প্রায়শই ত্রুটির ঘটনায় প্রশ্নবিদ্ধ প্রজেক্ট

পুনরায় মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, যাত্রী ভোগান্তি চরমে

২৫ জানুয়ারি, ২০২৫ | ২:১১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নতুন করে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে মেট্রোরেলে। যার ফলে শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। সঙ্গত কারণেই রীতিমতো ক্ষুব্ধ বিভিন্ন স্টেশনে অপেক্ষমান যাত্রী সাধারণ। মূলত শনিবার সকাল ৯ টার পর থেকেই এই যান্ত্রিক ত্রুটি শুরু হয়। দুপুর অবধি পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও দেড়টা নাগাদ পুনরায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটার কারণ সম্পর্কে জানতে চাইলে একজন স্টেশন কন্ট্রোলার বলেন, 'সকালে মতিঝিল থেকে উত্তরা রুটে এখন পর্যন্ত ট্রেনে কোনো সমস্যা হয়নি। তবে উত্তরা থেকে মতিঝিল রুটে কিছুটা সমস্যা হয়েছে। এটা মূলত ট্যাকনিক্যাল প্রবলেম। আমাদের অভিজ্ঞ টিম সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছে। আশা করছি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।' যাত্রী চাপ কেমন আছে জানতে চাইলে মিরপুর ১১ স্টেশনের একজন পাবলিক রিলেশনশিপ এসিস্ট্যান্ট বলেন, 'সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে। একমুখী চলাচলে সাময়িক অসুবিধা হওয়ায় চাপ ক্রমশ বাড়ছে। তবে যারা টিকেট নিয়েছে, তারা চাইলে আমরা টাকা ফেরত দিচ্ছি।' তবে টিকিট কাউন্টার, প্লাটফর্মে যাত্রীদের প্রচন্ড ভীড় রয়েছে এখনো। তাছাড়া টিকিট কেটে পরবর্তীতে টাকা ফেরত নিতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। যা নিয়ে চরম ক্ষুব্ধ যাত্রীরা। মিরপুর ১১ স্টেশনে সিরিয়ালে দাঁড়ানো আবু রায়হান নামে একজন যাত্রী বলেন, দুপুর ১ টা থেকে দাঁড়িয়ে আছি, এখন প্রায় ২টা বাজে। অথচ এরা কেউ বলছে না যে, ট্রেন আসবে কি না। এটা খুবই বিরক্তিকর।' সচিবালয়ে জরুরি কাজে বের হওয়া বনিতা ইসলাম বলেন, 'আমরা দ্রুত পৌঁছানোর জন্য মেট্রোতে আসি। অথচ আধা ঘণ্টা দাড়িয়ে থেকেও ট্রেনের দেখা নেই। ওরা আমাদেরকে বলে দিলেই পারতো, কিন্তু এভাবে আমাদেরকে নাজেহাল করছে কেনো ? আরেকটি স্টেশনের টিকেট মেশিন অপারেটর বলেন, 'যাত্রীদের প্রচুর চাপ রয়েছে একথা সত্য। তবে আমরা যাত্রী ভোগান্তি হ্রাসে তাদেরকে টাকা ফেরত দিচ্ছি এবং ত্রুটি সম্পর্কে অবগত করছি। তবে আজকে এতো ভিড় হওয়ার মূল কারণ হলো ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্ট। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সবকিছু রিকভারি হয়ে যাবে।' রাজধানী বাসির নিকট দ্রুত ও আরামদায়ক ভ্রমনের জন্য মেট্রোরেল একটি আশীর্বাদ। তবে প্রায়শই মেট্রোরেলে এমন ট্যাকনিক্যাল বা যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। যা নিয়ে হতাশ সংশ্লিষ্টরা, ক্ষুব্ধ সাধারণ যাত্রী। এমনকি মেট্রোরেলের নামে কথিত উন্নয়নের আড়ালে লুটপাটের মতো প্রশ্নবিদ্ধ বিষয় গুলোকেও সামনে আনছেন সাধারণ জনগণ। তাদের দাবি- এমন ব্যয়বহুল প্রজেক্ট আরও গুরুত্বের সাথে পরিচালনা করা হোক। আজকে সমস্যা ঠিক হবে কি না জানতে চাইলে একজন দায়িত্বশীল কর্মকর্তা আশ্বাস দিয়ে বলেন, "এটা মূলত সাময়িক অসুবিধা। আপনারা জানেন, ইতোপূর্বেও এমন ত্রুটি হয়েছে, তবে সেটা স্থায়ী নয়। আজও মাঝে মাঝে ট্রেন চলেছে। আশা করছি সন্ধ্যার মধ্যেই সিস্টেম পুরোপুরি ঠিক হয়ে যাবে।