হরিণাকুণ্ডুতে আবেদন করেও ছুটি মেলেনি ক্যান্সার আক্রান্ত স্বাস্থ্য কর্মীর

২ ফেব্রুয়ারি, ২০২৪ | ২:৪৮ অপরাহ্ণ
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের ২/ক ইউনিটের পরিবার কল্যাণ সহকারী মোছাঃ জেসমিন আরা খাতুনের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। বাঁচতে হলে দ্রুত চিকিৎসা প্রয়োজন। নৈমিত্তিক ছুটি পেতে গত ডিসেম্বর মাসের ২৪ তারিখ উপজেলা ভারপ্রাপ্ত পরিকল্পনা কর্মকর্তা বরাবর আবেদন করেও পাননি কোন সহানুভূতি। কর্মস্থলে তার অর্জিত ছুটি ৮ মাস ২৭ দিন। ১০ বছরের চাকরি জীবনে তিনি ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি ও ৪৫ দিনের শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করেছেন। জেসমিন আরা খাতুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, তিনি কর্মকর্তাদের চাহিদা মতো টাকা দিতে না পারায় তাকে ছুটি দেওয়া হয়নি। ঝিনাইদহ জেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ে বদলি, ছুটিতে টাকা লেদদেনের রেওয়াজ পুরোনো। জেলায় ওপেন সিক্রেট। দুর্নীতি ও অনৈতিক লেনদেনে জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে দপ্তরটি। এর আগে পদমর্যাদার উপযোগী না হয়েও ১১ বছর উপপরিচালকের পদ ভোগ করেছেন ডাঃ জাহিদ হাসান। তার সময়েই ৮৪ জন জনবল নিয়োগে দুর্নীতির সংবাদ দৈনিক বীর জনতায় প্রকাশ হলে নিয়োগ পরীক্ষা বাতিল করেন জেলা প্রশাসক। পরে আবার নিয়োগ প্রক্রিয়া করেও সেটাও প্রশ্নবিদ্ধ হয়। জানাগেছে, জেলা পরিবার পরিকল্পনা খাতে বিভিন্ন অনিয়মে ২০২৩ সালেই ডজন খানিক তদন্ত কমিটি গঠিত হয়। এই দপ্তরের এক কর্মকর্তা অন্য কর্মকর্তার নামে কাঁদাছুড়িও কম হয়নি। জেসমিন আরা খাতুনের ছুটি পাওয়ার ঘটনা তদন্তে যেয়ে জানাগেছে, ছুটি পেতে হলে টাকা দিতে হয় কর্মকর্তাদের। জেসমিন আরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, তার কাছেও ছুটির জন্য ২০ হাজার টাকা চাওয়া হয়। তিনি ৩টি সম্ভাব্য তারিখে ছুটি চান। তার প্রায় ৯ মাসের অর্জিত ছুটি থাকা সত্ত্বেও তার ছুটি মেলেনি তিনি কোন টাকা দেননি বলে। তিনি জানান, ঢাকার চিকিৎসকরা তাকে দ্রুত ভারতে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু ছুটি না পাওয়ায় তিনি যেতে পারছেন না। এরমধ্যে তিনি অসুস্থ্য থাকায় তার অন্য সহকর্মীকে তার কর্ম এলাকার জন্য প্রাপ্য ওষুধ নিয়ে আসতে বলেন, কিন্তু উপজেলা কর্মকর্তা কোন ওষুধ দেননি। জানাগেছে, নির্বাচনের সময় নির্বাচনী ডিউটি বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে তিনি ভারতে যান চিকিৎসা করতে। যেই কারণে তার ওপরে চটেছেন উপজেলা কর্মকর্তা। এটাকে অবৈধ বলছেন কর্মকর্তারা কিন্তু খোঁজ নিয়ে জানাগেছে, বিভাগীয় অনপত্তি ছাড়াই রঘুনাথপুর ইউনিয়নের এফডব্লিউএফ জাহেদা, হরিণাকুণ্ডু পৌরসভার এফডব্লিউএফ ভক্তিলতা, কাপাশহাটিয়ার এফডব্লিউএফ ফাতেমা, ফলসির এফপিআই পার্বতীমালা ও ডিসেম্বরে অবসরপ্রাপ্ত শিরিন বিভাগীয় অনাপত্তি পত্র ছাড়াই নৈমিত্তিক ছুটিতেই ভারত ঘুরে এসেছেন। কিন্তু জেসমিন আরা খাতুন ক্যান্সার আক্রান্ত হয়েও কেন ছুটি পাচ্ছেন না এমন প্রশ্ন উঠেছে। অনাপত্তি ছাড়া ভারত যেতে হলে কর্মকর্তাদের টাকা দিতে হয়। এবিষয়ে গতকাল সোমবার জেলা কার্যালয়ে অভিযোগ দাখিল করেছেন জেসমিন আরা খাতুন। অনৈতিক লেনদেন ও ছুটি না দেওয়ার প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছরিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, অসম্ভব আমি তার কাছে কোন টাকায় চায়নি। টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন। সে ৫ দিনের ছুটি চেয়েছে ৫দিনের ছুটি দেওয়ার এখতিয়ার আমার নেই। সে কোন ঘটনা ঘটলেই সাংবাদিকদের দিয়ে ঝামেলা করে। এবিষয়ে জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহা মোজাম্মেল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত হলে বলতে বিস্তারিত বলতে পারবো।