ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক: শশী থারুর

১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১:১৩ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জয়ী হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক্স বার্তায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। খবর বিজনেস টুডে ইন্ডিয়ার পোস্টে তিনি বলেন, ডাকসু নির্বাচনে শিবিরের জয় ‘আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত’। তিনি প্রশ্ন করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে কি জামায়াতে ইসলামী সরকার গঠন করবে কি-না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কি না? শশী থারুর লেখেন, ‘ভারতের বেশিরভাগ মানুষের কাছে শিবিরের জয়া পাওয়া একটি সাধারণ বিষয় মনে হতে পারে, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল (বর্তমানে নিষিদ্ধ) আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের প্রতিই জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। আর যারা এ দুটি দলের ওপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছেন। যারা জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছে, তাদেরকে ধর্মান্ধ বলে দাবি করেন তিনি। থারুর লেখেন, ‘তবে জামায়াতে ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয়, যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়।’ তিনি প্রশ্নের সুরে বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কী প্রভাব পড়বে? নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার (সরকারের) মোকাবিলা করতে হবে?’ উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সহ মোট ১২টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে।