতদের দেহ তল্লাশি করে ৪টি টিপ ছোরা, ১টি টিজার, ১টি স্টিলের পাইপ ও ২টি প্লাস্টিকের টর্চ লাইট উদ্ধার করা হয়। হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় হোমনা থানায় মামলা হয়েছে। মামলা নং-১১ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) তারিখ- ২৫/১/২০২৪ ইং শুক্রবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।