জুতা পরিধানের ইসলামিক শিষ্টাচার

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:০১ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

মোঃ নাঈম উদ্দিন সিরাজী জুতা পরিধানের ইসলামী শিষ্টাচার হাদিসে রয়েছে। যখন সে [মুসা (আ)] আগুনের কাছে এলো, তখন তাকে (কুদরতিভাবে) আহ্বান করে বলা হলো—হে মুসা, আমিই (আল্লাহ) তোমার রব। সুতরাং তোমার জুতা খুলে ফেলো। কেননা তুমি পবিত্র ভূমি তুওয়া উপত্যকায় আছ।’ (সুরা:ত্বহা,আয়াত:১১-১২)। তাফসির: আগের আয়াতে বলা হয়েছিল, মুসা (আ.) আগুনের সন্ধানে পাহাড়ে গমন করেন। একটু সামনে অগ্রসর হওয়ার পর হঠাৎ তিনি এক বৃক্ষ থেকে আওয়াজ শুনতে পান। আসলে ওই আগুন ছিল আল্লাহর তাজাল্লি। আর এই বৃক্ষ থেকে কুদরতিভাবে মহান আল্লাহ মুসা (আ.)-এর সঙ্গে কথা বলেন। মহান আল্লাহ তাঁকে প্রথমেই জুতা খুলতে বলেন। বিনয়, নম্রতা ও শিষ্টাচার প্রকাশের জন্য জুতা খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো বর্ণনামতে, মুসা (আ.)-এর জুতাজোড়া ছিল মৃত গাধার চামড়ানির্মিত। তাই জুতা খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিনয় ও নম্রতা প্রকাশে জুতা খোলার কথা হাদিসে আছে। রাসুল (সা.) এক ব্যক্তিকে কবরস্থানে জুতা পায়ে হাঁটতে দেখে বলেছিলেন, ‘তুমি তোমার জুতা খুলে নাও।’ (নাসায়ি, হাদিস : ২০৪৮)। পায়ের পোশাক মোজা ও জুতা। ইসলাম জুতা ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। জুতা পরিধানের ইসলামী শিষ্টাচার হলো: >>>এক. জুতা পরার সময় ডান পা এবং খোলার সময় বাম পাকে অগ্রাধিকার দেওয়া। রাসুল (সা.) বলেন, ‘তোমাদের যখন কেউ জুতা পরে, তখন সে যেন ডান পা থেকে শুরু করে এবং যখন খোলে, তখন সে যেন বাম পা থেকে শুরু করে। যাতে ডান পায়ের জুতা আগে পরা হয় এবং শেষে খোলা হয়।’ (বুখারি, হাদিস: ৫৮৫৬)। >>>দুই: কোনো হিংস্র জন্তু জুতা বা মোজার ভেতর লুকিয়ে থাকতে পারে—এই আশঙ্কায় তা ঝেড়ে পরা উত্তম। >>>তিন: দাঁড়িয়ে জুতা পরিধান করবে না। কেননা আল্লাহর রাসুল (সা.) দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন। (আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহ)। >>চার: এক পায়ে জুতা দিয়ে পথ চলবেন না। এতে নিরাপত্তা ও স্বাস্থ্যগত কোনো ক্ষতি থাকতে পারে। অন্যের চোখে দৃষ্টিকটু দেখাতে পারে। আর তা ছাড়া এক পায়ে জুতা দিয়ে চলে শয়তান। অতএব পথ চলতে একটি জুতা নষ্ট হয়ে গেলে, অন্য জুতা পায়ে না রেখে উভয় জুতা হাতে নিয়ে পথ চলতে হবে। (মুসলিম, হাদিস : ২০৯৮)। >>>পাঁচ: কখনো কখনো খালি পায়ে হাঁটা সুন্নত। ফাজালা (রা.) বলেন, ‘রাসুল (সা.) আমাদের কখনো কখনো খালি পায়ে চলতে আদেশ করতেন।’ (আবু দাউদ, হাদিস : ৪১৬০)। বলাই বাহুল্য, বিশেষ করে সবুজ ঘাসের ওপর চলতে আধুনিক যুগের ডাক্তাররা উপদেশ দিয়ে থাকেন।