সর্বকালের শ্রেষ্ঠ মানব, সেরা রাষ্ট্রনায়ক প্রিয় নবীজি

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যুর দিন আজ

১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ ও শান্তির ধর্ম ইসলাম ধর্মের প্রচারক ও মহান আল্লাহ কর্তৃক দায়িত্বের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা) এর জন্ম ও মৃত্যুর দিন আজ। সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের নিকট দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত। হিজরী সালের ১২ রবিউল আউয়াল অর্থাৎ ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে হযরত মুহাম্মদ সাঃ আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই দিনেই (১২ রবিউল) মৃত্যুবরণ করেন তিঁনি। পুরো বিশ্বব্যাপী আজকের দিনটি তাই অত্যন্ত পবিত্র, মহিমান্বিত ও অনন্য। পৃথিবীতে এ পর্যন্ত যত ধর্মের ও যত সময়ে নবী-রাসুল এসেছেন। ইসলামের প্রিয়নবী রাসূলে করিম হজরত মুহাম্মদ (সা) তাঁদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ। সমগ্র মুসলিম বিশ্বের কল্যাণের জন্য তিনি শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের তারিখ ছিল ১২ই রবিউল আউয়াল, ইংরেজি সন মোতাবেক ৫৭০ খৃস্টাব্দ। অনেক অমুসলিম লেখক বলেন, তাঁর জন্মের সুনির্দিষ্ট তারিখ কোনটি সে সম্পর্কে মতভেদ রয়েছে। অমুসলিম লেখক ও শিয়া-সুন্নী বিতর্কঃ প্রখ্যাত ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে ৫৭০ সন ব্যবহার করেছেন। এক বর্ণনা মতে তাঁর জন্ম ৫৭১ সালের ২০ বা ২২ শে এপ্রিল। তবে নবীর প্রকৃত জন্মতারিখ বের করা বেশ কষ্টসাধ্য। এজন্যই এ নিয়ে মতবিরোধ রয়েছে। ঐতিহাসিক ও হাদিস বর্ণনাকারীদের সিংহভাগের মতে, তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। তাই ইসলামি বিভিন্ন কিতাব ও স্কলারদের মতানুযায়ী ১২ই রবিউল আউয়াল সর্বজন স্বীকৃত। কারণ বিভিন্ন অমুসলিম, খ্রিস্টান, ইহুদি লেখক সম্প্রদায় নবীজির জন্ম, মৃত্যু তারিখ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চেয়েছে। সুন্নি মতাবলম্বীদের সিংহভাগ ১২ রবিউল আউয়াল সোমবারকে মহানবীর (সাঃ) জন্মদিন বলে ভাবেন। অন্যদিকে সিংহভাগ শিয়া ইতিহাসবিদ ও জীবনীকারের মতে, হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ১৭ রবিউল আউয়াল শুক্রবার। শিয়া জীবনীকারদের মধ্যে একমাত্র আল কুলাইনী মনে করেন, ১২ রবিউল আউয়ালেই মহানবী (সঃ)-এর জন্ম। তবে তাদের এই মত বিতর্কিত। নবীজির ওফাত পূর্ববর্তী সময়ঃ বিদায় হজ্জ থেকে ফেরার পর হিজরি ১১ সালের সফর মাসে মুহাম্মাদ জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকেও উষ্ণতা অনুভূত হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি এগারো দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে ময়মুনার গৃহ থেকে আয়িশার গৃহে এসে অবস্থান করতে থাকেন। বলা হয়, এই অসুস্থতা ছিল এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। নবী (সাঃ) এর রোগ ও তাঁর ওফাতঃ হযরত আয়শা (রাঃ) বলেছেন, নবী (সাঃ) যে রোগে ইন্তিকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়শা! আমি খায়বারে (বিষযুক্ত) যে খাদ্য ভক্ষণ করেছিলাম, আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। আর এখন সেই সময় আগত, যখন সে বিষক্রিয়াতে আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। (বুখারীঃ ৪০৯৪) স্ত্রী আয়িশা রা: মতে, মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েছেন নবীজি। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কষ্ট হতে দেখেছি এরপর কারো মৃত্যুর সময় আসান হতে দেখতে আমার আর কোন ঈর্ষা হয় না। (সূনান তিরমিজীঃ ৯৮১; অধ্যায়ঃ ১০/ কাফন-দাফন; পরিচ্ছদঃ মৃত্যুর সময় কষ্ট হওয়া।) ১১ হিজরীর পহেলা রবিউল আউয়াল মাসে সোমবার ইসলামের নবী মুহাম্মাদ মৃত্যুবরণ করেন। এর মধ্য দিয়েই ইসলামের নব্যুয়তের ধারার পরিসমাপ্তি ঘটে। নবীজির রওজা মোবারকঃ প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) এর সমাধি, যা রওজা নামে মুসলিমদের কাছে অধিক পরিচিত। মসজিদ এ নববী, মদিনা, সৌদি আরব স্বর্ণখচিত সমাধিগৃহ (রওজা) নামেও অধিক সমাদৃত। স্ত্রী হজরত আয়িশা এর কক্ষে প্রিয় নবী মুহাম্মাদ সাঃ এর সমাধিস্থল। মদীনায় স্ত্রী আয়েশার ঘরের যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন, জানাজার পর সেখানেই তাঁকে দাফন করা হয়। পরবর্তীতে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময়ে, মসজিদে নববীকে সম্প্রসারণ করে হজরত মোহাম্মদ (সাঃ) এর কবরকে এর সম্প্রসারিত এলাকার ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানেও মসজিদে নববীর অভ্যন্তরেই তার কবর রয়েছে। জন্মঃ ১২ই রবিউল আওয়াল ৫৭০ খ্রিষ্টাব্দ, রোজ: সোমবার, সুবেহ সাদিকের সময়। জন্মস্থান: বর্তমান সৌদি আরবের মক্কা নগরী। বংশ: তৎকালীন প্রখ্যাত কোরাইশ বংশে। পিতা: আবদুল্লাহ। মাতা: আমেনা। দাদার: আব্দুল মুত্তালেব, আসল নাম-আমের। এছাড়া তিনি অনেকের কাছে শায়বা নামেও পরিচিত ছিলেন। দাদীর: ফাতেমা বিনতে আমর ইবনুল আয়েয। নানার: ওহাব। নানীর: বাররা। ধাত্রীমাতার: ফাতেমা বিনতে আবদুল্লাহ। উনি ছিলেন ওসমান ইবনে আবু আ’সের মাতা। দুধমাতার: হালিমা। নবীজির বংশধারাঃ ইসলামি কিতাব ও তথ্যমতে হজরত মুহাম্মদ সাঃ ছিলেন হজরত ইসমাঈল আ. এর বংশধর। ইমাম তাবারী তাঁর লিখিত ইতিহাস গ্রন্থে যে তালিকা দিয়েছেন, তা হলো- ১.মোহাম্মদ সা., ২. আবদুল্লাহ, ৩. আবদুল মুত্তালেব, ৪. হাশেম, ৫. আবদে মুনাফ, ৬. কুসাই, ৭. কেলাব, ৮. মুররাহ, ৯. কাব, ১০. লুয়াই, ১১. গালব, ১২. ফেহর (কোরায়েশ), ১৩. মালেক, ১৪. নজর, ১৫. কেনানা, ১৬. খুযাইমাহ, ১৭. মুদরেকা, ১৮. ইলয়াস, ১৯. সুযের, ২০. নাযার, ২১. মা’আদ, ২২. আদনান, ২৩. আরু, ২৪. হুমাইসা, ২৫. সালামান, ২৬. আওস, ২৭. বুয, ২৮. ক্বামওয়াল, ২৯. উব্বী, ৩০. আওয়াম, ৩১. নাশেদ, ৩২. হায্যা, ৩৩. বালদাস, ৩৪. ইয়াদলাফ, ৩৫. ত্বাবেখ, ৩৬. জাহেম, ৩৭. নাহেশ, ৩৮. মাখী, ৩৯. আইফী, ৪০. আবক্বার, ৪১. উবায়দ, ৪২. আদদা’আ, ৪৩. হামদান, ৪৪. সানবার, ৪৫. ইয়াস্রবী, ৪৬. ইয়াহ্যান, ৪৭. ইয়ালহান, ৪৮. আরউইয়া, ৪৯. আইয়া, ৫০. দীশান, ৫১. আইসার, ৫২. আক্বনাদ, ৫৩. আইহাম, ৫৪. মাক্বসার, ৫৫. নাহেছ, ৫৬. যারেহ্, ৫৭. শোম্মা, ৫৮. মায্যা, ৫৯. এওয, ৬০. আরাম, ৬১. কাইদার, ৬২. ইসমাঈল আ.। মৃত্যুঃ হিজরী ১১ সনের ১২ই রবিউল আওয়াল, ৬৩২ খ্রিষ্টাব্দের ৮ জুন সোমবার আনুমানিক বেলা ১১ ঘটিকার সময় হযরত মোহাম্মদ সা. সমস্ত মুসলিম উম্মাহকে কাঁদিয়ে তাঁর পার্থিব জীবন শেষ করেন। জানাযাঃ ইতিহাস অনুযায়ী নবী পাকের কোন আনুষ্ঠানিক জানাযা হয়নি। ওফাতের আগে প্রদত্ত নির্দেশ অনুযায়ী পবিত্র দেহ মোবারক গোসল ও কাফন পরানোর পর হুজরার মধ্যে রাখা হয়েছিল। লোকেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে হুজরায় ভেতর প্রবেশ এবং প্রত্যেকেই নিজে নিজে ছালাত ও সালাম পেশ করেন। এভাবে মদীনা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ত্রিশ হাজার লোক জানাযা পাঠ করেন। কবর খননঃ কবর খনন করেছিলেন হযরত আবু তালহা আনসারী রা.। দেহ মোবারক কবরে অবতরণঃ ১৪ই রবিউল আওয়াল বুধবার মাগরিবের পূর্বে, ওফাতের আনুমানিক ৭২ ঘন্টা পর নবীজির পরিত্র দেহ মোবারক কবরে অবতরণ করা হয়। এতে অংশ নেন হযরত আলী রা., হযরত আব্বাস রা. এবং তাঁর ছেলে ফজল ও কাসাম রা.। একনজরে ব্যক্তি হিসেবে হজরত মুহাম্মদ সাঃ মুহাম্মাদ এর আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; পূর্ণ সম্মানসূচক নাম: হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ﷺ), আরবের একজন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রবর্তক। ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত একজন নবী। যিনি হজরত আদম আঃ, ইব্রাহিম, মুসা আঃ, হজরত ঈসা আঃ এবং অন্যান্য নবীদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ সাঃ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবী ও রাসুল এবং পবিত্র কুরআন ও মুহাম্মাদ সা: এর জীবনাদর্শ (সুন্নাহ) হলো ইসলাম ধর্মের মূলভিত্তি। পৃথিবীর বড় বড় মনীষী, লেখক, পন্ডিত, ইতিহাসবিদ, ধর্মীয় স্কলার সহ সকলেই স্বীকার করেছেন, হজরত মুহাম্মদ সাঃ পৃথিবীর সর্বকালের সেরা মানুষ। প্রিয় নবীজির জন্ম থেকে মৃত্যু অবধি তাঁর জীবনচরিত বিশ্লেষণ অনুযায়ী তিঁনি ছিলেন, একাধারে আদর্শ মানব, সমাজ সংস্থারক, যুবকদের আইকন, সকলের বিশ্বাসী, আদর্শ স্বামী, সফল ও আদর্শ ব্যবসায়ী, ধর্মীয় আদর্শ, একনিষ্ঠ যোদ্ধা, সফল ও সাহসী সেনাপতি, সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক। এমনকি প্রিয় নবীজির জীবনে তিঁনি একটিও মিথ্যা কথা বলেননি। সবমিলিয়ে সর্বকালের সেরা মানব হজরত মুহাম্মদ সাঃ। বিশেষ দ্রষ্টব্যঃ মহানবী হজরত মুহাম্মদ সাঃ সম্পর্কে যাবতীয় তথ্য ও রেফারেন্স পবিত্র কোরআন, হাদিস, ইসলামি গ্রন্থ, ইতিহাস গ্রন্থ ও অনলাইন সাইট থেকে নেয়া হয়েছে।