২৯তম বিসিএসে নিয়োগ দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

২৭ জুন, ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১৩ মাস পর নন-ক্যাডারে উত্তীর্ণ ২১ জনকে নিয়মবহির্ভূতভাবে ক্যাডারভুক্ত করে নিয়োগ দেওয়ার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক মহাপরিচালক বলেন, ‘দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ ও গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ ও নিয়োগের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৮ সালে ২৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ২০১১ সালের মার্চ মাসে।