সখীপুরে পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৮ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম- বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাসায় গোপনে মাদক ব্যবসা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সখীপুরে এক বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে স্ত্রীকে ওই বাড়িতে একা রেখেই দ্রুত দৌড়ে পালিয়ে যান মাদক কারবারি স্বামী। সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিলপাড় বাঁশবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযানে তিন বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারী শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় পলাতক মাদক ব্যবসায়ীর স্ত্রী লাম ইবনাত লিমুকে (২১) মাদকসহ গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর স্বামী মাদক ব্যবসায়ী জান্নাতুল নাঈম (২৩) পলাতক আছেন।  সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিলপাড় বাঁশবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মাদক কারবারি জান্নাতুল নাঈম দ্রুত পালিয়ে যায়। পরে ওই বাসা থেকে বেশ কিছু মাদক জব্দ করা হয়। লিমুর বরাত দিয়ে পুলিশ জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদকের কারবার পরিচালনা করে আসছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তার লিমুসহ তাঁর পলাতক স্বামী জান্নাতুল নাঈমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পলাতক নাঈমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।