টেন্ডার ছাড়াই সরকারি গাছ উপড়িয়ে ফেলার অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে
কুমিল্লার হোমনায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ উপড়িয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান এর বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখাগেছে উপজেলার দুলালপুর টু রামকৃষ্ণপুর বাজার পর্যন্ত সড়কের কাজ করতে গিয়ে বন কর্মকর্তার অনুমতি না নিয়ে ও কোনো টেন্ডার ছাড়াই সড়কের পাশে থাকা বিশাল আকৃতির অনেক গুলো গাছ ভেকু দিয়ে উপড়িয়ে ফেলে দিয়েছেন। এবিষয়ে উপজেলা বনকর্মকর্তা মো. মাজহারুল জানান, প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমাদের কে এবিষয়ে কিছুই জানায়নি এবং কোনো অনুমতিও নেয়নি। ঠিকাদার মাইকিং করে সবাইকে বলেছে রাস্তার পাশে থাকা গাছ গুলো কেটে নেওয়ার জন্য। ঠিকাদারের মাইকিং করার পর আমাদের অনেক গুলো মেহগনি, কাঠগাছ অপসারণ করা হয়েছে। ভেকু দিয়ে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ উপড়িয়ে ফেলে দিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই থেকে তিন লাখ টাকা। ঠিকাদারকে বাধা দিতে গেলে হোমনাতে থাকা স্টাফদের কে উল্টো পাল্টা কথা বলেছে প্রকৌশলী ইঞ্জিনিয়ার ও ঠিকাদার। তিনি আরও বলেন এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বিভাগীয় বনকর্মকর্তার অনুমতি পেলেই মামলা করা হবে। বিভাগীয় বন কর্মকর্তা জিএম কবির বলেন, এবিষয়ে আমরা অবগত হয়ে মামলা করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলেছি। উপজেলা বন কর্মকর্তা একটা রিপোর্ট দিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তার কাছে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন বিভাগের সদস্যদের সাথে ঠিকাদারের লোকজন বা ভেকু ড্রাইভার খারাপ আচরণ করে থাকতে পারে তা আমার জানা নাই। এ বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, আমি বনকর্মকর্তা কে জানিয়ে গাছ গুলো উপড়িয়ে ফেলার জন্য অনুমতি দিয়েছি। তিনি আরও বলেন গাছ গুলোর টেন্ডার করা হয়নি তবে এখন টেন্ডার করা হবে। কোন বনকর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছে তা জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন এই বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মোস্তফা জামান ট্রেডার্স কে মোবাইলে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ করে দেয়।