হোমনায় যুবতীর অর্ধ গলিত লাশ উদ্ধার
কুমিল্লার হোমনায় লাইমা (২২) নামের এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে হোমনা পৌরসভা সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে হোমনা উপজেলার বিজয় নগর গ্রামের হায়েত মিয়ার মেয়ের ঘরের নাতনি। জানা গেছে, হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ীর মো. জাহাঙ্গীর আলম ৬ তলা ভবনের ৫ তলা বাসায় তালাবদ্ধ ঘরের ভিতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লাইমা মা-বাবার সাথে পাকিস্থান থাকতো। পরে দেশে আসার পর তার মা ফেনী জেলার এক ব্যক্তিকে বিয়ে করে চলে যায়। লাইমা তার নানার বাড়িতে থাকতো। পরবর্তীতে উপজেলার দৌলতপুর গ্রামের মোল্লা বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসি ফারুক মিয়ার সাথে ফেইজবুকে সম্পর্ক হলে মোবাইলে তার সাথ বিয়ে হয়। কিন্তু তাদের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ৬ তলা বিল্ডিং এর ৫ তলায় ভাড়া বাসায় থাকতো। কয়েকদিন ধরে সে ফোন রিসিভ না করায় তার স্বামী ফারুক তার ছোট ভাইকে পাঠালে সে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হতে লাগলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে গলিত অবস্থায় লাইমার লাশ উদ্ধার করে। হোমনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাস জানিয়েছেন- লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। লাশটি গলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে। যেহেতু বাহির থেকে তালাবদ্ধ পাওয়া গেছে সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। পুলিশি তদন্ত অব্যহত আছে।