গনতন্ত্রের বিজ্ঞাপন বিরতি
লেখক-ইলিয়াস কাশেম (সাংবাদিক কলামিস্ট ও কথা সাহিত্যিক)। হাত-পা ও মুখ বাঁধা গনতন্ত্র কায়েম করতে গিয়ে একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পায়ে লোহার শিকল পড়লো কি-না,এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। খুব বেশিদিন আগের কথা নয়,এখন থেকে এক কিংবা দুই যুগ পূর্বের কথা।তখনও আমাদের দেশে ইন্টারনেট সেবার আগম ঘটেনি।সারাদিন সাধারণ মানুষ ক্ষেত খামারে কাজ করে সন্ধ্যায় আশপাশের বাজারে অথবা বাড়ির আশপাশে রাস্তার পাশে কোন টং দোকানে চা-পান,বিড়ি-সিগারেট খাওয়ার উছিলায় দোকানে থাকা টেলিভিশনে নাটক অথবা সিনেমা দেখে সারাদিনের ক্লান্তি দুর করতে হুমড়ি খেয়ে পড়তেন।কিন্তু এতেও ছিল চরম বিপত্তি,একটি ভালো নাটক কিংবা সিনেমা দেখতে গেলেই ৪/৫ মিনিট পর পরই চলে আসতো দীর্ঘ বিজ্ঞাপন বিরতির বিড়ম্বনা।সেও একটি নাটক বা সিনেমার গল্পের খুব উত্তেজনাকর মুহুর্তে।এতে কেউ কেউ বিরক্ত হয়ে টেলিভিশনকে আচ্ছা মতন গালাগাল করতেন আবার কেউ পায়ের জুতা খুলেও টেলিভিশনের দিকে ছুঁড়ে মারতেন। আমাদের বাংলাদেশের রাজনীতির ঘোলাটে জগতের অন্ধকারাচ্ছন্ন ভাবগতিক দেখে এবং ক্ষমতাশীনদের সৃষ্টি একপক্ষীয় কিংবা একতরফা নিজেদের ক্ষমতা দীর্ঘ মেয়াদি করার সুবিধাজনক সংবিধান রচনা করে, সেই পুরনো দিনের নাটক কিংবা সিনেমা দেখার মাঝে চরম মুহূর্তে বিজ্ঞাপন বিরতির বিড়ম্বনার কথাটিই আজ খুব করে মনে পড়ে যায়।তবে কি আমাদের দেশে রাজনৈতিক নাটক কিংবা সিনেমার চরম উত্তেজনাকর মুহুর্তের মতোই, প্রহসনের নির্বাচন নামক গনতন্ত্রের বিজ্ঞাপন বিরতি ও সাধারণের অতীব নিরুপায় হয়ে নিরব বিপ্লব চলছে? এ অঞ্চলের সাধারণ মানুষ ব্রিটিশ ইংরেজ ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু করে মোঘল সম্রাটদের শাসন আমল,নবাবদের শাসন আমল,রাজা- বাদশাহী কিংবা জমিদারী শাসন শোষণ দেখে এসে সর্বশেষ সেনা শাসনও দেখে অভ্যাস্ত হয়ে গেছেন।আবার বর্তমানে নতুন করে গনতন্ত্রের নামে রাজনৈতিকদের প্রত্যাক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতায় পুলিশী শাসন শোষণও দেখে চলছে।অদূর ভবিষ্যতে হয়তোবা ব্রিটিশ ইংরেজ ঔপনিবেশিক শাসন আমলের মতোই প্রভাবশালী প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পূনরায় ঔপনিবেশিক শাসন শোষণ চালু হয় কি-না সেই সন্দেহ একেবারে উড়িয়ে দেয়া যায়না।আর এ রকম সংশয় হবার প্রধান কারণগুলোও ইতিমধ্যেই আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে বিগত পনেরো বছর যাবৎ স্পষ্ট হয়ে দেখা দিতে শুরু করেছে।আর বিগত ৭ জানুয়ারি ২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তী খুটিনাটি সবকিছু বিশ্লেষণ করলে আমার এ সন্দেহ সংশয় আরও বেশি করে পাকাপোক্ত হতেই বাধ্য। বলছিলাম, কথিত গনতন্ত্র নয়,প্রকৃত গনতন্ত্রই ভয়াবহ রাজনৈতিক সংকট দূরীকরণের মসৃণ পথটি সামনে এনে দিতে পারে। পৃথিবীর ডাকসাইটের গনতান্ত্রিক দেশগুলো থেকে আমাদের বাংলাদেশের গনতন্ত্র কি ভিন্ন? এ প্রশ্ন আজ সবচেয়ে বড় হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে,১৯৭১ পূর্ববর্তী সময়ের সমস্যাগুলোই আজও বাংলাদেশে নতুন করে দেখা দিয়েছে হুবহু। যে সমস্যাগুলোর সমাধানের জন্যেই সেদিন পাকিস্তান থেকে একটি প্রদেশ বিছিন্ন হয়ে বাংলাদেশ রুপে নবজন্ম হয়েছিল,যে সমস্যাগুলোর সাধারণ সমাধানের রাস্তাগুলোকে তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক অসাধারণ করে তুলেছিলেন,যে সমস্যার সমাধান করতে গিয়ে ত্রিশ লক্ষ তরতাজা প্রাণ বিসর্জন,দুই লক্ষ মা বোনের সম্ভ্রম বিসর্জন দিতে হয়েছে,যে সমস্যাগুলোর সমাধানকল্পে নিরস্ত্র বাঙালীকে সশস্ত্র সম্মুখ কিংবা গেরিলা যুদ্ধ করতে হয়েছিল,দেশভাগের সুদীর্ঘ ৫০ বছর পর আবারও কি সেই সমাধান যোগ্য সমস্যাগুলোকে অসমাধানযোগ্য ও অসম্ভব করে তোলা হচ্ছে না? গনতন্ত্রের মূলা ঝুলিয়ে আজও কি অগনতান্ত্রিক ও চরম জবরদস্তিকে সাংবিধানিক রূপদানে সাধারণের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে না?অবকাঠামোগত উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে কি গনতন্ত্রের নতুন সংজ্ঞা জায়েজ করা এতটাই সহজ হবে তাহলে! ১৯৪৭ এ ধর্মীয় ও গনতান্ত্রিক মৌলিক অধিকারের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে, বৃহত্তর ভারত ভেঙ্গে পাকিস্তান আলাদা হবার প্রতিশোধের নেশা থেকেই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিছিন্ন করে,বাংলাদেশ স্বাধীন করতে সহযোগিতা করাই ছিলো ভারতের মূল লক্ষ্য,হয়েছেও তাই।অতিরিক্ত মুনাফা হিসেবে একটি ছোট্ট বাংলাদেশকে সবসময় তাদের উপর নির্ভর করা,নতজানু ও তাঁবেদারী করা।এখানেই ছিলো প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের,(যদিও তারা কথিত বন্ধু কিন্তু অন্তরে ভিন্নতা), বড় ব্যর্থতা ছিলো দীর্ঘদিন।আর এ ব্যর্থতার কারণেই মূলতঃ বঙ্গবন্ধু শেখ মুজিব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো জনপ্রিয় দুই মহান নেতাকেও সুকৌশলে হত্যা হতে হয়। এরপর বাংলাদেশ প্রকৃত গনতন্ত্রের পথটি ধরে সঠিক গন্তব্যের দিকে এগিয়ে চলার পথটিই ছিলো ওদের নিকট সবচেয়ে বড় সমস্যা।মাঝপথে ওদের শতভাগ মনমতো ক্ষমতা লোভী নেতৃত্ব পেয়ে যায় বিনাশ্রমেই,একের পর এক তাই সাহস যোগিয়ে,সহযোগিতা করে বাংলাদেশ নামক দেশটিকে পূনরায় একটি মহা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলে দেয়ার সব ব্যবস্থা এখন পাকাপোক্ত। আওয়ামিলীগ তথা শেখ হাসিনা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে,না পারছেন নিরাপদ প্রস্থান করতে,আর না পারছেন প্রকৃত গনতন্ত্রের পথটি ধরে এগিয়ে যেতেও।একদিকে আওয়ামিলীগকে ব্যবহার করে বিএনপিকে নিষ্ঠুরভাবে দমন ও নেতৃত্ব শূন্য করে দেয়া,অন্যদিকে আওয়ামিলীগকেও জনসমর্থন শূন্য ও মহা বিপথগামী করে দেশকে নেতৃত্ব শূন্য করা।অতএব,ফলাফল ভারতের ইচ্ছা ও উদ্দেশ্য শতভাগ সফলতা অর্জন করা। সুন্দরকে অসুন্দর দৃষ্টিতে দেখলে অসুন্দর দেখা যেতেই পারে! কিন্তু অসুন্দরকে আপনি যতই সুন্দর দৃষ্টিতে দেখুন,সে অসুন্দর থেকে একবিন্দুও সুন্দর দেখাবেনা। বাংলাদেশে আমলা থেকে শুরু করে সরকারি বেসরকারি চাকরিতে থেকেও রাজনীতির প্রতি প্রবল ঝোঁক!ব্যবসা বানিজ্য,শিক্ষকতাসহ প্রায় সকল পেশার মানুষেরও প্রবল ঝোঁক এই রাজনীতির প্রতি,কিন্তু কেন?এর সঠিক উত্তর একটিই তা হলো প্রভাব।কারণ এ দেশের শিক্ষিত সমাজ জেনে গেছেন যে,আমাদের দেশের সকল ক্ষমতার উৎস এই কথিত রাজনীতি।কথিত শব্দটি এখানে ব্যবহার করাটা যদিও কারও পছন্দসই হবে না,তবুও বলতে বাধ্য হচ্ছি এ জন্যই যে,আমাদের দেশের রাজনীতি শব্দের মাধুর্যতার গন্ডি পেরিয়ে এখনও প্রকৃত অর্থের রাজনীতি পর্যন্ত পৌঁছাতে পারেনি,এটাই সবচেয়ে বাস্তব সত্য।