সাবেক এমপিসহ আসামি ১৬৭

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা, সখীপুর থানায় মামলা

২৮ আগস্ট, ২০২৪ | ৯:৩৯ পূর্বাহ্ণ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সরকার পতনের পর সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর ১৬৭ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইলের সখীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সখীপুর উপজেলার পৌর শহরে সারাদেশের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া উপজেলার হাজার হাজার শিক্ষার্থীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গুরুতর জখম ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ১৬৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু হয়েছে। মামলার বিবরণে জানা যায়,২৬ আগষ্ট সোমবার রাতে সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়,সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাবেক পৌর মেয়র আবু হানিফ আজাদ, কেবিএম রুহুল আমিন, কাজী বাদল,আতিকুল ইসলাম বুলবুল, সুলতান শরীফ পান্না, শিবলী সাদিকসহ আরও ১৬৭ জনের নামে মামলা দায়ের করা হয়। গত ৩ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সখীপুর পৌর শহরের সৌখিন মোড় হতে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মিছিল উপজেলা গেইট এলাকায় আসলে,পথিমধ্যে সাবেক সংসদ সদস্যের উপস্থিতিতে পূর্ব পরিকল্পনা অনুসারে আসামিদের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আ.লীগের নেতারা অস্ত্রসহ ধাওয়া করে।পরে শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে পড়লে ছাত্রলীগ নেতা আশিকের হাতে থাকা পাইপগানের আঘাতে আন্দোলনকারী খোরশেদ গুরুতর জখম হয়।অপর আসামি ডিএম সুপ্ত,স্বাধীনের হাতে লোহার পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থী সায়মার মাথায় আঘাত চেষ্টা করলে তার পিঠে লাগে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থী অপর্ণা ইলিয়াস নদী ও সেলিম আল মামুনকে আ.লীগের নেতারা চাইনিজ কুড়াল দিয়ে কোমরে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়লে বেদম প্রহার করা হয়। মামলার বাদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মুর্শেদুল ইসলাম অন্তর জানান,সকলের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেয়ায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।তিনি সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা ও সখীপুরের ইতিহাসে এমন ঘৃণ্যতম অপরাধের প্রতিবাদ ও ন্যায়বিচার দাবি করেন। এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আইনি প্রক্রিয়া শেষে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।