মাজার-দরগাহ ভাঙচুরের অভিযোগ
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সুফি জাগরণ পরিষদের বিক্ষোভ মিছিল
৫ আগস্ট পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে মাজার, দরগাহ, খানকা, আশ্রম ও বিভিন্ন সাধনালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি কে নিয়ে কটূক্তির অভিযোগ, ফিলিস্তিন রাষ্ট্রে ইসরায়েলের নিষ্ঠুর গণহত্যা, যুদ্ধাপরাধের প্রতিবাদে গণ-বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সুফি জাগরণ পরিষদ।
শুক্রবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩ টায় সংক্ষিপ্ত আলোচনা শেষে মিছিলটি দোয়েল চত্ত্বর হয়ে বিশিষ্ট সুফি ও বাউল জনের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালী, সাধারণ সম্পাদক এড. শাহ মো. আনিসুর রহমান হোসাইনী চিশতি, বিশিষ্ট বাউল ও সুফি ব্যাক্তিত্ব আরিফ দেওয়ান, মোখলেসুর রহমান বাবু শাহ প্রমুখ।
সংগঠনটির সভাপতি বলেন, দেশে মাজার হামলা ও ভাংচুর বন্ধ না হলে রাজপথে এমন আন্দোলন চলতে থাকবে।
সাধারণ সম্পাদক এড. আনিসুর রহমান বলেন, সরকার কোনভাবেই মাজার হামলা নিয়ন্ত্রণ করতে পারছে না, যা আমাদের হৃদয়ে রক্তক্ষণের সৃষ্টি করেছে।
পাক পাঞ্জাতন আহলে বাইয়্যাৎ ঐক্য ফাউন্ডেশনের পক্ষে জনাব মোখলেসুর রহমান বাবু শাহ বলেন, এভাবে ধর্মের উপর আঘাত আসলে গণজমায়েত আর হাজারে থাকবে না লাখে রুপান্তর হবে।
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন দরবার শরীফ, খানকা ও আশ্রমের আল্লাহ-রাসুল ও ওলি আউলিয়া প্রেমী সাধু গুরু ও ভক্তবৃন্দ ব্যানারে উপস্থিত ছিলেন।