ঈদের দিনে আনন্দের পরিবর্তে পরিবারে নেমে এলো শোকের ছায়া

১৯ জুন, ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের এক দিন পর বিউটি আক্তার ঝর্ণা (৪০) নামের এক গৃহবধূর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুন সোমবার ঈদুল আজহার দিন বিকেলে উপজেলার কালিয়ানপাড়া তেঁতুলিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সখীপুর থানার (ওসি-তদন্ত) প্রভাষ কুমার বসু। তিনি বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিউটি আক্তার ঝর্ণা সখীপুর উপজেলার কালিয়ানপাড়া তেঁতুলিয়া চালা এলাকার মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালে ফজরের নামাজের পর থেকে বিউটি আক্তার নিখোঁজ হন। ওই দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তাঁর সন্ধান মেলেনি।পরদিন সোমবার পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে বাড়ির পাশে পুকুরে লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে,সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, বিউটি আক্তার মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। তাঁর দুটি মেয়েসন্তানও রয়েছে। ঈদের দিন তাঁর মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে ঈদের আনন্দের পরিবর্তে নেমে আশে শোকের ছায়া।