হরিনাকুণ্ডুতে বাড়ি বাড়ি যেয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে

২৫ জানুয়ারি, ২০২৫ | ৭:৪৬ অপরাহ্ণ
ইনছান আলী, স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশব্যাপি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে চলেছে। সোমবার (২০ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সিইসি'র উদ্বোধনের পর পরই ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়। হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ১৯জন সুপার ভাইজারের তত্ত্ববধানে ৮৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। সাম্ভব্য সাড়ে ৮ হাজার নতুন ভোটারের নাম তালিকাভূক্ত করার লক্ষ্যে হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ১৭ জানুয়ারি দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্ভুল ভোটার তালিকা প্রনয়ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা আবুুল হোসেন। উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাশ বলেন, সোমবার তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে এটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত । আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। এছাড়া উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাশ আরও জানান, যে সকল নাগরিক ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্ম গ্রহন করেছে নতুন ভোটারের ক্ষেত্রে কেবলমাত্র তাদেরই তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের জন্মনিবন্ধন এর একটি করে অনলাইন কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পিতা-মাতা বা স্বামী-স্ত্রী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র ও ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ,পানি, গ্যাস বা ইউনিয়ন পরিষদের ট্যাক্স প্রদানের রশিদের কপি। এছাড়াও এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদের নামও হালনাগাদ তালিকায় সংযুক্ত করা হবে। সেই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে মৃত ব্যক্তি ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।