ভয়ংকর সত্য

৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২৪ অপরাহ্ণ
লেখক-ইলিয়াস কাশেম (সাংবাদিক,কলামিস্ট ও কথাসাহিত্যিক) , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সব ভালো'র বিপরীতেই লুকিয়ে আছে মন্দ,যেমন আলোর বিপরীতে লুকিয়ে থাকে বিদঘুটে অন্ধকারাচ্ছন্ন। পৃথিবীতে নিরপেক্ষ বলতে কেউ নেই,যিনি বলেন আমি নিরপেক্ষ,তিনি নিজেও আত্মপক্ষ সমর্থন করেন।একমাত্র স্বতন্ত্র শব্দটিই প্রকৃতির মতো নির্মল ও সজীব,যার নেই নিজস্ব কোন পক্ষ,সেই মহতি শব্দটিই হবে স্বতন্ত্র। ৭১ এ দেশ স্বাধীনের পর,একমাত্র শহীদ জিয়ার আদর্শিক রাজনৈতিক দল ছাড়া কেউ রাজনৈতিক দল গঠন করে সুবিধা অর্জন করতে পারেনি।এর কারণ একটিই,বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তি আদর্শ ছিলো বাংলাদেশের ঐতিহাসিক ও সর্বশ্রেষ্ঠ আদর্শ।যার মধ্যে ছিলোনা কোন বিলাসিতা,ব্যক্তি ও পারিবারিক স্বার্থ।তিনি আজও বাংলাদেশের জন্য এক মহান অনুসরণীয় আদর্শিক বীর পুরুষ।একমাত্র শহীদ জিয়াউর রহমানের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালবাসার জোর থেকেই আজও এশিয়ার সবচেয়ে বৃহৎ জনপ্রিয় দল হিসেবে বিএনপি দাঁড়িয়ে আছে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে।এই দলটির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই বিগত আওয়ামী ফ্যাসিজমের এতটা নির্মমতার সৃষ্টি হয়েছিল।বিগত জুলাইয়ের ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু মোটেও স্বৈরাচার পতনের ছিলো না,ছিলো সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের লক্ষ্য নিয়েই।একটি সময় পতিত স্বৈরাচার ছাত্র আন্দোলনকে জোর পূর্বক দমননীতি নিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠলেই নড়েচড়ে বসেন দেশপ্রেমিক রাজনৈতিক দল বিএনপি।আনুষ্ঠানিক ঘোষণা যতটা না এসেছে,তারচেয়ে বেশি এসেছে তৃণমূলের দীর্ঘ সতেরো বছরে জুলুম নির্যাতন হওয়া দলীয় কর্মীসমর্থকদের প্রতিরোধী মনোবল নিয়ে ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে সরাসরি যুদ্ধের মাঠে প্রাণপণ লড়াই করে যাওয়া।সেই সাথে শিবিরের নেতাকর্মীরাও এসে যোগ দেন সেই ঐতিহাসিক আন্দোলনে।আর আন্দোলনের গতি বৃদ্ধির সাথে সাথে সাধারণ জনগণও সংযুক্ত হন এই কাতারে।কিন্তু বিগত ২ কিংবা ৩ আগষ্টও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যখন স্বৈরশাসক শেখ হাসিনার পতনের লক্ষ্য স্থির করতে সিদ্ধান্তহীনতায় ভোগছিলেন,এর বহু পূর্বেই কিন্তু এদেশের বৃহৎ রাজনৈতিক স্বৈরাচার বিরোধী শক্তি ও সাধারণ জনগন মনে মনে এই মূল সিদ্ধান্তটিকে লক্ষ্যবস্তু করেই রক্তদানে সামিল হয়েছিলেন।আর যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন বুঝতে পারলেন যে,আর পিছনে ফিরে যাবার সুযোগ নেই,কারণ আন্দোলন তার নিজ গতিতেই সরাসরি স্বৈরশাসক শেখ হাসিনার পতনে রুপ নিয়ে গেছে।