শান্তিপূর্ণ সরকার বিরোধী আন্দোলন বনাম সরকার নবায়নের জন্য শান্তিপূর্ণ নির্বাচন

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:০৮ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কাপড় দিয়ে শরীর ঢাকা যায়,লজ্জা ঢাকা যায়না।লেখাপড়া করে সনদপত্র সংগ্রহ করা যায়,বড় বড় ডিগ্রী অর্জন করা যায়,কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়।বিবেগে লজ্জা বোধ না থাকলে তার চৌদ্দ পর্দায়ও কোন লজ্জা বোধ সৃষ্টি করতে সক্ষম হবেনা। তেমনি প্রকৃতির দয়া না হলে তার হাজার পুস্তকেও প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হবেনা। পৃথিবীতে মানুষের মাঝে যত বড় বড় শিক্ষা অর্জনের চেষ্টা,সেসব শিক্ষা একাডেমিক সনদ ধারী কোন পন্ডিতের কাছ থেকে আসেনি,এসেছে মহান রব আল্লাহ্ প্রদত্ত অসীম জ্ঞান ভান্ডার থেকে প্রাকৃতিক ভাবেই। অতএব,প্রকৃত জ্ঞানীর পরিচয় একাডেমিক সনদপত্রের মাপকাঠিতে বিচার করাও একপ্রকার অবিচার ও মূর্খতা। পৃথিবীর প্রায় বেশিরভাগ রাষ্ট্রের খবর জেনেছি,তাদের ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও,নৈতিক ভিত্তি খুবই মজবুত।তারা বিতর্ক কুতর্কে জড়ায়না কিন্তু আদর্শিক ও নৈতিক ভিত্তির প্রতিযোগিতায় জড়ায়। বাংলাদেশের কি রাজনীতি,কি সমাজ বা ধর্মনীতি,আর কি শিক্ষানীতি, প্রায় সবজায়গায় মিথ্যা ভন্ডামি আর বক্তৃতা বাজিতে চমকপ্রদ দেখাতে পারলেও,অন্তর ভরা বিষ সেই সাথে চরম লজ্জাহীন হৃদয়ের মহা দাপুটের ভাব।জনসেবা একটি অভিজাত রাজনৈতিক ভাষা,যা সাধারণের জন্য এক অধরা স্বপ্নজাল। অর্থনৈতিক প্রতিযোগিতা সারা বিশ্বেই সমান্তরাল ভাবে চললেও,দুর্নীতির প্রতিযোগিতায় নেই পৃথিবীর বহুসংখ্যক দেশ।আর ভন্ডামি নষ্টামি তো তাদের মগজে নেই বললেই চলে,শিক্ষা-দীক্ষায়ও ওসব কল্পনাতীত। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলেই সে-সব দেশে লজ্জায় কিংবা ব্যর্থতার দায় স্বীকার করে সাথে সাথেই স্বেচ্ছায় পদত্যাগের অসংখ্য নজীর রয়েছে চলমান। আর আমাদের দেশ! ভোট নেই কেন্দ্রে,জনপ্রিয়তার শীর্ষে থাকার দায়ে বিরোধী দল-মতের সব-কয়টাকে জেল হাজতে আটকে রেখে,দাও ঘোষণা ৪০/৪২ ভাগ ভোট কাস্ট! বলছিলাম "কাপড় দিয়ে শরীর ঢাকা যায়,লজ্জা ঢাকা অসম্ভব" আমরা আসলে সব সম্ভবের দেশে জন্মেছি,এখানে নীতিকথা মানেই,সত্য বলা মানেই,কি রাষ্ট্র আর কি রাজনৈতিক অঙ্গন,প্রায় সব জায়গাতেই অপরাধ! আজকে সরকারের পক্ষে,সরকারের ক্ষমতা রক্ষার কবজ ঠিকাদার প্রশাসনের পক্ষে ঢাকঢোল গলে নিয়ে যত নাচুনি,ঠিক ততটাই দেশপ্রেমিক ও সত্যবাদী! ৭১ এর পরে জন্মেছিলাম বলেই স্বচক্ষে দেখতে পারিনি যে,কতটা যন্ত্রণা নিয়ে ত্রিশ লক্ষ তরতাজা প্রাণ তাদের বুক পেতে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই দিনটিতে আনা হয়েছিল। আজ আমাদের গায়ের চামড়া খুব মোটা ও ধৈর্য্যশীল,আমাদের নীরবতাই এখন আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি-না,সেই ভাবনা আজও দিবানিশি ভাবতে হচ্ছে। শান্তিপূর্ণ সরকার বিরোধী আন্দোলন,আবার সরকার নবায়নের জন্য শান্তিপূর্ণ নির্বাচন! যত অশান্তি সাধারণের পকেটে আর পকেটের নিচে থাকা হৃদয় মন নামক যন্ত্রে।কোথায় থেকে পাবে সে জানিনা,বাজারের ব্যাগ না হয় অর্ধেকের কমটাই ভরুক,কিন্তু পকেট যেন পূর্ণ ভরাটাই থাকে।সব শান্তি রাজনৈতিক কিংবা ক্ষমতাশীনদের মুখের ভাষায়, ক্ষেত্রবিশেষ তাদের পরিবারে কিংবা দলে। আমরা সাধারণ জনগণ,আমরা তাদের দাস,তাদের প্রজা! হুকুম মানা আমাদের দায়িত্ব বা কর্তব্য,এর বিপরীত কিছু হলেই জেল জুলুম,মিথ্যা মামলা।প্রাণ থাক আর যাক,শান্তিপূর্ণ আন্দোলন কিংবা শান্তিপূর্ণ নির্বাচন!মানলে মানো,আর না মানতে পারলে লও পুলিশের ঠেলা।