হোমনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
কুমিল্লার হোমনা-গৌরিপুর রোডের পঞ্চবটি এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারী হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি দাসপাড়ার লবা চরণ দাসের স্ত্রী রশনা রানী দাস (৭৫)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চবটি মাঝার সংলগ্ন ইব্রাহিম শাহ মাজারের পুর্ব পাশে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। জানা গেছে, রশনা রানী দাস প্রায়ই রান্নার জন্য রাস্তার পাশ থেকে শুকনো পাতা কুড়াতে আসে। গতকাল পাতা কুড়ানোর সময় ড্রাইভারের অসাবধানতায় সার বুঝাই ডিস্ট্রিক্ট ট্রাকটি রাস্তার পাশে গিয়ে তাকে চাপা দেয়। সার বুঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার দেহ খন্ড বিখন্ড হয়ে স্পটে সে মারা যায়। জনগনের সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মায়া রানী দাস বাদী হয়ে ড্রাইভারকে আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেছে। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করার হয়েছে। ট্রাকের মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।