দেশ ও সংবিধানের আগে, মানুষের মনের সংস্কার বেশি জরুরি
লেখক-ইলিয়াস কাশেম (সাংবাদিক,কলামিস্ট,কথাসাহিত্যিক ও রাজনৈতিক)। কিছু লোক এখনও দিব্যি মানুষের মতোই দেখতে,কিন্তু হৃদয়টা আদতে জগদ্দল পাথুরে আওয়ামী স্বৈরচারী মনুষ্যে ভরা।তেমনি প্রশাসনের বিভিন্ন আনাচকানাচে এখনও এরা ঘাপটি মেরে বসে আছেন,সময় এবং সুযোগ বুঝে এদের বিকৃত,ভয়ংকর ও বিভৎস মনুষ্যত্বের রূপ উঁকিঝুকি দিয়ে দেখা দেয় রাষ্ট্রের সামনে।ভাবখানা এমন যে,এঁরাই জগতের সবচেয়ে বড় সত্য আর বাকীরা সব মিথ্যা! রাষ্ট্র সংস্কারের শুরুটা হওয়া উচিৎ ছিল এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির মুখোমুখি দাঁড় করানো।কিন্তু রহস্যজনক কারণে সে থেকে যাচ্ছেই অধরা!এই বিকৃত চেতনাধারীরা এখনো মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে দেশকে শতভাগে বিভক্ত করে,দেশটির অপার সম্ভবনাকে ধূলিসাৎ করে ভিনদেশী তাঁবেদারী কায়েম করবার অপচেষ্টায় লিপ্ত।যদিও দৃশ্যমান ভাবে এরা বর্তমান সময়ে বিশ্বসেরা লজ্জিত পরাজিত অপশক্তি হিসেবেই গন্য।কিন্তু এরপরও কেন এদের উৎপাত মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই সদ্য স্বাধীন গন্য করা দেশে ! ৭১ এর মহান মুক্তিযুদ্ধে যদিও এদের ভূমিকা ছিল চরম বিতর্কিত,তবুও এরাই তৎকালীন পরাজিত শক্তিকে রাজাকারের গালিতে প্রতিষ্ঠিত করতে পারলেও,আজ কোন বিচারে এঁরা গনহত্যার মতো ঘৃণ্য অপরাধে জড়িয়েও এদেশে রাজাকার হতে পারবেনা?আজ আবার ২৪ এর নতুন স্বাধীনতার কৃতিত্ব নিয়েও চলছে কতিপয় রাজনৈতিক দলগুলোর সেই একই কায়দা কৌশলে বিতর্ক সৃষ্টির অপতৎপরতা।তবে কি ধরে নিতে হবে বাংলাদেশের জনগণ দুর্ভাগা হিসেবেই থেকে যাবে যুগযুগান্তর! আমরা আর কতকাল এ জমিনে ধারাবাহিক ভাবে রক্ত ঝড়াবো,কেউ কি এই গভীর প্রশ্নটির উত্তর করে দিতে পারবেন দয়া করে? ফ্যাসিবাদের কি মৃত্যু হবেনা এই হতভাগ্য দেশের মাটি থেকে কখনও? আমরা ফ্যাসিবাদের মৃত্যুদন্ড চাই,রূপবদল চাইনা।আমরা প্রকৃত শান্তি প্রতিষ্ঠার বাস্তবায়ন দেখতে চাই,কোন ধর্মের বাণীতে আবদ্ধ শান্তির কল্পকথার গল্প আর শুনতেও চাচ্ছি না। দয়া করে আমাদের দেশের সাধারণ মানুষের অবাদ স্বাধীনতা নিশ্চিত হবার বাস্তবিক পরিকল্পনা কার্যকর করুন,এরপর যত খুশি সংস্কার করে দেশের রূপ বদলিয়ে দিন।মানুষের মৌলিক অধিকার,সমঅধিকার ও বৈষম্য বিরোধী শব্দগুলো আপনাদের বিলাসবহুল অট্টালিকার সুকাচে সাজিয়ে রেখে এর কল্পকাহিনির রসালো কথার স্বপ্ন দেখতে আর এদেশের মানুষের ভালো লাগছেনা।