প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের মুক্তি চাই
লেখক: ইলিয়াস কাশেম (সাংবাদিক ও কলামিস্ট) হৃদয় পরিশুদ্ধ ও পরিস্কার না করে কাউকে ভালবাসতে নেই,তবে সে ভালবাসা নিখুঁত হবেনা বরং দেনাপাওনার লোভে পবিত্রতা হারাবে এটাই সবচেয়ে বড় সত্য। আজকাল আমাদের সমাজে কি নারী পুরুষ আর কি পিতামাতার প্রতি সন্তানের,কি রাজনৈতিক ও আদর্শিক নেতৃত্বের প্রতি কর্মী সমর্থকদের,প্রায় সব জায়গায় একই অবস্থা।ভালবাসা যেন আজকাল দেনাপাওনার সবচেয়ে বড় মাধ্যম! আমি সত্য কোন কিছু লিখতে গেলেই জানি আমাদের সমাজ আর রাজনৈতিক অঙ্গন কোথাও খুব একটা পাত্তা পাবোনা,কারণ সব জায়গায়ই এখন কারও প্রতি কারও নীতির প্রশ্নে আনুগত্য কিংবা ভালবাসা দেখাতে গেলেই সবাই ভেবে নেন কিছু পাবার লোভেই বুজি আমার সেই আনুগত্য কিংবা ভালবাসা! আর এমনটি মনে করেই হয়তোবা আমাদের সখীপুরের এক গর্বিত রাজনৈতিক প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান সম্পর্কে তিনি বেঁচে থাকাকালীন অবস্থায় কিছু লিখতে পারিনি।কিন্তু তিনার মৃত্যুর বেশ কয়েক বছর পর থেকে বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক অঙ্গনের অনেকগুলো অসাঞ্জস্যতা ও অসঙ্গতি সূর্যের আলোর মতোই ফুটে উঠে,আর ঠিক তখন থেকেই প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মহোদয়ের নীতি আদর্শ,তিনার মানবিক গুণাবলি,রাজনৈতিক গুণাবলিসহ অসংখ্য গুণাবলির অনুপস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাবিত ও উৎসাহিত হই এ-সব লেখালেখির জন্য। তো যাইহোক আমার আজকের লেখার শিরোনাম "প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের মুক্তি চাই" যখন লিখছি,ঠিক তখন মরহুমের সুযোগ্য একমাত্র পুত্র অনুপম শাজাহান জয় আমাদের এলাকার সদ্য নির্বাচিত জনপ্রিয় এমপি।তিনি বহু রাজনৈতিক ঘাত-প্রতিঘাত,বহু ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে আজকের এ বিজয়টিকে মহা বিজয়ে রূপান্তর করতে সক্ষম হয়েছেন,যা আর বিস্তারিত উল্লেখ না করলেও চলবে,কারণ এ বিষয়গুলো কমবেশি আমাদের সবারই জানা।আজ এমন সুদিনে কেন এবং কি উদ্দেশ্য নিয়ে আমি সেই মহানুভব সাদা মনের মানুষটির মৃত্যুর ১০ বছর পরে এসে মুক্তি কামনা করছি,আসুন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে লেখাটি পাঠ করি,তবে অবশ্যই আমার এ দাবির যুক্তি আপনি নিজেও হয়তোবা সমর্থন যোগাতে বাধ্য হবেন। ফুল আমারও খুবই প্রিয়,ফুলকে ভালবাসেননা,এমন মানুষ পৃথিবীতে খুবই কম।ফুল আমাদের ভালবাসার প্রতীক।কিন্তু কিছুতেই ভালবাসার প্রতিদান নয়,আর নয় স্থায়িত্ব রক্ষার কবজও।ভালবাসার সবচেয়ে বড় প্রতীক হৃদয়ের শুদ্ধতা নিয়ে কারও প্রতি নিঃস্বার্থ আনুগত্য ও সমর্থন।আর এর স্থায়ীত্ব হল অসীম ধৈর্য ও না পাওয়ার বেদনাকে কখনও মনে স্থান না দেয়া।এককথায় ভালবাসার একমাত্র প্রতিদান নিঃস্বার্থ ভালবাসাই। এখানে মনের ভুলেও নিজেকে কোন কিছুর লোভের নিকট আত্নসমর্পণের সুযোগ দেয়া চলবেনা।আর এটাই হলো প্রকৃত ভালবাসা। সেই ভালবাসা আজকাল সমাজের কোথাও খুঁজে পাওয়া যাবেনা,আর তাই আমি নিজেকে একেবারে নির্লোভ দাবি করছিনা।আমি প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মহোদয়কে এবং তার রেখে যাওয়া তারই একমাত্র পুত্র অনুপম শাজাহান জয়কে নিখুঁত মন থেকেই ভালবাসি।