স্কুলের নামে জমি দখলের অভিযোগে উত্তপ্ত দুমকী, যুবলীগ নেতা পলাতক
পটুয়াখালীর দুমকীতে বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখল করেছেন তিনি। শনিবার (২৬ জুলাই) দুপুরে দুমকী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ চরবয়রা গ্রামের বাসিন্দা মো. মুছা হাওলাদার বলেন, “২০০৬ সালে আমার পৈতৃক জমি দখল করে হনুফা নূরআলী নামে একটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্কুলটি ফিরোজ্জামান তাঁর বাবা-মায়ের নামে প্রতিষ্ঠা করেন।” তিনি অভিযোগ করেন, ফিরোজ্জামানের ভাই আবুল বাসার ২০০৯ সালে মাত্র ২০ শতাংশ জমি ক্রয় করলেও, তারা পুরো ৩৩ শতাংশ জমি দখলে নিয়েছেন, যার মধ্যে ১৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করা হয়েছে। মুছা হাওলাদার আরও দাবি করেন, স্থানীয় প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের পরিচয়ে তাদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। জমি বিক্রেতা আবদুল মজিদ হাওলাদারকেও থানায় নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হাওলাদার ফিরোজ্জামান পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর ছোট ভাই, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. কামরুজ্জামান জানান, “আমরা বৈধভাবে জমি ক্রয় করে স্কুল স্থাপন করেছি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বাধা সৃষ্টি করছে। আদালতে আমরা এর সঠিক প্রতিকার চেয়েছি।” স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি বর্তমানে বন্ধ রয়েছে। তবে জমি নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে, যার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।