এদেশের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে যায় এ-সব গল্প শুনে স্বপ্নের ঘোরেই,কিন্তু আজও সেই স্বপ্ন গুলো শুধু বক্তাগনের জীবনে বাস্তবায়ন হতে দেখা গেলেও,স্রোতা সাধারণের জীবনে সে-সব থেকে যায় অদুর আকাশের মতো বহুদূরেই। আমরা আর শাসকদের দ্বারা সাধারণ মানুষকে পদে পদে হয়রানি হবার কৌশলী সংবিধান সংস্কার চাই না।আমরা চাই,যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে ভবিষ্যতে স্বৈরশাসনের জন্ম নিয়ন্ত্রণ মূলক সংবিধান সংস্কার।আইন করে কখনও মানুষের মনমানসিকতা ও বিবেগ বোধ নিয়ন্ত্রণ করা যায়না।মানুষের মনমানসিকতা ও বিবেগ বোধ জাগ্রত করবার জন্য প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে নৈতিক ভিত্তি মজবুতের সুদুরপ্রসারি সঠিক পরিকল্পনা।পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মাঝে অভ্যন্তরীণ গনতান্ত্রিক চর্চা,নেতৃত্বে সৎলোকদের আবির্ভাব ঘটানো। সৎলোক বলতে আবার কেউ জামাতকে ধরে নিবেননা,কারণ ওরা মৌলবাদী সংগঠন।মৌলবাদ কখনও মানবতাবাদী গোষ্ঠী হতে পারেননা,মৌলবাদ হচ্ছে একপাক্ষিক চেনতার অন্ধ বিশ্বাস। পৃথিবীটা কোন একক ধর্মের জন্য প্রতিষ্ঠিত নয়,কারণ পৃথিবীর স্রষ্টা নিজেই সমস্ত মানুষের সৃষ্টিকারী এবং রিজিক দাতা। মানুষের মত ও পথের ভিন্নতা থাকতেই পারে,ভাষাগত অমিল কিংবা বর্ণগত ব্যবধান ব্যতীত মানুষের দৈহিক কোন পার্থক্য দিয়ে মানুষের সৃষ্টি হয়নি।মত পথের ভিন্নতার জন্য মানুষ তার পরকালীন বা অনন্তকালীন সুখ-দুঃখের স্থান নির্ধারণ করবে এটাই সবচেয়ে বড় সত্য। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নিজেও মানুষকে বহুবার সৎকর্মের আদেশ দিয়ে গেছেন,আর সেই সৎকাজের জন্য কোন নির্দ্দিষ্ট ধর্মের প্রয়োজন পড়েনা,প্রয়োজন পড়ে আপাদমস্তক নৈতিকতা দিয়ে নিজেকে গড়ে তোলা। মানুষ মরণশীল জেনে ও বুঝেও ইহকালীণ সুখ সমৃদ্ধির প্রতিযোগিতায় নেমে এক মানুষ আরেক মানুষকে যেনতেন ভাবে ঠকিয়ে নিজে জিতে যাবার চেষ্টায় কোন ধর্ম আছে বলে মনে করবার কারণ নেই।লোভের বশবর্তী হয়ে,লোভের নিকট নিজেকে অসহায় ভাবে আত্মসমর্পণ করে কখনও ধর্মীয় সৎকর্ম হয় বলে মনে করবারও কোন কারণ নেই। তাই আমি মনে করি রাষ্ট্র সংস্কারের পূর্বে,রাষ্ট্রের সংবিধান সংস্কারের বহু পূর্বেই সবচেয়ে জরুরি মানুষের মনমানসিকতার সংস্কার।যেটা সংস্কার করলে রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে,সে বিষয়টির একটি স্থায়ী সমাধানের পথে অগ্রসর হওয়া এখন সবচেয়ে বেশি জরুরি।