কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় সুফল পেয়েছে চাষিরা
টাঙ্গাইলে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দ্রুতই ধান ঘরে তুলতে পেরেছেন বলে জানান চাষিরা।শ্রমিক সংকট ও শ্রমিকের দাম বৃদ্ধি হলেও চাষিরা কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধান কাটা ও মাড়াই করছেন।এতে করে চাষিরা সাশ্রয়ে বোরো ধান কাটতে পেরেছেন।শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের চেয়ে সময় ও খরচ কম হওয়ায় দিন দিন এ মেশিনের ব্যবহার বাড়ছে বলে জানান চাষিরা। এতে শ্রমিক সংকট কাটিয়ে উঠে কম সময়ে ফসল ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক লাখ ৭৬ হাজার ২০০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩২০ হেক্টর জমিতে। এখান থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ মেট্রিক টন। বোরো ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দেয়া হয়েছে উচ্চ ফলনশীন জাতের ধানের বীজ ও সার। ধানের ফলন বৃদ্ধি করার জন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক কৃষকদের পাশে রয়েছেন। কয়েকজন কৃষক জানান ,এবছর ৬বিঘা জমিতে ধানের আবাদ করেছি।ভালোই ধানের ফলন হয়েছে। শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছি। হারভেস্টার মেশিনে দ্রুত সময়ের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারছি। খরচও অর্ধেক লাগছে। শ্রমিক দিয়ে এক বিঘা জমির ধান কাটতে গেলে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আর মেশিন দিয়ে ধান কাটতে লাগে ৫ থেকে ৬ হাজার টাকা। কৃষক আশিষ সরকার বলেন, হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় আমাদের জন্য খুব উপকার হয়েছে। এই হারভেস্টার মেশিন যদি না থাকতে ১৫০০ টাকায়ও শ্রমিক পাওয়া যেতো না।শ্রমিকের সংকট হতো। আর কৃষক ক্ষতিগ্রস্ত হতো।এখন হারভেস্টার মেশিন থাকাতে আমরা কম খরচে ধান কাটতে পেরেছি। শ্রমিক দিয়ে ধান কাটলে এক বিঘা জমির ধান কাটতে ৮ থেকে ১০ হাজার টাকা লেগে যাই। সেখানে মেশিন আসার ফলে খুব উপকার হয়েছে। মেশিন দিয়ে ধান কাটাতে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা খরচ হয়েছে। মেশিন দিয়ে ধান কাটার ফলে আমার ৪ হাজার টাকা সাশ্রয় হয়েছে।এতে আমরা কৃষকরা লাভবান হবো। টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন জানান, চলতি মৌসুমে উৎপাদিত ধান থেকে সাত লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বৃষ্টি ও কালবেশাখি ঝড়ের আগেই সকল জমির পাকা ধান কেটে কৃষকরা ঘরে তুলতে পেরেছেন। দ্রুত ধান ঘরে তুলতে পেরে কৃষকরা খুশি।কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় দ্রুতই ধান কেটে ফেলেছেন। আধুনিক চাষাবাদের জন্য যান্ত্রিকীকরণের বিকল্প নেই।জেলায় বোরো মৌসুমের আবাদের ৯৫ ভাগ ধান ইতিমধ্যে কাটা শেষ হয়েছে।কৃষক কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে অনেক সুবিধা পাচ্ছেন। ধান কাটার সাথে সাথে মাড়াই-ঝাড়াই হয়ে তা বস্তাবন্দি করা যাচ্ছে। এতে কৃষকের ধান কাটা ও মাড়াই খরচের সাশ্রয় হচ্ছে। ধান কাটার সময় কম লাগছে।