ঠিক তখনই সমন্বয়কগন সময়োপযোগী সিদ্ধান্তের ঘোষণাটি দিয়ে বসেন।আর ঐ সময়ে ৫ আগষ্টের ঢাকা ঘেরাও কিংবা গনভবন ঘেরাও কর্মসূচীর ঘোষণা না আসলেও,সাধারণ ছাত্র জনতা কিন্তু পিছিয়ে যেতেন না,অঘোষিত ভাবেই,নেতৃত্বহীন প্রাকৃতিক নেতৃত্বেই তা করে বসতেন।আরেকটু গভীরের ভয়ংকর সত্য হলো আন্দোলনকারী ছাত্র-জনতা স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন এবং সেই পরিস্থিতির আলোকেই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধানসহ কিছু তরুণ অফিসার এবং সদস্য,পুলিশকে আমরা যতই দোষারোপ করিনা কেন,কিছু বিপথগামী পুলিশ ব্যতীত বেশির ভাগ পুলিশ,বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু দেশপ্রেমিক অফিসার ও সদস্যগন সেই বিশ্ব কুখ্যাত স্বৈরশাসক শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন এটিই সবচেয়ে বড় সত্য।একই সাথে সিভিল প্রশাসনের একটি বিরাট অংশ স্বৈরশাসক শেখ হাসিনার পতনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন,কিন্তু তা অতি গোপনে ও কৌশলে। তা নাহলে দেশের বেশিরভাগ সংবাদ পত্র ও মিডিয়ার যে রহস্যজনক নিরবতা ও অপপ্রচার চলমান ছিলো, দেশে রক্তগঙ্গা বয়ে গেলেও শেখ হাসিনার মতো ভয়ংকর ও বিভৎস খুনী রাক্ষুসী এত সহজেই ক্ষমতা ছেড়ে নিজের জীবন নিয়ে পালিয়ে যেতেন বলে মনে হয়না।তাই আমার বক্তব্য একটু অপ্রিয় হলেও এটা সত্য যে,৭১ এর স্বাধীনতা সংগ্রাম পরবর্তী যেমন আওয়ামিলীগ মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব নেবার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে আজও,সেই একই পথে কেন ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র সমাজ?ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ নাই করতে পারি,তবে ইতিহাসের পাতা কেন আমাদের খলনায়কের জায়গায় না বসিয়ে নায়ক হিসেবে স্বীকৃতি দিতে যাবে? আমার এত কথা বলার কারণ একটিই,তা হলো যদিও এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত আন্দোলনের সব ফসল বা কৃতিত্ব নিজেদের মনে করে গর্ববোধে ব্যস্ত,কিন্তু বাস্তবতা বলে এদেশের ছাত্রদের যৌক্তিক আন্দোলনটি একান্তই ছিল কোটা পদ্ধতি বাতিলের।যাইহোক,ইতিহাস বলে ৫২ থেকে ৬৯ হয়ে ৭১ এর স্বাধীনতা সংগ্রাম,৯০ এর স্বৈরাচার বিরোধী গনঅভ্যুত্থান এবং সর্বশেষ ২৪ এর স্বৈরাচার বিরোধী গনঅভ্যুত্থান এর সবগুলো আন্দোলনের পিছনেই রয়েছে ছাত্রদের সবচেয়ে বড় ভূমিকা।একথা অস্বীকার করবার মতো সাধ্য কারওরই যেমন নেই।সেই সাথে এ-সব ঐতিহাসিক আন্দোলনে রাজনৈতিক দল,সাধারণ জনগনের পাশাপাশি সব সরকারের আমলেই সংঘটিত ঐতিহাসিক আন্দোলনের পিছনে কমবেশি রয়েছে সরকারি আমলা,সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা।যাকে একবিন্দুও খাটো করে দেখবার সুযোগ নেই কিংবা অস্বীকার করা যায়না।ক্ষমতা আসবে ক্ষমতা যাবে,রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া,কিন্তু অস্বাভাবিক প্রক্রিয়ার পতনগুলোই আসে মিথ্যা,দম্ভ-অহংকার কিংবা ক্ষমতার লোভ থেকে।মসনদে বসে ক্ষমতাকে যারাই পৈত্রিক সম্পত্তি বা তার নিজস্ব অধিকার মনে করে পাগলা ঘোড়ার সওয়ার হিসেবে বেছে নেন,তাদের পালাবদলটি হয় অস্বাভাবিক ও অপমানজনক।এ বিষয়টি যতক্ষণ ক্ষমতার মসনদ দখলে থাকে,ততক্ষণ বুঝা বা অনুভব করাটাই আমাদের দেশের সংস্কৃতিতে বিরল।আজও যেন আমাদের সেই বিরলতা ঝেঁকে না বসে,পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যেন,ক্ষমতায় আরোহীগন নিজেদের স্বচ্ছতা ভুলে গিয়ে,মন মানসিকতায় লোভ ঝেঁকে না বসে,সেটিই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়।পশু ক্ষেতে ফসল খাওয়ার ভয়েই যেমন কৃষক তার ফসলি ক্ষেতে বেড়া দেন,তেমনি আপনারা যারাই এখন রাষ্ট্রের অস্থায়ী দায়িত্বে নিয়োজিত,তারা যেন আবার নিজেরাই ক্ষেতের ফসল খাওয়া শুরু না করেন,সেইটিই এখন সবচেয়ে বড় লক্ষ্যণীয়। রাজনৈতিক দল গঠন একটি গনতান্ত্রিক ও মৌলিক অধিকার,সে যেকোনো নাগরিক তা করতেই পারেন। এখানে কারও কোন দ্বিমত থাকবার কথা নয়,তবে ছাত্ররা আমাদের সন্তান,তারা এখনও শিক্ষার্থী,এদের রাষ্ট্রের দুর্দিনে সাময়িক রাজপথে আসাটাও যেমন নৈতিক দায়িত্ব,তেমনি দায়িত্ব শিক্ষা জীবন পরিপূর্ণভাবে শেষ করে রাষ্ট্রের কাজে,পারিবারিক কাজে মনোনিবেশ করাটাও।এদিকটা ভুলে যদি ছাত্ররা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যেকোন ভাবেই ক্ষমতার লোভে নিজেদের আটকিয়ে না ফেলেন,সেটিই এখন বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্র মেরামত আর রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয়।বিষয় দুইটি,মেরামতকারী দক্ষ মেরামত করতেই পারেন,তাই বলে যে মেরামতকারী দক্ষ ড্রাইভার তা ভাবা হবে জাতিকে বিপথগামী করে তোলবার সামিল। বিগত ৫ আগষ্টের ঐতিহাসিক বিজয়ের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বতীকালীন (অস্থায়ী সরকার) দেশকে সংস্কারের স্লোগান নিয়ে এগিয়ে চলছেন,কিন্তু কোথায় কি সংস্কার এবং তা কিভাবে সম্ভব এর কোন রোডম্যাপ দেখানো হচ্ছে না।এটা আদৌও কতটুকু সম্ভব,আর সম্ভব হলেও তার ভিত্তি কতটা মজবুত ও স্থায়ীত্ব পেতে পারে তার কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন বলে ধরে নেবার কারণ আপাতত বলা যাচ্ছে না।কারণ একটি গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাংবিধানিক সংস্কার করতে হলে সবার আগে প্রয়োজন গনতান্ত্রিক ও রাজনৈতিক সরকার।কিন্তু বর্তমানে যে সরকার আমাদের দেশের শাসন ভারের দায়িত্বে নিয়োজিত তা কিন্তু সাংবিধানিক স্বীকৃত নয়,যদিও গনঅভ্যুত্থানের পর প্রচলিত ধারার নিয়মের ব্যতিক্রম শাসন ব্যবস্থা চলমান এবং রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ অলিখিত জনমত রয়েছে এ সরকারের পিছনে,তবুও এটিকে আইনগত বা সাংবিধানিক স্বীকৃতি দিতেও প্রয়োজন পড়বে সেই গনতান্ত্রিক ও রাজনৈতিক সরকারের।আর এমন পরিস্থিতির প্রয়োজনের তাগিদে গঠিত শাসন ব্যবস্থা যেকোনো অজুহাতেই দীর্ঘ হবার কোন সুযোগ নেই,আর যদি তা কোন কারণে দীর্ঘায়ীত করাও হয়,পরবর্তীতে গনতান্ত্রিক ও রাজনৈতিক সরকার ফিরে আসলে তা তারা যদি সাংবিধানিক স্বীকৃতি না দেন,তবে কিন্তু আবারও একটি জটিলতা সামনে আসতে বাধ্য। এদিকে এ সরকারের বয়স দেখতে দেখতে এক মাস অতিবাহিত হয়ে গেলেও আগামী সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে,তার কোন পাত্তা যেমন সরকার দিচ্ছেন না,সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র সমাজও শুনতে পারছেননা।ইতিমধ্যেই একটি যুক্তি ব্যাপকহারে প্রচারিত হচ্ছে যে,আগে সংস্কার পরে নির্বাচন।পাশাপাশি এও বলা হচ্ছে যে,নির্বাচন নিয়ে এত তাড়াহুড়ো যেন না করা হয়,কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে সেই একই যুক্তি। এর পূর্বে পতিত স্বৈরাচার যেমন উন্নয়নের দোহাই দিয়ে এমন একটি প্রচার ও যুক্তি সাধারণকে খাওয়াতে চেষ্টা করে গেছেন যে,আগে উন্নয়ন পরে গনতন্ত্র।এমন দোহাই দিয়ে বছরের পর বছর বিরোধী রাজনৈতিক দলগুলোকে চরম নির্যাতন নিপীড়ন করে একে একে ৩ সংসদ পাড় করে অবশেষে ৪র্থ সংসদের প্রথম বছরই অবিশ্বাস্য পতনের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।এদিকে দিন যতই যাচ্ছে বর্তমান অস্থায়ী সরকার স্থায়ী হবার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন বলেই মনে হচ্ছে।অরাজনৈতিক সরকার এখন রাজনৈতিক হবার পায়তারাও যে কৌশলে করতে উদ্যোত,সেকথাও অস্বীকার করবার উপায় নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ইতিমধ্যেই সে রাজনৈতিক ঈঙ্গিত প্রকাশ্যে আনতেও শুরু করেছেন।এদিকে অরাজনৈতিক ও অস্থায়ী সরকারের দায়িত্ব যে,শুধুই একটি গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে দেয়া,সেকথা বেমালুম ভুলেই বসে আছেন।যাইহোক, অস্থায়ী সরকার যে,স্থায়িত্ব ও রাজনৈতিক হবার পথে হাঁটছেন,এর কিছু প্রমাণ এরই মাঝে স্পষ্ট হতেও শুরু করেছে।তরুণ ও ছাত্রদের দিয়ে নতুন রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা,নির্বাচনে যেকোনো মূল্যে কালবিলম্ব করে পাশাপাশি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে কিছুটা ছাড় দিয়ে ও জামাতকে পূনরুজ্জীবিত করে সরকারের সময় বৃদ্ধি করার একটি সূক্ষ কৌশল অবলম্বন করে এগিয়ে যাওয়া।সংস্কার ও পতিত স্বৈরাচারের বিচার সম্পন্ন করবার একটি টোপ দেয়া,নিজেদের ভালো মানুষ হিসেবে সাধারণ জনগণের উপর বিশ্বাস স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়াসহ বেশ কিছু উদাহরণ ইতিমধ্যেই প্রমাণ করে যে,এ সরকারের দায়িত্বের অতিরিক্ত কিছু একটা রহস্য অবশ্যই মনে পোষণ করে বসে আছেন।যা সরকারকে অদুরভবিষ্যতে বিতর্কিত করবে এবং ১/১১ এর সেনাসমর্থিত ফখরুদ্দীন- মইনুদ্দীন সরকারের মতোই কলংকের বোঝা বয়ে বেড়াতে হবে,একথা এখন মোটামুটি ধারণা করাও ভুল হবেনা।বর্তমান সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে,তারা একটি স্বাভাবিক প্রক্রিয়ায় বা গনতান্ত্রিক প্রক্রিয়ায় আগমন করেননি,তাদের আগমন নেহাতই কাকতালীয় ভাবে সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়ায় শুধু মাত্র মৃত গনতন্ত্রকে পূনরুজ্জীবিত করবার অস্থায়ী দায়িত্ব নিয়ে সেও সাধারণ জনগণের অলিখিত ম্যান্ডেটে।এর বেশি কিছু চিন্তা করলে অবশ্যই সূর্যের মতো শীতকালে প্রিয় হলেও একই সূর্য গরমকালে যেমন মানুষের মনে অসহ্য হয়ে উঠার মতোই একটি প্রাকৃতিক বিপর্যয় ও বিস্বাদ লাগে,ঠিক তেমনি আপনাদেরও হতে হবে।সরকারকে এও মনে রাখতে হবে যে,এদেশের লাখ লাখ আওয়ামিলীগের কর্মী রাতারাতি হাওয়া হয়ে যায়নি বা শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়েও যায়নি।তারা এদেশের আনাচেকানাচেই এখনও ছড়িয়ে ছিটিয়ে উৎ-পেতে বসে আছে সময় এবং সুযোগের অপেক্ষায়।পাশাপাশি কৌশলে অতি গোপনে ধীরগতিতে হলেও এরা ক্রিয়াশীল নিষ্ক্রিয় নয়।এদিকে জামাতের কৌশলে আওয়ামিলীগ কখনও ধরা দেবে বলে মনে করবার কোন কারণ নেই।আওয়ামিলীগকে আমি যতটা চিনি ও জানি,তাতে আওয়ামিলীগ আত্মহত্যা করতে পারেন,কিন্তু জামাতের মতো ধর্মীয় উগ্রবাদী কথিত জঙ্গি সংগঠনের নিকট কখনও ক্ষমা চাইতে পারেনা।কিন্তু জামাত ইতিমধ্যেই আগবাড়িয়ে আওয়ামিলীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মতো গর্হিত দাম্ভিকতা প্রকাশ করেছেন।এটা সরকারের ছত্রছায়ায় একটি চরম গর্হিত কাজ হিসেবেই মনে করা যায়।পাশাপাশি সরকারকে এও স্বরণে রাখতে হবে যে,অকর্মন্য মস্তিষ্ক যেমন শয়তানের বোঝা,তেমনি আওয়ামিলীগের মস্তিষ্ক এখন শয়তানের বোঝা।এরা ছত্রভঙ্গ হয়ে গেলেও গোপনে গুজব ও অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করবার অপচেষ্টায় এখন সবচেয়ে বেশি মনোযোগী।এদিকে বিগত পনেরো বছরে আওয়ামিলীগ এদেশের প্রতিটি সরকারি,আধাসরকারী কিংবা বেসরকারি প্রতিষ্ঠানেও তাদের কট্টরপন্থী লোকগুলো দিয়ে ভরিয়ে ফেলেছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এরাও অনেকটা গা বাঁচিয়ে কিছুটা খোলস পরিবর্তন করলেও,অন্তরে এদের প্রতিশোধের চরম ক্ষোভ জিইয়ে রেখেই সুযোগের অপেক্ষায় উৎ-পেতে আছে। পাশাপাশি এই চক্রের একটি অংশই সংবাদ পত্র ও মিডিয়ার অবাদ স্বাধীনতার সুযোগ গ্রহণ করে অতি কৌশলে এগিয়ে চলছে সরকারকে বেকায়দায় ফেলার হোমিওপ্যাথিক চিকিৎসার মতো ধিরস্বস্থিরে। যা সরকারকে বুঝতেও প্রায় ২/৩ বছর সময় লাগতে পারে।সরকার প্রধান যতবড় অভিজ্ঞ ব্যক্তিই হোন,কিন্তু সংবাদ পত্র বা মিডিয়ার কৌশল ধরতে যে বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন,তা বোধ করি খুব একটা বেশি নেই। আমি একজন সংবাদ কর্মী হিসেবে এ-কথা হলফ করেই বলতে পারি।এছাড়াও অন্তর্বতীকালীন সরকার এখন যতটাই সময় বেশি নিবেন নির্বাচন অনুষ্ঠানের জন্য,ঠিক ততটাই রাজনৈতিক জটিলতা ঘন হয়ে আসবে।আমি মনে করি একটি অনির্বাচিত সরকারের জন্য এটা সবচেয়ে বড় ঝুঁকি, যা সামলানোর ক্ষমতা আপনাদের নেই।রাজনৈতিক সমীকরণ অনেকটাই জটিল বিষয়,যা বৃহৎ রাজনৈতিক দলগুলো ছাড়া নিরসন অসম্ভব।কাজেই এতবড় ঝুঁকি আপনাদের নেয়া কতটা উচিৎ,সে বিবেচনা আপনারাই ভালো করতে পারবেন।মনে রাখাটা জরুরি যে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে যদি বৃহৎ রাজনৈতিক দলগুলোর নিরংকুশ সহযোগিতা ও সমর্থন না থাকতো,তবে শেখ হাসিনার পতন দুরে থাক,সামান্য কোটা পদ্ধতি বাতিলের সম্ভবনাও অসম্ভব হয়ে যেতো।আজ যাদের উপরে ভর করে সর্বজন শ্রদ্ধেয় নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস সাহেব ভিন্ন চিন্তা মাথায় নিতে ভাবছেন,এরাই কিন্তু রাজনৈতিক বিপদ দেখলে উল্টো আপনার দিকেই আঙ্গুল তোলে বসবেন।কারণ এরা নিজেদের যতই অরাজনৈতিক সাধারণ ছাত্র দাবি করুক,আদতে এদের সংখ্যাগরিষ্ঠ অংশই গোপনে হয় বিএনপির ছাত্র সংগঠনের নয় জামাতের ইসলামীর ছাত্র শিবিরের।আর যে অংশটি এ-সব কোন রাজনৈতিক দলের সঙ্গে সংপৃক্ত নয়,তারাই হয়তোবা নতুন রাজনৈতিক দল গঠনের দিকে ঝুঁকে যাচ্ছেন।কিন্তু এতে সফল তো হওয়া সম্ভব নয়ই,উল্টো হিতে বিপরীত হবার সম্ভবনাই সবচেয়ে বেশি।কারণ এদেশের রাজনীতিতে শহীদ জিয়া ও শেখ মুজিবের ব্যক্তিত্বের উপর,আদর্শের উপর ভর করেই মূলতঃ বৃহৎ দুইটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল এবং এতটা জনপ্রিয়তা অর্জন করতে সম্ভব হয়েছিল।এখন সেই সময় ও পরিস্থিতি নেই আর নেই শহীদ জিয়া কিংবা শেখ মুজিবের মতো ব্যক্তিত্বও।আমাদের দেশের প্রচলিত ধারার রাজনীতিতে ব্যক্তির আদর্শের উপর যেখানে রাজনৈতিক দল গঠন হয়ে আসছে,সেখানে তেমন বৈশিষ্ট্য সম্পন্ন নেতৃত্বের আবির্ভাব না হওয়া পর্যন্ত এদেশের রাজনৈতিক অঙ্গনে তৃতীয় শক্তির উত্থান অসম্ভব বিষয়। আর যদি আওয়ামিলীগের বিকল্প হিসেবে সংসদের বিরোধী দল বানাতে জামাতের কিছু আসন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে সরকার সময়ক্ষেপন করেন,তবে সেক্ষেত্রেও জামাত যত কৌশলই অবলম্বন করুক বা সরকার যত সহযোগিতার হাত প্রসস্থই করুন,বিএনপি ও জামাত পৃথকভাবে নির্বাচন করলে,সে নির্বাচনে যদি কোন ইঞ্জিনিয়ারং না হয়,যদি নিরংকুশ স্বচ্ছ ও অবাদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়,তবে আমি অগ্রিম গ্যারান্টিসহ চ্যালেঞ্জ করেই বলছি জামাত সর্বোচ্চ ৩৫/৪০ টির উপরে আসন পাবেনা।