হোমনায় বাড়ির ছাদে ড্রাগন চাষে সফলতা
কুমিল্লার হোমনায় শখের বশে বাড়ির ছাদে ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন মো. মানিক মিয়া নামের এক যুবক। সে উপজেলার ঘনিয়ারচর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উক্ত গ্রামের বাসিন্দা। গত দুই বছর আগে শখের বসে বাজার থেকে ড্রাগনের চারা নিয়ে বাড়ির ছাদে ড্রামের মধ্যে ড্রাগনের চারা রোপণ করেন। এর কিছুদিন পরই এগুলোর মধ্যে ফলন আসতে শুরু করে। এরপরই ড্রাগন চাষের প্রতি তার আগ্রহ বাড়ে এবং নতুন চারা রোপন করতে থাকেন। ৬ শতাংশ জমির ৩ শতাংশ জমিতে ১ তলা বাড়ি নির্মাণের পর বাড়ির ছাদে ড্রাগন চাষ শুরু করেন তিনি। এছাড়াও বাড়ির আঙিনায় অন্যান্য ফল ও ফুলের গাছ ও লাগিয়েছেন তিনি। ৩ বছর আগে বাগান শুরু করলেও বর্তমানে ছাদ ও বাড়ির আঙিনা মিলিয়ে প্রায় ৩ শতাধিক ড্রাগন গাছ আছে তার। ফলে, উৎপাদনের পাশাপাশি ড্রাগনের চারা করে তা বিক্রি করেও সফল তিনি। এ বিষয়ে মোঃ মানিক মিয়া বলেন, 'কয়েক বছর আগে ফেইজবুকে একটি ড্রাগন বাগান দেখে উৎসাহিত হয়ে নিজে উদ্যোগে ড্রাগনের চাষ শুরু করি। বর্তমানে আমার এখানে চার ধরনের ড্রাগনের চারা আছে। তিনি জানান, এসব গাছ থেকে প্রতিবছর নিজেরা খাওয়ার পাশাপাশি ফল বিক্রি করি। এছাড়াও প্রতিমাসে কয়েক হাজার টাকার চারা বিক্রি করি। ড্রাগন চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি প্রস্তুত করা এবং গাছের কাটিং সম্পন্ন করা। ইউটিউব দেখে এবং বিভিন্ন বাগান ঘুরে এগুলো শিখেছি।