এ বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে,এই একটি সমস্যাই আমাদের পরিবার,সমাজ,রাষ্ট্র তথা রাজনীতিকেও একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়ে ফেলেছে। আমরা সবাই ভালো কথা বলতে পারি,শুনতেও পারি কিন্তু মানতেই যত আমাদের গোলমাল।লোভ আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে,আমরা যে ভালো কথাটুকু বলি,সেখানেও নিজের স্বার্থকে গোপনে রেখে মনের গভীরে যেকোনো উদ্দেশ্য হাসিলের বাসনা নিয়েই বলি।আর আমাদের দেশের রাজনৈতিকরা তো অহর্নিশি মুখে মধুর বাণী,বিনয়ের অভিনয় এ-সব শুধুই প্রজা সাধারণের মনিব হবার মনোবাসনা থেকেই করেন।কিন্তু বাংলাদেশে প্রকৃত মানবপ্রেম,দেশপ্রেমের মহাত্মা নেতৃত্ব একমাত্র শহীদ জিয়াউর রহমানকেই আমি নিজ চোখে পেয়েছি।আমি জানি যারাই সত্যের অন্ধ ও ঘোর বিরোধী,তাদেরই শুধু শহীদ জিয়াউর রহমানের নাম শুনলেই গা জ্বলে।কিন্তু প্রকৃত সত্যবাদী,সত্যপ্রেমী কোন মানুষ আমার এই কথাটিকে অস্বীকার করতে পারবেননা না।শহীদ জিয়া সম্পর্কে মজলুম জননেতা মওলানা ভাসানী হুজুর নিজেও এমন কথারই প্রতিধ্বনি করে গেছেন সেই বহু পূর্বেই।এরপর আমাদের দেশের আরেক খ্যাতিমান কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ নিজেও এমন কথাই বলে গেছেন।যাইহোক,এইদেশে জিয়া একবারই এসেছিলেন, কিন্তু জিয়ার প্রয়োজনটা এ দেশে বারে বারে প্রতিবারেই সাধারণ মানুষ অনুভব করেছেন আজও খুব বেশিই প্রয়োজন দেখা দিয়েছে।কিন্তু আমার প্রশ্ন জিয়াকে কে সৃষ্টি করেছিলেন,এতবড় নৈতিক ভিত্তি হৃদয়ে মজবুত করে?তিনি নিশ্চয়ই মহান রব আল্লাহ্ র সৃষ্টিই ছিলেন,আর এ দেশে এখনও যারাই রাজনীতি করছেন,তারাও কিন্তু ঐ এক আল্লাহ্ র ই সৃষ্টি। কিন্তু কেন এদেশের রাজনৈতিক দলগুলোতে আর মাত্র একজন জিয়ার সৃষ্টিও আজও হতে পারেনি।আমার একান্ত বিশ্বাস বিপথগামী সন্ত্রাসীরা,এদেশের গভীর শত্রুরা বুঝে গিয়েছিল যে,এই জিয়া যদি আর বেশিদিন বেঁচে থাকেন,তবে এই দেশের সাধারণ মানুষ ঘরে ঘরে নৈতিক বোধ সম্পন্ন হয়ে উঠবে।দেশ একদিন ইউরোপ আমেরিকানদের মতো শক্তিশালী নৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠবে।আর তাই এ দেশে যেনো আর কোন জিয়ার সৃষ্টি না হয়,তার জন্য প্রথমেই তাকে নৃশংস ভাবে হত্যা করা হলো।তারপর থেকেই এই সম্ভাবনাময় দেশটিকে খুবই তীক্ষভাবে ধিরে ধিরে একটি চরম অনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে।ক্ষুদ পরিবার থেকে শুরু করে সমাজ,ধর্ম,রাজনীতি,শিক্ষা প্রতিষ্ঠানসহ এমন কোন জায়গা অবশিষ্ট নেই,যেখানে নূন্যতম কোন নৈতিকতা বজায় রেখে চলছে অথবা নৈতিকতা শিক্ষার এতটুকু অপশনও রাখা হয়েছে।