এতে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, যেটুকু চাওয়া পাওয়ার আছে সে একান্তই আমার ব্যক্তিগত নয়,সামষ্টিক। সাধারণ জনগণের কল্যাণে আমার চাওয়া অনেক বড়,যদিও বর্তমান সরকারের নিকট তা খুবই তুচ্ছ। আলোচ্য বিষয়ের শুরুতেই আমি কিছু অসঙ্গতি তুলে ধরবো,তারপরই আমার আজকের লেখার মাধ্যমে সখীপুর -বাসাইলের সাধারণ জনগণের পক্ষে কিছু চাওয়া এবং পাওয়ার জন্য প্রস্তাব পেশ করবো।আলোচনার শুরুতেই আমি ফুলের প্রসঙ্গটি শেষ করে নিচ্ছি,ফুল দেয়া নেয়া আজকাল আমাদের রাজনীতিতে একটি অত্যাধুনিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, আর সেই সঙ্গে ফটোসেশান একটি জোরে সোরে প্রকাশ ও প্রচার মাধ্যম। রাজনৈতিকদের অতীত জীবনের ঘাত-প্রতিঘাত,চরম দুঃসময় পাড়ি দিয়ে যখনই কোন সফলতার মুখ দেখা দেয়,ঠিক তখনই অল্প পুঁজির এই ভালবাসা ও সম্মানের নামে কিছু সুবিধাবাদী,সুযোগ সন্ধানী কিংবা সুবিধাভোগী সম্প্রদায়ের দাপট সহসাই বেড়ে যায়। এদের উৎপাতে অতিষ্ট হয়ে অনেক সময় দুর্দিন দুঃসময়ের পাশে থাকা প্রকৃত ভালবাসার মানুষগুলো অভিমানে দুরে সরে যেতে বাধ্য হন।এ বিষয়টি আমাদের নেতৃত্বকে অবশ্যই স্বরণে রেখে চলতে হবে। যাইহোক,এবার ফিরে আসি আমার আজকের শিরোনামের মূল আলোচনায়। প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান ছিলেন, একজন স্বাধীনচেতা ও প্রকৃত দেশপ্রেমিক মানুষ,তিনি একাধারে তার রাজনৈতিক দলের বাইরেও ছিলেন একজন সখীপুরের লাল মাটির কৃতিসন্তান।সেই সুবাদে কৃষিবিদ শওকত মোমেন শাজাহান যদিও একজন পরিবারের সদস্য, একজন পিতামাতার সন্তান,তার নিজের স্ত্রী পুত্র,বাবা-মা, ভাই-বোন কিংবা নিকট আত্নীয় স্বজন বন্ধু বান্ধবের বাইরেও তিনি ছিলেন একাধিক বার অত্র এলাকার সাধারণ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি।আর একজন জনপ্রতিনিধি অর্থই হলো নির্দিষ্ট সীমানার অর্থাৎ নির্বাচনী এলাকার দল-মত,জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনমানসের প্রতিনিধি। শাব্দিক অর্থের চেয়ে বাস্তবিক অর্থেও তিনি প্রায় শতভাগই সেই মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে গেছেন বলেই আমি মনে করি ও বিশ্বাস করি।আর সে কারণেই তিনি এখন আর শুধুই তার আদর্শিক রাজনৈতিক দল, তার জন্মগত পরিবার পরিজন কিংবা নিকট আত্নীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট সীমাবদ্ধতায় আটকে নেই, থাকতে পারেননা।এ-সব চিরচেনা গন্ডি পেরিয়ে তিনি এখন সামষ্টিক এবং সার্বজনীন।তাই সেই মহামতি মানুষটির নাম,তার স্মৃতি কিংবা তার রেখে যাওয়া মানব প্রেম নির্দ্দিষ্ট কোন সীমানায় আবদ্ধ করে রাখাকেই এ অর্থে বন্দীত্ব বুঝানো হয়েছে। আমি সেই নির্দ্দিষ্ট গন্ডির ভিতর থেকে প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের মুক্তি চাই।তাকে উন্মুক্ত করতে চাই দল-মত, ধর্ম-বর্ণের গন্ডি পেরিয়ে,আমি তাকে উন্মুক্ত দেখতে চাই, তার জন্মগত পরিবার পরিজন কিংবা নিকট আত্নীয় স্বজন বন্ধু বান্ধবের গন্ডি পেরিয়ে, আমি তাকে মুক্ত আকাশের নিচে বাসাইল সখীপুরের সকল সাধারণ মানুষের জন্য সার্বজনীন স্বীকৃতি চাই,তাকে এ-সব সংকীর্ণ গণ্ডি হতে মুক্ত করতে চাই।যে মানুষটি তারুণ্যে মহান মুক্তিযুদ্ধে সশরীরে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তির জন্য। মহান মুক্তিযুদ্ধে সশরীরে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তির একজন গর্বিত অংশীদার,যে মানুষটির যৌবনে নিজের স্ত্রী সন্তানদের, নিজের বাবা-মা, ভাই বোনদের নিয়ে গঠিত সংসার জীবনের সুখ শান্তিকে, নিঃস্বার্থভাবে দেশের সাধারণ মানুষকে ভাগ করে দিয়ে গেছেন আজীবন,যে মানুষটি নিজের বলতে কিছু বুঝতেন না সাধারণ মানুষ বিনে।