ছাত্র অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৮:৪৩ অপরাহ্ণ
মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

শিক্ষা-অধিকার-প্রগতি-এর পতাকা বাহী সংগঠন, ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ ১৮ সাল পরবর্তী সময় থেকে দেশের শিক্ষার্থীদের পক্ষে সকল যৌক্তিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল বলেন,"ছাত্র রাজনীতি করা সকল ছাত্রনেতার প্রধান কাজ বেশি বেশি বই পড়া, বই পাড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ সমাজে জ্ঞানী মানুষদের গ্রহণযোগ্যতা বেশি।" এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত হওয়া গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র নেতা মোঃ রাহিম রুবেল, আরেক নেতা জিএম খান জয় ও সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক নেত্রী এবং বর্তমান গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সোনালী আক্তার। এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা অর্ণব হাসান জয়, জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা, তানভীর হোসেন ও আরিফ মন্ডল বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আরেক নেতা ইমন হোসেন বলেন, "বর্তমানে ক্ষমতাশীল দলের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার পরিবর্তে গুন্ডা-মাস্তা ও খুনি-ধর্ষকদের প্রতিনিধিত্ব করছে। তারা ছাত্র রাজনীতির নামে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ধর্ষণের মত ভয়াবহ অপকর্মে জড়িত থাকছে।" উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক উপ-দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ অন্তর। এছাড়াও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিল। সারা দেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তারা অনুষ্ঠান শেষ করেন।