হঠাৎ অজ্ঞান পার্টির খপ্পরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা
একই রাতে সখীপুর উপজেলার কচুয়া এলাকায় দুই বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে,সেই সাথে ক্ষুদ উপজেলা পরিষদ এলাকায় কৃষি অফিসের সামনে থেকে এক অটোরিকশা চালককে অচেতন অবস্থায় প্রত্যাক্ষদর্শীদের সহায়তায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার(১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকার আবু তালেবের উপার্জনের একমাত্র সম্বল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যায় চোরচক্র। গাড়ির মালিক আবু তালেব জানান, প্রতিদিনের মতো গাড়ি উঠানে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ২ টার দিকে বাইরে মানুষের আনাগোনা শুনে বাইরে বের হওয়ার চেষ্টা করেন তিনি। বাইরে দরজার শিকল লাগানো থাকায় কয়েক মিনিট বিলম্ব হয় তার। কিন্তু বের হতে হতে চোরচক্রটি তার গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এদিকে একই এলাকার মোতালেব হোসেনের বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের লোকদের অচেতন করে নগদ ৫ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক মোতালেব হোসেন জানান, রাত আনুমানিক দেড় টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল থেকেই আমার শরীরটা অনেক দুর্বল থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পাই ঘরের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। ঘটনার পর থেকে বাড়ির প্রায় সকল সদস্যই অসুস্থ হয়ে পড়েছে। অপরদিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাবীবুর রহমানের ছেলে জয়নাল আবেদীনকে সখীপুর উপজেলা পরিষদ এলাকায় কৃষি অফিসের সামনে চেতনা নাশক দিয়ে অচেতন করে অটোরিকশা নেওয়ার সময় এলাকার লোকজন টের পাওয়ায় চোরচক্র পালিয়ে যায়। কিন্তু অটোরিকশা চালক অচেতন অবস্থায় ভর্তি করা হয় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘ প্রায় ১২ ঘন্টা পর অচেতন অবস্থা থেকে ভুক্তভোগী জয়নাল আবেদীনের জ্ঞান ফিরেছে বলে জানা গেছে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ইদানীং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চুরি প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, চুরির বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।