সেই মানুষটি শেষ জীবনে মানুষের অকৃত্রিম ভালবাসা নিয়ে বিশাল ক্ষমতা পাওয়া সত্বেও নিজের সন্তানের জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে কোটি কোটি টাকার পাহাড় গড়ে যাননি,সখীপুর বাসাইলের সাধারণ জনগণের মুখের গ্রাস কেড়ে নিয়ে,সেই মানুষটি সারাজীবন শুধু সাধারণ জনগণের জন্য উজার করে দিয়েই গেলেন,নিজের একমাত্র পুত্র অনুপম শাজাহান জয়ের জন্যেও শুধু সখীপুর বাসাইলের সাধারণ জনগণের ভালবাসা ছাড়া আর তেমন কিছুই রেখে যাননি,সেই মহানুভব মহান মানুষটির মৃত্যুর পর আজ দশটি বছর অতিবাহিত হলো,তার মৃত্যুর পর তারই একমাত্র পুত্র অনুপম শাজাহান জয় দীর্ঘ চার বছর এমপি ছিলেন,তারপর মাঝে পাঁচটি বছর বাদ দিলাম,আজ আবার তারই একমাত্র পুত্র অনুপম শাজাহান জয় এমপি,সেও ক্ষমতাশীন দলের এমপি। আজও কেন এই সখীপুর বাসাইলের কোন একটি জায়গায় সেই মহৎপ্রাণ বর্ষীয়ান রাজনীতিবিদ কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের নামের উপর একটি প্রতিষ্ঠান করা গেলোনা! আজ আমি শুধু প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের মুক্তি নয়,আজ আমি "প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মানবিক ফাউন্ডেশন" নামের একটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের আহবান করছি।আমার এই প্রস্তাবিত মানবিক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য, কর্মপরিধি নিয়ে আমি পরবর্তীতে একটি বিস্তারিত নিবন্ধন প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে চাই।পাশাপাশি এই মহান মানুষটির নামে,ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মহামতি মানুষটির নাম চিরস্মরণীয় করে রাখতে আমি এই সখীপুরে "প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান" নামক একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য মাননীয় সংসদ সদস্য অনুপম শাজাহান জয়ের মাধ্যমে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাই।আশা করছি আমার এই প্রস্তাবনার সাথে আমাদের প্রিয় সখীপুর এবং বাসাইলবাসী একাত্মতা ঘোষণা করবেন। আপনারা এতদিন মরহুম শওকত মোমেন শাজাহানের সংস্পর্শে থেকেছেন,তার জীবদ্দশায় অনেকেই বাড়ি থেকে তার আহবানে সাড়া দিয়ে তারই হাতধরে রাজপথের রাজনীতির সামিল হয়েছেন, তার কৃপায় নেতৃত্ব পেয়েছেন, নেতা হয়েছেন,অনেকেই জনপ্রতিনিধি পর্যন্ত হবার সৌভাগ্য অর্জন করেছেন।শওকত মোমেন শাজাহান দুই হাত উজার করে শুধু আপনাদের দিয়েই গেছেন,তার মৃত্যুর দশ বছর অতিবাহিত হবার পরও আপনাদের ঘুম ভাঙ্গেনি,আপনাদের বিবেগ বিচার এতটুকুও জাগ্রত হয়নি!আজও সেই মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের রেখে যাওয়া জনগণের ভালবাসায় আপনারা সিক্ত,মুখে মুখেই শুধু শওকত মোমেন শাজাহানের প্রতি শ্রদ্ধা ভালবাসায় আপনাদের ভালবাসা ও সম্মান উতরে যায়! প্রতি জানুয়ারির ২০ তারিখে মরহুমের কবরে ফুল দিয়ে ফটোসেশানেই আপনাদের ভালবাসা থেমে যায়!আজ তার মৃত্যুর দশ দশটি বছর পর আমার মতো একজন নগন্য মানুষ, সেও আবার বিএনপি পরিবারের একজন সদস্য হয়েই আজ এই মৌলিক প্রস্তাবগুলো প্রকাশে আনতে হলো।সে যাক,যার ভয় নেই, সে নির্ভয় ও নির্ভীক,যার লোভ নেই, তার হাতে লোক দেখানো ফুলের মালা নেই, কিন্তু হৃদয়ের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা আছে অবিরাম। এটা আপনারা যে,যে চোখেই দেখুন,এতে আমার কিছু যাবে আসবে না।কিন্তু যারাই মরহুম কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মহোদয়কে এতটুকু ভালবাসেন,সম্মান করেন,শ্রদ্ধা করেন।যারাই তার জীবদ্দশায় কিছু না কিছু পেয়েছেন,সে নেতৃত্ব হোক কিংবা ভালবাসাই হোক।তাদের সকলের প্রতি আমার এ বিনীত নিবেদন, দয়া করে আমার এই প্রস্তাবটি বিবেচনা করে একে এগিয়ে নিতে সহযোগিতা করুন।যদি মনে করুন,আমার এ চাওয়া বেশি বড় হয়ে গেছে!এটা বাস্তবায়ন সম্ভব নয়! তবে আপাতত আরেকটি বিকল্প প্রস্তাব আমি করে রাখছি।একটি বেসরকারি "প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মানবিক হাসপাতাল" নামক একটি হাসপাতাল আপাতত করুন।যেটা স্থানীয় সংসদ সদস্য নিজে উদ্যোগ নিলেই আর পাশাপাশি স্থানীয়রা সহযোগিতার হাত বাড়ালেই অল্প সময়েই বাস্তবায়ন সম্ভব।হাসপাতালটির মূল উদ্দেশ্য হবে সম্পূর্ণ অলাভজনক একটি মানবিক সেবা কেন্দ্র। যাতে আমাদের সখীপুর বাসাইল এলাকার দরিদ্র অথবা দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী প্রতিটি পরিবারের সদস্যগন সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক সকল সুবিধাসহ সেবা পাবেন।প্রয়োজনে ঔষধ পত্র এবং কি রোগ নির্ণয়ের সকল আধুনিক পরীক্ষা নীরিক্ষা পর্যন্ত সম্পূর্ণ হাসপাতাল কতৃপক্ষ বহন করবেন। এ ক্ষেত্রে দল-মত নির্বিশেষে অত্যান্ত নিখুঁত,স্বচ্ছ এবং স্বতন্ত্র তথ্য মোতাবেক ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক দরিদ্র ও দরিদ্র সীমার নিচে অবস্থানকারী,যাদের নুন্যতম চিকিৎসা অর্থের বিনিময়ে গ্রহণ সম্ভব নয়,অথচ নিজের চরম স্বাস্থ্য ঝুঁকি মেনেই কোনো রকমে জীবন জীবিকা নির্বাহ করে যাচ্ছেন অতিকষ্টে,সেই সব পরিবারের সদস্য বেছে বেছে প্রস্তাবিত "প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মানবিক হাসপাতালের সদস্য করে তাদের সদস্য কার্ডের আওতায় এনে চিকিৎসা সেবা নিশ্চিত করণ। এ বিষয়ে যদি বাস্তবায়নে আগ্রহী হোন,আপনাদের সার্বিক সহযোগিতা করবার ইচ্ছা পোষণ করে সমর্থন যোগান, তবে পরবর্তীতে এই মানবিক হাসপাতালটির পূর্ণাঙ্গ নীতিমালা প্রনয়নের বিস্তারিত প্রস্তাব আমি আপনাদের সেবায় প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করছি। সেই সাথে আমার করা আরেকটি প্রস্তাব "প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মানবিক ফাউন্ডেশন " নামক প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য সংবলিত পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করতেও আগ্রহ প্রকাশ করছি। এরপর আগামী বছর ২০ জানুয়ারি এই মহৎপ্রাণ মানুষটির মৃত্যুর ১১ তম মৃত্যু বার্ষিকী বাসাইল এবং সখীপুর উভয় উপজেলাতেই "প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক হারে দল-মত নির্বিশেষে সার্বজনীন ভাবে পালন করবার মহা যাত্রা শুরু করতে আগ্রহ প্রকাশ করছি। পরিশেষে আমার এ চাওয়া গুলোর পিছনে কোন রাজনৈতিক ইচ্ছে নেই,এ ইচ্ছেগুলো একান্তই প্রয়াত কৃষিবিদ শওকত মোমেনকে স্মরণ করে। একান্তই প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এমপি মহোদয়ের জীবদ্দশায় তিনার গুণাবলির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা নিবেদন করেই করছি,এই সত্য প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি দিয়েই আজকের লেখাটির সমাপ্তি টানছি। আশা করছি, আমাদের নব নির্বাচিত সংসদ সদস্য অনুপম শাজাহান জয়,সখীপুর বাসাইলের সকল রাজনৈতিক দল ও সকল সাধারণ মানুষ আমার এই প্রস্তাবগুলো বিশেষ বিবেচনায় নিয়ে সমর্থন যোগাবেন এবং সহযোগিতার নিপুণ হাত বাড়িয়ে দিবেন। আপনাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।