ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

৫ এপ্রিল, ২০২৪ | ৩:৩৮ অপরাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে পারভেজ নামে (৮) এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার কেষ্টপুর গ্রামের বিপুল মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেষ্টপুর গ্রামের মজিদ মন্ডল একই গ্রামের জাহিদুল ইসলামের ট্রলি ভাড়া করে ওই গ্রামের চরের মাঠে জৈব সার নিয়ে যাচ্ছিলেন। তখন রাস্তার পাশেই বন্ধুদের সাথে খেলাধূলা করছিলেন শিশু পারভেজ। মাঠ থেকে গাড়ি ফেরার পথে বন্ধুদের সাথে ওই ট্রলি গাড়িতে ওঠে পারভেজ। কিছুদূর চলার পর বামপাশের সামনের চাকা সড়কের খাদে পড়ে গেলে গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায় পারভেজ । এসময় তার পড়ে যাওয়া খেয়াল না করে চালক গাড়ি সামনের দিকে এগোলে পেছনের চাকায় পিষ্ট হয় শিশু পারভেজ । পরে স্থানীয়রা গুরুতর আহত পারভেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলি গাড়ির চাপায় পারভেজ নামে এক ছোট শিশু নিহত হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তিনি আরও জানান এ দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় সড়ক আইনে মামলা হবে।