যেটুকুও চলছে সে নিতান্তই লোকদেখানো কাগুজে শিক্ষা।যার প্রভাব ব্যক্তি,পারিবারিক,ধর্মীয়,রাজনৈতিক বা পেশাগত জীবনে এতটুকুও আমল করে চলবার নজীর নেই। তাহলে কি হবে আপনার এই সংবিধান সংস্কারের বেনিফিট? যার জন্য সংবিধান,তাকেই যদি মানুষ তৈরি না করা হয়,তবে এই সংবিধান সংস্কার রাষ্ট্রের জন্য কতটুকু কাজ দিবে? এক লোক ছিলো খুবই বদমেজাজি ও লম্পট প্রকৃতির।এলাকার মানুষের ইচ্ছার বিরুদ্ধেই সে সবসময় কর্তৃত্ব ও নেতৃত্ব পেশিশক্তির বলে বেদখলে রাখতো।তার মন যখন যা চাইতো ঠিক তাই করতো।কিন্তু কিছু মানুষ তার চরিত্রের ভীষণ অনুসারী ছিলো,তাই সমাজের একটি অংশ তাকে প্রায় সব অপকর্মেই সমর্থন যোগাতো।আবার কিছু লোক নিজেদের পরিবার পরিজন নিয়ে একটু ভালো থাকবার প্রয়োজনেই তালমিলিয়ে চলতো, বাকী সংখ্যাগরিষ্ঠ লোকজন তাকে মনথেকেই প্রচুর ঘৃণা করতেন।কিন্তু নিজেদের আত্মসম্মান রক্ষার তাগিদে এবং অত্যাচার নির্যাতনের ভয়ে নিরবতা পালন করতেন,সেই লম্পট প্রকৃতির লোকটির আদেশ নির্দেশও বিপদে পড়ে মেনে চলতেন।লোকটির ছিলো কয়েকজন ছেলেমেয়ে,তার ছেলেমেয়েরাও লোকটিকে নেহাৎ জন্মদাতা পিতাবলেই সবকিছু নিরবে সমর্থন দিতো।কিন্তু তারা নিজেরাও জানতো যে,তাদের পিতার স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক জুলুম নির্যাতনের ভয়ে এলাকার কোন মানুষ মনথেকে তাদের পিতাসহ কাউকেই সম্মান করতোনা বরং যেটুকুও দৃশ্যমান সম্মান করতেন তা একান্তই জুলুম নির্যাতনের ভয় থেকেই করতেন।যাইহোক,লোকটির হঠাৎ একদিন মৃত্যু হলো।তার পরিবারের লোকজন এবার পড়ে গেলো এক মহা সমস্যায়,এলাকার লোকজন প্রায় সবাই তাদের পিতার অতীত অপকর্মের জন্য তাদের উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠলো,অতি উৎসাহী কেউ কেউ আবার সেই পরিবারের লোকজন দেখলেই ধাওয়া করতে শুরু করলেন,হাতের কাছে পেলে দু'একজনকে বেশ মারধর করতেও ছাড়েননি।পরিস্থিতি আঁচ করতে পেরে সেই অত্যাচারী লোকটির অনুসরণকারীরাও তার মৃত্যুর সংবাদ শুনেই রাতারাতি এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেলো। এমন পরিস্থিতিতে লোকটির এক ছেলে সিদ্ধান্ত নিলেন এই পাপের বাড়িটির আর কোন চিহ্নই রাখা হবেনা।তাই ভাবনা অনুযায়ী পুরো বাড়িটি ভেঙ্গে নতুন করে সংস্কার করা শুরু করলেন।এতে দীর্ঘদিন যাবৎ নির্যাতিত এলাকার সরল প্রকৃতির লোকগুলোও মনে মনে বেশ সন্তুষ্ট হতে শুরু করলেন।মানুষ ভাবলেন,যাইহোক লোকটি খারাপ ছিলো ঠিক,কিন্তু তার এই ছেলেটি মনে হয় ভালো মনের মানুষই হবে।আর যেকারণেই হয়তোবা তার পাপিষ্ঠ বাপের রাজত্ব করা বাড়িটিই নিশ্চিহ্ন করে নতুন আঙ্গিকে গড়ে তুলছেন।মানুষ ক্রমেই সেই লোক টিকে ভুলে যেতে লাগলো। প্রায় বছর দুই সময় সেই বাড়িটির সংস্কার দেখে সবাই ভুলেই গেলো সেই অত্যাচারী লোকটির অতীত জীবনের কথা।কিন্তু ছেলেটি বাড়ি পূঃননির্মাণ করলেও নিজের মনমানসিকতায় অতি গোপনে পোষে আসছিলো তার মৃত বাবারই হুবহু সেই চরিত্রখানাই।দিন যত বাড়তে থাকে ছেলেটিও তার বাবার রেখে যাওয়া কুৎসিত চরিত্রকেই আবার অতি কৌশলে এলাকায় বিস্তৃত করতে শুরু করে দেয়।বছর কয়েক পরে এসে দেখা যায় ছেলেটি তার বাবার চেয়েও কয়েকগুণ বেশি বিভৎস চরিত্রের অধিকারী। উপরোক্ত গল্পটি নিছকই একটি কাল্পনিক উদাহরণ হিসেবে লেখা।এর মূল প্রতিপাদ্য আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। বলছিলাম,দেশ ও সংবিধান সংস্কারের পূর্বে মানুষের চরিত্রের সংস্কার বেশি প্রয়োজন,বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিকদের। এখানে পরিবর্তনের স্লোগান,নতুনত্বের স্লোগান শুধুই যদি লোক ও দৈহিক রূপ পরিবর্তনের উদ্দেশ্যে হয়,তবে নতুনের চেয়ে পুরাতনই বেশি শ্রেয়!কারণ নতুনরা নতুন পেট,নতুন ক্ষুধা তৃষ্ণা নিয়ে পুরনোদের চেয়ে বেশি খাবে,কম নয়।আমরা সংস্কার চাই ক্ষুধার্ত পেটের,যা পরিশুদ্ধ এবং সীমিত খাবারেই তুষ্ট থাকবে। It is never possible to change the character or mentality of people in the world by law. আইন করে পৃথিবীতে কখনও মানুষের চরিত্রের কিংবা মনমানসিকতার পরিবর্তন সম্ভব নয়।আমি মনে করি রাষ্টের আইন অপরাধী চক্রের জন্য একটি ভীতি,কিন্তু অপরাধী চক্রের মোটা টাকার জোরে যখন আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনগুলোই সেই ভীতিকে অপরাধী চক্রের জন্য স্বস্তি সৃষ্টি করে দেয়,তখন এই ফাঁকফোকরের আইন সৃষ্টি কিংবা সংস্কার শুধুই ধোঁয়াশা নয় কী? ক্ষমতার লোভ আমাদের সাময়িক ও দৃশ্যমান বিনয়ী হওয়ার অনুভব সৃষ্টি করতে পারে সত্য,কিন্তু শহীদ জিয়ার মতো প্রকৃত দেশ ও মানবপ্রেমের,নির্লোভ নিঃস্বার্থের মহান ব্রত নিয়ে কেন রাজনৈতিকদের চরিত্র তৈরি হতে পারছেনা? বিবদমান রাজনৈতিক শক্তিধর দলগুলোর সীমাহীন অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারী,স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক দাম্ভিক এবং চরম অহংকারী চরিত্রের কারণেই আজ দেশে তৃতীয় শক্তি উঁকিঝুঁকি দিচ্ছে,রাজনৈতিকদের উপর ছড়ি ঘোরানোর চিন্তা করতে পারছেন।