হোমনায় আলোচিত ৩ খুনের আসামী আটক
কুমিল্লায় হোমনায় আলোচিত মা-ছেলে ও ভাতিজিসহ তিন জনকে হত্যার ঘটনায় আক্তার হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে হোমনার শ্রীমদ্দি চরেরগাও এলাকা থেকে অভিযুক্ত আক্তার হোসেনকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। শনিবার বিকেলে আদালতে তোলা হলে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আক্তার। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জয়নাল আবেদীন জানান, নিহত মাহমুদার সঙ্গে আক্তার হোসেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই সুবাদে আক্তারের কাছ থেকে মাহমুদা ৩৫ হাজার টাকা ধার নেন। এরপর সে আবারো ১০ হাজার টাকা ধার চায়। এ নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এ নিয়ে নিহত মাহমুদা আসামী আক্তার এর ওপর ক্ষিপ্ত হন। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আক্তারকে পাওনা টাকা ফেরত দেবেন বলে বাড়িতে ডাকেন মাহমুদা। এক পর্যায়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন। এ সময় মাহমুদার মাথায় আঘাত করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন আক্তার। এ ঘটনায় কোন সাক্ষী না রাখতে মাহমুদার ছেলে সাহাত এবং ভাতিজী তিশাকেও মাথায় আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যান আক্তার। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত মাহমুদার বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। এরপর শুরু হয় তদন্ত। তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টায় আক্তারকে শনাক্ত করে শুক্রবার রাত দেড়টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।