ইলিয়াস কাশেমের নতুন প্রবন্ধ
প্রশ্নের পর প্রশ্ন, তবুও উত্তরহীন প্রশ্ন
ইলিয়াস কাশেম (সাংবাদিক,কলামিস্ট ও কথা সাহিত্যিক) হাত পেতে দু'চার টাকা ভিক্ষা পাওয়া যায় কিন্তু ভালবাসা নয়। প্রেম ভালবাসা অদৃশ্য এক হৃদয়ের অনুভূতি,যাকে স্পর্শ করতে হয় হৃদয় দিয়েই।জোর জবরদস্তি করে কখনও কোন মানুষের প্রেম ভালবাসা আদায় করা যায় না,বরং জোর জবরদস্তির প্রতিফল নিতান্তই ঘৃণা। অর্থ প্রতিপত্তির বিনিময়ে যা পাওয়া যায়,তাকে প্রেম ভালবাসা গন্য করা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি।আমাদের মনে রাখাটা জরুরি যে,বিনিময় মুদ্রা কিংবা সম্পদের অনুকূলে মানুষকে লোভী করা সহজ হলেও,অথবা দুর্বল কিংবা আনুগত্য স্বীকারে বাধ্য করা গেলেও,প্রকৃত প্রেম ভালবাসা এর থেকে আকাশ পাতাল ব্যবধান।আমরা ভুল করেই বিনিময় মুদ্রা কিংবা অর্থসম্পদের বিনিময়ে মানুষের লোভীরুপ অথবা আনুগত্যশীল আচরণকেই প্রেম ভালবাসা ধরে নেই।ঠিক এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল,বোকামি কিংবা মূর্খতা। এমন ভুল,বোকামি কিংবা মূর্খতার কারণেই পৃথিবীর মানব সমাজে এতটা কষ্টের আগমন,যা কি-না দগ্ধ করে যাচ্ছে বেশিরভাগ মানুষের হৃদয় ও মনকে।বস্তু পোড়ার মতো হৃদয় ও মন পোড়ার গন্ধ নেই বলেই হয়তোবা পৃথিবীর আবহাওয়া এখনও বাসযোগ্য পরিবেশেই চলমান রয়েছে,না হলে এতদিনে পৃথিবী হয়ে উঠতো প্রাণীকুলের সবচেয়ে অনিরাপদ ও অবাসযোগ্য একটি দমবন্ধকারী জায়গা। আর যদি সূর্যের আলো কিংবা বস্তু পোড়া আগুনের মতো মানুষের হৃদয় ও মন পোড়া আগুনের উত্তাপ অনুভব হতো,তবে এ আগুনের উত্তাপে পৃথিবী ঝলসে যেতেো হাজার কিংবা লক্ষ বছর পূর্বেই। আমাদের ভুল এক জায়গায় নয়,হাজার - লক্ষ কিংবা তারও বেশি জায়গায়।কিন্তু ভুল করে আমাদের সৃষ্টি হয়নি,তাই তো আমরা মানুষের রুপে মানব আত্মা নিয়েই পৃথিবীতে আগমন করতে সক্ষম হয়েছি।চাল চলনে, কথাবার্তায়,বাচনভঙ্গিতে,পোশাক পরিচ্ছদে,রুচি -অভিরুচিতে আমরা দিব্যি মানুষ,রুপ সৌন্দর্যেও পৃথিবীর শ্রেষ্ঠত্ব ছিনিয়ে এনেছি।কিন্তু লোভ আমাদের এক আজীবন ভূবন মাতানো নেশায় আসক্ত করে ভূত করে রেখেছে,যা থেকে মুক্তির আর কোন উপায় আছে বলে আপাতত মনে হচ্ছে না।জীবন আমাদের জীবিকার তাগিদ তৈরি করার সত্যতা নিয়েই সৃষ্টিকর্তা আমাদের জীবিকার জন্য সময় ব্যয় ও শারীরিক পরিশ্রম বৈধতা করে দিয়েছেন,সেই সাথে হজমযোগ্য খাদ্য সামগ্রীও।কিন্তু সকল রিজিক উৎপাদনের মূল অজানা রহস্য ভেদ করা মানুষের জন্য অসাধ্য।যেমন অসাধ্য আকাশ ছুঁয়া,সূর্য ছুঁয়া কিংবা সৃষ্টিকর্তার অলৌকিক মহা শক্তির রহস্য ভেদ করা। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আকারে ইঙ্গিতে অথবা সরাসরিই বলে গেছেন এই মানুষই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ,মানুষের মাঝেই সব।কিন্তু সূর্য কি জানে তার প্রভাবে এক পৃথিবী আলোকিত?সূর্য কি নিজেকে কখনও সূর্য রুপে চিনে কিংবা জানে?এক মানুষ আরেক মানুষের রুপ দর্শনে চিনে নেয় সেও মানুষ,পৃথিবীর সব মানুষই তার নিজের জন্মদাতা পিতামাতার প্রেম রহস্য জানে ও বুঝে,নিজেরাও তাই একটি সময় জন্মদাতার আসনটি পাবার সৌভাগ্য অর্জন করেন।