রাজনৈতিকদের চরিত্র নোংরামোর কারণে বার বার কেন এদেশের সাধারণ জনগণকে বিবৃতকর পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে? এইবার একটু কাজের কথায় আসি,সমাজ,ধর্ম ও রাষ্ট্র আমাদের মতো চরম লোভী ও বিচিত্র চরিত্রের মানুষদের পাল্লায় পড়ে স্বতন্ত্র স্বত্বা হারিয়েছে অনেক আগেই।এর দায় ভাগ্যের উপর ছেড়ে দেয়াও একপ্রকার চরম অবিচার।রাষ্ট্রের প্রতিটি স্তরের ডালপালা লতাপাতা ও পাতার শিরায় শিরায় যেখানে টাকা ও প্রভাব বিস্তারের মরণপণ প্রতিযোগিতা।সেখানে নৈতিকতা খোঁজা আমার মতো বেমানান মানুষেরই কাজ।আমি কাউকে ছালাম দিলে সেই ক্ষেত্রে ভদ্রতার পরিচয় পাওয়ার লোভ,ভোট কিংবা সমর্থন পাবার নেশা থেকে দেইনা।আমার সালামের প্রতিদানে শুধুই চিন্তা করি মানুষের নিঃস্বার্থ ভালবাসা আর দোয়া।কিন্তু আজকাল দেখা যায় মতলববাজ রাজনৈতিকরা মানুষকে ছালাম দেন,নম্র ভদ্রের অভিনয় করেন,বিনয়ী সাজেন ভোটের নেশায়।আবার ভোট পেয়ে সাধারণের মনিব হতেও তাদেরই সময় লাগেনা।জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে আবার উল্টো ছালাম সম্মান কুঁড়াতে থাকেন,সেই সাথে নির্বাচনের ব্যয়,আবার নিজের ও পরিবার পরিজনের ভবিষ্যৎ সবকিছুই নির্ভর করে এ পেশা থেকেই।মুখে যদিও জনগণের সেবক,খাদেম ইত্যাদি অনেক রকম শ্রুতি মধুর শব্দই উচ্চারণ করেন,কিন্তু মনে তাদের প্রভুত্বের অহংকার গোপনেও পোষেন,চালচলন হাবভাবেও তা ফুটিয়ে তুলেন।নেতা তৈরি হতে আজকাল আর সাধারণ মানুষের সমর্থন প্রয়োজন পড়েনা,প্রয়োজন মোটা অংকের টাকা আর তেলবাজির তেলেসমাতি। উপরের সারির নেতা খুশি তো নেতৃত্বও তার জন্যেই তৈরি। সাধারণ কর্মী সমর্থকদের রক্ত-ঘাম,জেল-জুলুম,মামলা হামলা সহ্য করে দল টিকিয়ে রাখা কামলার দাম সদস্য, খুব বেশি হলে সহসভাপতি।কেউ কেউ দুর্ভাগ্য বসত সেটুকুও পায়,পাচ্ছি করে আর পাওয়াও হয়ে উঠে না।নেতারা একটু চিনলেও বিনাবাক্যে তারা যারপরানাই খুশি।এদেশে রাজনীতির সংস্কৃতি এর চেয়ে উন্নত হবার সহসাই কোন কারণ আপাতত দেখা যাচ্ছে না।তাহলে সংস্কার হবেটা কি?আজকের সমাজে যে মানুষটি আপনার দেখা মতে বেশি ভালো,সে বড়জোর আপনাকে দেখা হলেই একটা লম্বা ছালাম দেন,পারলে এককাপ চা,একটি পান সিগারেট হাতে ধরিয়ে দেন।এই ভালো মানুষটির কাছেই আপনার একটি কাজ বেজে গেলো,ভালো মানুষটি বরাবরের মতো আপনাকে সন্তুষ্ট করে এমন কিছু প্যাচ লাগিয়ে দিবেন আপনার কাজটিতে,যেখানে অবিশ্বাস্য ভাবেই আপনার পকেটের মোটা অংকের কিছু টাকা ভালো মানুষটির পকেটে চলে যাবে আপনার অজান্তেই।