আমাদের দেশে আদর্শিক ভিত্তির উপর নির্ভর করে সূচনালগ্নে রাজনীতির আবির্ভাব ঘটলেও,আদৌও তার মূল লক্ষ্যে পৌঁছাতে তো পারেইনি,উল্টো রাজনীতির বিপরীত অর্থের মহা আগ্রাসী দুর্নীতিতে রুপান্তরিত হয়েছে,একথা বললেও খুব একটা ভুল বলা হবে বলে মনে হয়না।এ দেশের রাজনীতি এখন অনেকটাই পুঁজি বিহীন মোটাদাগের ব্যবসা,শুধু ব্যবসা বললেও কম বলা হবে,আলাদীনের সেই কাল্পনিক চেরাগের বাস্তব রুপ বললেই এর যথাযথ সত্যটা বলা হবে বলে মনে হয়।পুঁজি বিহীন বলতে এখানে অর্থনৈতিক পুঁজিকেই বুঝানো হয়েছে।অর্থনীতির বাইরেও আমাদের দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পুঁজি লব্ধি করতে হয়,সে পুঁজি হলো তৈলমর্দন।এখানে সর্ব নিম্ন মাঠ পর্যায়ের নেতা-পাতিনেতা থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত হওয়ার মূল মহৌষধী হিসেবে সবচেয়ে বেশি কার্যকরী এই তৈলমর্দন।এর পরের পুঁজি নিখুঁত ভালবাসার অভিনয় ও অতি কৌশলে ভন্ডামি ও মিথ্যা বলার অভিজ্ঞতা। এতটা নিখুঁত মিথ্যা বলার কৌশল অবলম্বন করতে হয়,যা কি-না শ্রোতা সাধারণের নিকট হুবহু সত্যের চেয়েও এগিয়ে আরেক ধাপ সত্য বলে মনে হতে হবে।অর্থাৎ,মিথ্যাকে কয়েকটি ভাগে ভাগ করে এর সবচেয়ে উৎকৃষ্ট ও নিখুঁত যে,ধাপটি,ঠিক সেই ধাপটিই আমাদের দেশের রাজনৈতিকরা অবলম্বন করেন।এ ক্ষেত্রে সবাইকে একই ক্যাটাগরিতে ধরা যাবে না,এটাও বলে রাখছি।কারণ একটি গাছের সব ফলই সমান মিষ্টি কিংবা একই সমান টক হয়না।একটু উনিশ-বিশ হতেই পারে,আবার কখনও কখনও এক বৃক্ষের সংখ্যাধিক ফল টক হলেও এরমাঝে কিছু কিছু ফল মিষ্টি হতেও পারে।সেই রকমভাবে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনেও এখনও হাতেগোনা একটি অতি ক্ষুদ্রতম অংশ প্রচলিত ধারার বাইরে গিয়ে একটু ভিন্নতা বা প্রকৃত ধারার রাজনৈতিক রয়েছেন,একথাও মুখবন্ধ করে অস্বীকার করাও যাবেনা। গনতন্ত্র হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকলেও,আমাদের দেশে শুধু নয়,পৃথিবীর প্রায় অধিকসংখ্যক দেশেই আইন ও সংবিধান প্রণেতা এই রাজনৈতিক অঙ্গণের মানুষগুলোই হয়।আর সেই সুবাদেই রাজনৈতিকরা হয়ে থাকেন একটি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত কিংবা প্রভাবশালী।আর এই প্রভাবটিই হচ্ছে ক্ষমতা কিংবা অর্থনীতির কেন্দ্রবিন্দু।যেকারণেই আমাদের দেশের প্রায় সব শ্রেণী কিংবা পেশার মানুষের নিকটই রাজনীতি একটি উচ্চ বিলাসী স্বপ্ন।এ স্বপ্ন আদিম যুগের মানুষেরা ঢালাওভাবে সবাই দেখতে পারতেন না,কারণ তখন রাজনীতি মানেই হতো সর্বোচ্চ নীতি নৈতিকতা নিয়ে মানব সেবা করা।আর আজকাল সেই নীতি নৈতিকতা সম্পূর্ণ বিপরীমুখী অবস্থানে,রাজনীতির মতো পবিত্র নৈতিক স্বত্বাটি দুর্নীতিবাজ,বৈষম্যবাদী,পেশিশক্তিশালী ও সুবিধাভোগীদের বেদখলে।এজন্যই রাজনীতি আমাদের দেশে সবচেয়ে সস্তাপন্থা বলেই,সব পেশার লোকজন হুমড়ি খেয়ে পড়ছে আজকাল এই অঙ্গনে। কিন্তু আমি হলফ করেই বলতে পারি যে,এ দেশে কোন দিন যদি প্রকৃত রাজনীতি ফিরে আসে,যদি কখনও গনতন্ত্রের বিজ্ঞাপন বিরতির যবনিকা ঘটে প্রকৃত গনতান্ত্রিক ধারার প্রবর্তন ফিরে আসে।সেই দিন হয়তোবা রাজনীতি করার পথ থেকে আমাদের দেশের দুর্নীতি প্রিয় মানুষগুলোকেও আর তেমন একটা খুঁজে পাওয়া যাবেনা।