বানভাসি মানুষের পাশে সাতক্ষীরার “ডিলাইটেড ক্লাব”
দেশের ইতিহাসে ভয়াবহ বন্যায় দুর্বিসহ সময় পার করছে কয়েক জেলার মানুষ। এই কঠিন সময়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরার ডিলাইটেড ক্লাব।বন্যার্ত অঞ্চলে অসহায় পরিবারগুলোর মাঝে নানাবিধ ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করছে এই অরাজনৈতিক, সামাজিক সংগঠনটি।
মূলত দেশে স্বাভাবিক বৃষ্টি বিরাজ করলেও ভারতীয় কারসাজিতে বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে মারাত্মক বন্যা। ঘরবাড়ি, ক্ষেত-খামার, গবাদিপশু, আবাসন সহ ধ্বংস হয়ে গেছে সবকিছু। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব ও হতবাক লক্ষ লক্ষ মানুষ। দেশব্যাপী প্রাণহানির সংখ্যাও কম নয়। সবমিলিয়ে এই বন্যায় রীতিমতো নাজুক অবস্থা তৈরি হয়েছে প্রতিটি বন্যার্ত এলাকায়।
অন্যান্য জেলার মতো বাদ যায়নি খুলনা জেলা। সাম্প্রতিক বন্যায় খুলনায় ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। তাইতো প্রতিবেশী জেলা খুলনার পাইকগাছায় বিনামূল্যে ত্রাণ দিতে ছুটে গিয়েছে "ডিলাইটেড ক্লাব।"
আজ সোমবার (২ সেপ্টেম্বর) খুলনা জেলার পাইকগাছা থানার দেলুটি গ্রাম সহ প্রায় শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। চাল, বস্ত্র, চিনি, মুড়ি, ঔষধ, মশার কয়েল, স্যালাইন, ঔষধ, বিস্কুট, খেজুর, প্যাড সহ বিভিন্ন ধরনের উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়।
ক্লাবটির সভাপতি মোঃ শফি গাজী বলেন, 'সামাজিক ও জনকল্যাণমুখী কাজের উদ্দেশ্যে (লাঙ্গলঝাড়া ও কলারোয়া অঞ্চল ভিত্তিক) আমাদের ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। তাই এই কঠিন সময়ে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা কিছুটা স্বস্তি অনুভব করছি। অনেক বড় পরিসরে না হলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।'
ডিলাইটেড ক্লাব একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। এটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। গত চার বছরে ফ্রী বাজার, রাস্তা সংস্কার, ফ্রী রক্ত বিতরণ, অসুস্থ রোগীদের ফ্রী চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের সামাজিক ও জনকল্যাণমুখী কাজের সাথে যুক্ত রয়েছে কিশোর ও যুবকদের এই ক্লাবটি।