এরপরও আপনার কাজটি করে দেবার সুবাদে সেই ভালো মানুষটি আপনার কাছে ফেরেশতা হয়ে উঠতেও আর সময় নিবেনা। এটা হলো খুবই ছোট্ট মাত্রার একটি উদাহরণ। ঘুষ-দুর্নীতিবাজ খারাপ,আপনি যে,ঘুষ দিলেন আপনি সবার সেরা!আইনের লোক খারাপ,আইন খারাপ তো আপনি /আমি খুব ভালো?দেশের সাধারণ মানুষের মাঝে যতদিন নৈতিকতা ফিরে না আসবে,মনমানসিকতা ও চরিত্রে মাধুর্যতা ফিরে না আসবে,নিজেদের পরিবার থেকে সমাজ রাষ্ট্রের প্রতিটি জায়গা থেকে যতদিন মানুষের মনের আমূল-পরিবর্তন না আসবে,যতদিন নিজেদের অন্ধ বিবেগের চোখের পর্দা না সরবেননা,সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা কিংবা কালোকে কালো আর সাদাকে সাদা বলবার অবাদ স্বাধীনতা অর্জনে সাহসী হয়ে না উঠবেন, ঠিক ততদিন এ দেশে যত শাসকের পরিবর্তনই হোক,আইন যদি আল্লাহ্ র ফেরেশতারা এসেও সংস্কার করে দিয়ে যান,তবুও এদেশ থেকে অনিয়ম ও ঘুষ-দুর্নীতি বন্ধ করা সম্ভব হবেনা। লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতি,না-কি রাজনীতির পাশাপাশি লেখাপড়া! রাষ্ট্র কিংবা সংবিধান মেরামত রাজনৈতিক ও সংবিধান বিশেষজ্ঞদের কাজ।একাজে ছাত্রদের জড়িয়ে পড়া মানেই,জাতিকে একটি বিপথগামী ও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেয়া।তবে পরামর্শ কিংবা গ্রহণযোগ্য প্রস্তাবনা রাষ্ট্রের যেকোনো বৈধ নাগরিক দিতেই পারেন,এ নিয়ে বিতর্কের কিছু নেই।কারণ গনতান্ত্রিক রাষ্ট্রের মালিকানার একমাত্র অংশীজন রাষ্ট্রের বৈধ নাগরিক।কারও যুক্তিযুক্ত প্রস্তাবনায় যদি রাষ্ট্রের সার্বিক কল্যাণের নিশ্চয়তা মিলে,তবে সেই প্রস্তাবকারী অশিক্ষিত,অর্ধশিক্ষিত কিংবা পূর্ণাঙ্গ শিক্ষিত যেকেউ হতেই পারেন।এক্ষেত্রে কেউ কাউকে খাটো করে দেখবার সুযোগ নেই।আমাদের দেশে সমস্যার সৃষ্টি কখনও নিম্নবিত্ত,নিম্ন শিক্ষিত বা অশিক্ষিতদের কেউ করেননা,সমস্যার সৃষ্টি যেমন কথিত শিক্ষিত সমাজের হাত ধরেই,তেমনি অনৈতিক কাজ,অবিচার,ঘুষ-দুর্নীতিসহ যত প্রকার অন্যায় অপরাধ প্রচলিত ও প্রতিষ্ঠিত,তার প্রায় সব কিছুই এই কথিত শিক্ষিত সমাজেরই আবিষ্কার। আম গাছে কখনও কাঠাল ফলাবেনা,এই কথা বুঝতে খুব একটা ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয়না।যেখানে মানুষ নিয়েই সমাজ,রাষ্ট্র ও ধর্ম গঠিত সেখানে মনুষ্যত্ব বিবেগ বোধ পরিশুদ্ধ না করেই,শুধুমাত্র রাষ্ট্র কিংবা সংবিধান সংস্কার করে সবকিছুই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে ভাবাটাই মূর্খতার সবচেয়ে বড় পরিচয় বহন করে। লেখক সাংবাদিক,কলামিস্ট,রাজনৈতিক ও কথাসাহিত্যিক।