দৈনিকভিত্তিক শ্রমিক নীতিমালা বাতিল ও স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন
ঢাকা, ২৭ আগস্ট ২০২৫: “দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫” বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বয়স শিথিল করে স্থায়ীকরণের এক দফা দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিকভিত্তিক শ্রমিকরা অমানবিক বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তারা নিয়মিত মাসিক বেতন পাচ্ছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতন ও বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি তুলেছেন। তারা অভিযোগ করেন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও অধিকাল ভাতাসহ ন্যায্য প্রাপ্য সুবিধা থেকেও শ্রমিকরা বঞ্চিত। কোনো কারণ ছাড়াই কিংবা তদন্ত কমিটি গঠন না করেই চাকরিচ্যুত করা। একইসাথে মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ও নৈমিত্তিক ছুটি থেকেও তারা বঞ্চিত হয়ে আসছেন। এছাড়া শ্রমিকদের কোনো নিয়োগপত্র নেই, কর্মঘণ্টা নির্ধারণ করা হয় না এবং অনেক প্রতিষ্ঠানে পদবী পর্যন্ত দেওয়া হয় না। করোনা মহামারীর সময় জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা শ্রমিকরাও প্রণোদনা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। বক্তারা বলেন, “বৈষম্য চাই না, চাই মর্যাদাপূর্ণ জীবন; চাই চাকরির নিশ্চয়তা; চাই সুখী-সমৃদ্ধশালী বৈষম্যমুক্ত ও দাসত্বমুক্ত আধুনিক বাংলাদেশ।” সংবাদ সম্মেলনের মাধ্যমে অবহেলিত দৈনিকভিত্তিক মজুরি শ্রমিকদের স্থায়ীকরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।