জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে এক নারীর লিখিত অভিযোগ

১৩ মার্চ, ২০২৪ | ১০:০৯ অপরাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ব্লাঙ্ক চেক জমা রেখে এনজিওতে চাকরী ও সেই সাথে ঋন প্রদানের বিরুদ্ধে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আকলিমা বেগম নামে এক নারী। বুধবার বিকালে তিনি জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপারের দপ্তর, জেলা সমাজসেবা অধিদপ্তর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন। আকলিমা বেগম ঝিনাইদহ শহরের আরাপপুর কর্নেল রহমান সড়কের হায়াত আলী শাহ’র কন্যা। তিনি ডিজ এ্যাবিলিটি ইনকুইজিশন এ্যাকটিভিটিজ (দিয়া) নামে একটি এনজিওতে কর্মরত থাকাবস্থায় ৬টি ব্লাঙ্ক চেক জমা দিয়ে ৫৪ লাখ টাকার মামলায় জড়িয়েছেন। লিখিত অভিযোগে আকলিমা বেগম দাবী করেন, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের ডিজ এ্যাবিলিটি ইনকুইজিশন এ্যাকটিভিটিজ (দিয়া) নামে একটি এনজিওতে তিনি ফিল্ড অফিসার পদে চাকরি করতেন। চাকরির শর্ত ছিল জামানত হিসাবে দুইটি স্বাক্ষরিত চেক দিতে হবে। তিনি ২০১৭ সালে ডাচ বাংলা ব্যাংকের ২টি চেক ওই এনজিও’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম ওরফে সুদখোর রফির কাছে জমা দেন। এরপর বিভিন্ন অজুহাতে রফি আরো চারটিসহ মোট ৬টি ব্লাঙ্ক চেক আকলিমার কাছ থেকে জমা রাখেন। এছাড়া চাকরী করার সময় আকলিমা এক লাখ ৬০ হাজার টাকা তাকে ধার নেন। ২০২২ সালের আগষ্ট মাসে পারিবারিক কারণে আকলিমা বেগম চাকরী ছেড়ে দেন এবং এনজিওতে জমা রাখা ব্যাংক চেক ও ধারের টাকা ফেরৎ চান। কিন্তু সুদখোর রফি টাকা না দিয়ে টাল বাহানা করতে থাকেন। সর্বশেষ তার কাছে ব্লাঙ্ক চেকের পাতা ও পাওনা টাকা চাইতে গেলে রফি আকলিমাকে গালিগালাজ করেন এবং মিথ্যা চেকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকী দেন। আকলিমা বেগম জানান, এ পর্যন্ত প্রায় ২০ জন নারীর বিরুদ্ধে ব্লাঙ্ক চেকের মামলা করেছেন রফি। তার এই মামলায় বহু নারী স্বামী-সন্তান নিয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং অমানবিক জীবন যাপন করছেন। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের জানান, বুধবার দুপুরে আকলিমা বেগম নামে এক নারী একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, ব্লাঙ্ক চেক নিয়ে এনজিওতে চাকরী বা ঋন দেওয়ার কোন বিধান নেই। কোন এনজিও যদি এটা করে থাকে, তবে সেটা বেআইনী ও নিয়মবর্হিভুত।