সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

২০ মে, ২০২৪ | ১০:১৯ পূর্বাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুরে জমি দখল ও চাঁদাবাজের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ ওঠেছে সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে। যদিও তিনি বিগত পনেরো বছরেরও বেশি সময় যাবৎ বিএনপির রাজনীতির সাথে সম্পর্ক ছিন্ন করে ব্যক্তিগত চাকরি ও জমিজমার ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েন। গত ৮ এপ্রিল "দৈনিক আমাদের সময়" পত্রিকার দ্বিতীয় পাতায় তার বিরুদ্ধে জমি জবরদখল ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর থেকে একাধিক মামলার আসামি অভিযুক্ত ফজলুল হক বাচ্চু "দৈনিক আমাদের সময়" পত্রিকার সখীপুর উপজেলা প্রতিনিধি ফজলুল হক বাপ্পাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন বলে সাংবাদিক ফজলুল হক বাপ্পা এ প্রতিনিধিকে জানান। উল্লেখিত সংবাদের জের ধরে ( সোমবার ১৪ মে) সাংবাদিক ফজলুল হক বাপ্পা বাড়ি থেকে সখীপুর বাজারে আসার পথে তার গতিরোধ করে প্রকাশ্যেই প্রাণনাশের হুমকি দেয়া ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার নতুন করে অভিযোগ করেন। এ বিষয়ে ওই দিনই ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা চেয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সাংবাদিক ফজলুল হক বাপ্পা বলেন, উপজেলার পৌরসভা সহ বিভিন্ন এলাকায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে অনুসন্ধান করে "দৈনিক আমাদের সময়" পত্রিকায় ওই ভূমিদস্যু ও চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশের পর থেকেই ক্ষিপ্ত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাচ্চু আমার পরিবারের সদস্যদের ও আমার উপর হামলা মামলা করবে বলে হুমকি দিয়ে আসছিলো। আজ প্রকাশ্যেই যখন আমার গতিপথ রোধ করে ওই ভূমিদস্যু ও সন্ত্রাসী তার কয়েকজন সহযোগী মিলে আমার উপর হামলা চালানোর চেষ্টা করেন। আমাকে বাঁচাতে লোক জন এগিয়ে আসলে তখন প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।আমি এখন আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়েছি। তাই আমি নিরুপায় হয়ে সখীপুর উপজেলার সকল সাংবাদিক ভাইদের ও পুলিশের সহায়তা চাচ্ছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে অভিযুক্ত ফজলুল হক বাচ্চু বলেন,আমার জমিতে ঘর নির্মাণের সময় ওই সাংবাদিক এসে বাধা দেন। ফলশ্রুতিতে আমি উত্তেজিত হয়ে অনেক কথাই বলেছি। জমিটি নিয়ে দ্বন্দ্ব নেই তবুও দ্বন্দ্ব তৈরি করছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান অভিযোগ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে