গরু চোর সন্দেহে মহেশপুরে গণপিটুনিতে হতাহত ৩

১২ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:১৫ অপরাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের মহেশপুরে বৃহস্পতিবার গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মহেশপুরের ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। এ সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তারা। এসময় চোর শরিফুল ইসলাম পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে বিক্ষুদ্ধ গ্রামবাসি তিনজনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে এসে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যান। খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গ্রামবাসি বলছেন, হতাহত চোররা পারিবারিকভাবে দির্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বজলুর রহমান বটার পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চোরের দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে পরিচিত। মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটুনির স্বীকার হন। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।