প্রাণ আছে বলেই পৃথিবীর আরও লক্ষ কোটি প্রাণীর মতো আমাদেরও জন্ম মৃত্যুর স্বাদ দুটোই আমরা বুঝে পেতে পারি।কিন্তু যে সূর্য পৃথিবীকে অবিরাম আলোকিত করবার মহান দায়িত্বে নিয়োজিত,যে মাটির দায়িত্ব তাবৎ পৃথিবীর ভার বহন করবার মতো এত বড় অসীম,তারা কেন অলৌকিক মহাশক্তিটির সন্ধান করবে? সৃষ্টিকারীর অসীম জ্ঞান ভান্ডার থেকে অতি নগন্য অংশই আমাদের দান করা হয়েছে।এত ক্ষুদ্রতম জ্ঞানের কি ক্ষমতা যে,স্বয়ং সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য উদঘাটন করা?সম্ভবের সীমা অতিক্রম করাকেই অসম্ভব বলা হয়,কিন্তু যার নিকট অসম্ভবকেই সম্ভবের সংস্পর্শে এনে তা বাস্তবায়ন করা,অদৃশ্যকে দৃশ্যমান করা,অনস্তিত্ব থেকে আমাদের অস্তিত্বে আনয়ন করা,সেই মহান রবের,সেই মহান সৃষ্টিকারীর সৃষ্টি রহস্য কতটা গভীরে,সেও কি ভাবা এতটা সহজ বিষয়? আমার বক্তব্যের মূল বিষয় বস্তু আধ্যাতিক কিংবা ধর্মীয় নয়,বিষয় বস্তু আমাদের এই জন্মভূমি দেশ,সেই সাথে দেশের জন্মগত নাগরিক সমাজের মৌলিক ও মানবিক অধিকার।আমরা এক অশ্লীল,অসভ্য ও বর্বর নৈতিক অবক্ষয়ের যুগের দিকে ধিরে ধিরে এগিয়ে চলছি।এ চলার শেষ কোথায় জানিনা,আমাদের ছোট্ট দেশটি খুব দ্রুতই অবকাঠামোগত উন্নয়নের দিকে ছুটে চলছে।চারিদিকে নয়নাভিরাম অবকাঠামোগত উন্নয়ন।তার চেয়েও দ্রত গতিতে এগিয়ে চলছে নৈতিক অধপতন,যা রীতিমতো লাগামহীন।শিক্ষার নামে অশিক্ষা,বানিজ্যিক ও রুজিরোজগারের কৌশলেই সীমাবদ্ধ,অথচ শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হলো জ্ঞান অর্জন।রাজনীতি তো বহু পূর্বেই বানিজ্যিক ও অর্থগত দিক থেকে বিপরীত দুর্নীতির মূল শিকরে রুপান্তরিত হয়েই আছে।নৈতিক শিক্ষার একমাত্র অবশিষ্ট ভরসাস্থল ছিলো ধর্ম,সেই জায়গাটিও অর্থলোভী,মুনাফাখোর ও রাজনৈতিকদের বেদখলে বিপর্যস্ত।তো মানুষ আসলে যাবে কোথায়?কার কাছে গিয়ে নিজেদের এই প্রিয় জন্মভূমির এতটুকু মুক্তির সমাধান খুঁজে পাবে? যে দেশে মাস মাস,বছর বছর লাফিয়ে লাফিয়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ে,অথচ মানুষের জীবনের মূল্য হ্রাস পেতে পেতে শূন্যের কোঠায় পৌঁছে যাবার উপক্রম,যে দেশে দুর্নীতির নিত্যনতুন কৌশল জন্মে,যে দেশে অর্থসম্পদের লোভে ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি,পিতাপুত্রে রক্তারক্তি,যে দেশে মানুষ মরণশীল জেনে ও বুঝেও সীমাহীন রাক্ষুসে আগ্রাসী চলে এই মানুষে মানুষেই।সেই দেশ নিয়ে,সেই দেশের মানুষের নৈতিক অধপতনের কথাগুলো হৃদয়ে রক্তক্ষরণের চাপ থেকেই আমার যত কথা।যেখানে জন্ম নেবার পূর্বেই মৃত্যুটা নিশ্চিত হয়ে আমরা জন্মাই,সেখানে মানুষে মানুষের রক্ত চুষে নয়নাভিরাম অট্টালিকা আর প্রাচুর্য্য জমিয়ে রেখে যাই আসলে আমরা কার স্বার্থে?সেও অন্যের মুখের দুবেলা দুমুঠো মোটা ভাত আর কাপড়ের অর্থ গ্রাস করে। প্রশ্নের পর প্রশ্ন,তবুও উত্তরহীন প্রশ্ন ??? এমন হাজার লক্ষ প্রশ্নের ভিরে আমার আসল প্রশ্নটিই করছি আসলে কাকে????