হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িঘর ভাংচুর, আহত ২
কুমিল্লার হোমনার দুলালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক রাসেল আহমেদের বাড়িঘর সহ আরো বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও ২ জনকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামাল উদ্দিনের নেতৃত্বাধীন সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে। গতকাল শনিবার উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ও তার ছোট ভাই জালাল উদ্দিনের নেতৃত্বে দুলালপুর গ্রামে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী রাত আনুমানিক ৯ ঘটিকায় লাঠিসোঠা, রামদা, দেশীয় অস্ত্রসহ নিয়ে প্রকাশ্যে মোহড়া দিয়ে হামলা করে বাড়িঘর কুপিয়ে ভাংচুর করে। এসময় আলমগীর নামের একজন ভাংচুরে বাধা দিতে আসলে তাকে কুপিয়ে আহত করে। তখন কয়েকজন মহিলা তাকে বাচাতে আসলে তাদের কেও এলোপাতাড়ি বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে। এতেও খ্যান্ত হয়নি জালাল উদ্দিনের সন্ত্রাস বাহিনীরা। যাওয়ার সময় সাংবাদিক রাসেল আহমেদ এর বাড়িঘর ভাংচুর করে তারা। এঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় আহত আলমগীর কে গুরুতর অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় সাংবাদিক রাসেল আহমেদ বলেন, আমার সাথে তাদের কোন পূর্ব শত্রুতা নেই। তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে একই গ্রামের নোয়াব মিয়ার সাথে তাদের কথা-কাটাকাটি হয়। কিন্তু আমার বাড়িঘরে কেন হামলা চালিয়ে ভাংচুর করলো তা জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত জালাল উদ্দিন বলেন, আমি দুলালপুর এলাকায় গন্ডগোলের সংবাদ শুনে সেখানে গিয়ে সবাইকে থামিয়ে দেই। সাংবাদিক রাসেলের বাড়িতে হামলা হয়নি। তবে উপজেলা চেয়ারম্যান এর সুষ্ঠু সমাধানের দায়িত্ব নিয়েছেন। এ ঘটনায় হোমনা থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন বলেন, রাতে ফেসবুকের মাধ্যমে ঘটনার কথা জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।