আর সরকার যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উৎসাহ দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেন, আরও ২/৩ তিন বছর তাদের সংগঠন দাঁড় করানোর মতো সময় দিয়েও নির্বাচন অনুষ্ঠান করেন,সেক্ষেত্রেও সেই নতুন রাজনৈতিক দল সর্বোচ্চ ১০/১৫ টি আসন পেতে পারেন,সেও অনেকটা টানাটানি হবে। "chain of command" ইংরেজিতে এই চেইন অফ কমান্ড শব্দটি যদিও আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোর শৃঙ্খলা রক্ষায় কার্যকরী তবুও আমাদের দেশের সংবিধানে এই শব্দটির সাথে আরেকটা শর্ত সংযোজন করা এখন বেশি প্রয়োজন।তা হলো অন্যায় আদেশ পালনের ক্ষেত্রে এই নিয়ম অমান্য করবার স্বাধীনতা "Freedom to override the chain of command to carry out unjust orders" এটা করাটা যদিও কিছুটা ঝুঁকি বা বিশৃঙ্খলা দেখা দেয়ার শংকা থাকে,সেই জন্য আরেকটি শর্ত সংযোজন করা যেতে পারে যেমন,উর্ধ্বতন কর্তার অন্যায় আদেশের যথেষ্ট প্রমাণ সংরক্ষণ। "Preserving substantial evidence of wrongful orders of superiors" যদি এটা সাংবিধানিক ভাবে সংযুক্ত করে বাস্তবায়ন করা সম্ভব হয়,তবে আমাদের দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যে বা যারাই আসুক,অন্তত পক্ষে সিভিল প্রশাসন কিংবা আইনপ্রয়োগকারী সংস্থার দ্বারা যা খুশি তাই করা সম্ভব হবেনা।এতে করে দেশ থেকে স্বৈরতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক নেতৃত্বের লাগাম টানা অনেকটাই সম্ভব হতে পারে।আবার এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর বা ফলদায়ক হতে সবচেয়ে বেশি প্রয়োজন নৈতিক শিক্ষার ব্যাপক প্রচলন ও প্রতিষ্ঠা করা।সেটা ক্ষুদ পরিবার থেকে শুরু করে সামাজিক,ধর্মীয়,রাজনৈতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সমান্তরাল ভাবে বিস্তৃত করতে হবে।পাশাপাশি দেশের প্রচলিত ধারার রাজনীতির আমূল সংস্কার,বিশেষ করে নৈতিক ভিত্তি ও প্রকৃত গনতান্ত্রিক চর্চা ব্যাপক ভাবে বাস্তবায়ন ও মূল্যায়ন।আপনি একটু গভীর ভাবে তথ্য নিয়ে জানুন,পৃথিবীর সবচেয়ে বেশি উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে ইউরোপ ও আমেরিকান দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ জনগন পবিত্র ধর্ম ইসলামের অনুসারী না হয়েও,পৃথিবীর সেরা নৈতিকতা সেইসব দেশে ব্যাপকহারে প্রচলিত ও প্রতিষ্ঠিত।সেই হিসাব মতে আমাদের বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো এবং কি আরবীয় দেশগুলো যদিও আনুপাতিক হারে পবিত্র ধর্ম ইসলামের অনুসারী সংখ্যাগরিষ্ঠ,তবুও নৈতিক ভিত্তির দিক থেকে ইউরোপ -আমেরিকান দেশগুলোর চেয়ে অনেকটা লঘু।সবচেয়ে বড় যে বিষয়টি লক্ষ্যনীয়,তা হলো মানবিক মূল্যবোধের দিক থেকেও তারা অনেকটা এগিয়ে।তাহলে পৃথিবী সেরা ধর্ম আমাদের কি শিক্ষার আহবান করছেন,আর আমরা কি শিক্ষা গ্রহণ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৌঁছে যাচ্ছি?এ প্রশ্ন আমার মতো বহু সংখ্যক মানুষকে প্রতিনিয়ত নাড়া দিয়ে যাচ্ছে। লেখক -সাংবাদিক,কলামিস্ট ও কথাসাহিত্যিক।