মাদক মামলা যেনো ডালভাত: দায় কার ?
মা-ছেলের ভয়ংকর মাদক সিন্ডিকেট, নিশ্চুপ প্রশাসন !
ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা, চোরাই মোবাইল, অনলাইন জুয়া- বাদ নেই কোনোকিছু
রাজশাহীর কাশিয়াডাঙ্গায় মা-ছেলের হাত ধরে এক ভয়ংকর মাদক চোরাকারবারি চক্রের উত্থান হয়েছে বলে অভিযোগ এসেছে। যা নিয়ে রীতিমতো তোলপাড় কাশিয়াডাঙ্গা মোড় ও আশপাশের অঞ্চল। আর এই চক্রের মূল হোতা জনি ও তার মা সেলিনা বেগম। ২০২৫ সালের জুলাই মাসে অভিযোগ আসে, কাশিয়াডাঙ্গা মোড়ের জনি ও তার মা সেলিনা বেগম সহ একটি বিশাল চক্র এলাকায় মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে। এমনকি তারা সুদে টাকা ধার এবং অনলাইন জুয়ার মাধ্যমে নিঃস্ব করছে শত শত পরিবার। অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে বিভিন্ন গণমাধ্যম। বিভিন্ন ধরনের মাদক বিক্রি, চোরাই মোবাইলের অবৈধ ব্যবসা, সুদে টাকা বিনিয়োগ, অনলাইন জুয়ার রমরমা বাণিজ্য সম্পর্কে জানতে চাওয়া হয় স্থানীয় প্রায় শতাধিক লোকজনের কাছে। জিজ্ঞেস করতেই অকপটে বলতে শুরু করেন তারা। স্থানীয়দের ভাষ্যমতে রীতিমতো হকচকিয়ে যায় গণমাধ্যমের অনুসন্ধানী টিম। পরিচয় গোপন রাখার শর্তে কাশিয়াডাঙ্গা মোড়ের একজন দোকানদার বলেন, "এই জনি কোনো ছোটখাটো বদমাশ না। সে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল সহ মাদকের সম্রাট। সবধরনের মাদক সে বিক্রি করে। তার অপকর্মের ফিরিস্তি এখানেই শেষ না। জনি, তার মা সেলিনা বেগম, উজ্জ্বল, শাহজালাল, আজানুর সহ প্রায় ৮-১০ জনের ভয়ংকর সিন্ডিকেট মিলে করে চোরাই মোবাইলের ব্যবসা। রাতে গোপনে চালায় অনলাইন জুয়ার আসর। এরা সবাই কৌশলে চেইন সিস্টেমে মাদক আনে। আর জনির মা সেলিনা তাদেরকে সেল্টার দেয়। এদের নামে একাধিক মামলা আছে, জেলও খেটেছে। এককথায় এরা ভয়ংকর পরিবার ভাই। পারলে এদের থামান, এলাকার লোকগুলো বাঁচবে।" কাশিয়াডাঙ্গা মোড়ের নিয়মিত চলাফেরা করা একজন রিকশা চালক বলেন, "এই জনি দুইদিন পর পর মোবাইল পাল্টায়, বাইক পাল্টায়। তার রাজকীয় চলাফেরা নিয়ে আমাদের সন্দেহ ছিলো। একদিন রাতে জনি এবং আরও ২ জন আমাকে নিয়ে দূরে যায় কাজের কথা বলে। আসার সময় একটা সবজির ব্যাগ নিয়ে রিক্সায় চড়ে। জিজ্ঞেস করি কি কাজ করলেন ? আর ব্যাগের কি ? এই সবজি নিতে এতদূর আসলেন ? তখন জনি ব্যাগ খুলে আমাকে ইয়াবা, ফেনসিডিলের বোতল সহ মাদকের গোডাউন দেখায়। এরপর থেকে আমি আর জনিকে রিক্সায় নিই না। জনির মা সেলিনা বেগম তার বাড়ির নিচ তলায় বিভিন্ন মাদক কারবারি, চোর বাটপারকে আশ্রয় দেয়।" কথা হয় সুদে টাকা ধার নিয়ে নিঃস্ব হয়ে যাওয়া কয়েকটি পরিবারের সাথে। তাদের অভিযোগ আরও ভয়াবহ। ভুক্তভোগী পরিবার গুলো বলেন, "সেলিনা বেগম থেকে আমরা বিপদে পড়ে ৫০ হাজার টাকা ধার নিই। প্রতিমাসে সুদ হিসাব করে প্রায় ৩ লক্ষ টাকা দিয়েছি। এখনো নাকি।তার টাকা শোধ হয়নি !" ৪ জন ছেলের মা অভিযোগ করে বলেন, "আমার ছেলে জনির সাথে চলে। হঠাৎ দেখি ওরা শুধু টাকা টাকা করে। কিন্তু এতো টাকা করে কি জানিনা। একদিন জানতে পারলাম- এরা অনলাইন জুয়া খেলে। আর এই জুয়ার ওস্তাদ জনি। যখন জুয়া খেলে সবাই টাকা হেরে যায়, তখন জনি নিজেই আবার সুদে টাকা ধার দেয়। এভাবেই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছি আমরা। জনি তার মা, ও এই মাদক কারবারি, প্রতারক ও জালিয়াতি চক্রের আমরা শাস্তি চাই।" অল্প বয়সে ব্যবসা করে সাবলম্বী হওয়া আরেক যুবকের সাথে কথা বলে আমাদের অনুসন্ধানী টিম। হাউমাউ করে কান্না করে ওই যুবক বলেন, "ভাই আমি ভালো ব্যবসা করতাম। আমার বাইকে জনি, আজান, শাহজালাল সহ সবাই ঘুরতো, নিজেরাই বাইকে চালাতো। ওরা স্লো পয়জনিং করে আমাকে অনলাইন জুয়া এবং মাদকে আসক্ত করে ফেলে। জুয়া খেলে আমি পুঁজি পাট্টা সব শেষ। এমনকি নেশায় আসক্ত হয়ে আমি মরার অবস্থায় চলে যায়। আমার পরিবার আমাকে অনেক কষ্টে সুস্থ করেছে। কিন্তু ওই জনির পাল্লায় পড়ে আমার সব শেষ। এই জনি ও তার গ্যাংদের নামে থানায় মামলা আছে, তারা জেলেও গিয়েছে। জেল থেকে বেরিয়ে এসে পুনরায় একই কাজ শুরু করে। এভাবেই চলছে ভাই। সবচেয়ে দুঃখের বিষয়- জনি ও তার সাঙ্গপাঙ্গদের এসব অপকর্মের সবচেয়ে বড় সহযোগী জনির মা সেলিনা বেগম নিজেই। এমন নির্লজ্জ ভয়ানক পরিবার আমার জীবনে দেখিনি ভাই।" জনি, তার সাঙ্গপাঙ্গা, ও জনির মায়ের অপকর্মের ফিরিস্তি এখানেই শেষ হতে পারতো। তবে নাম পরিচয় গোপন রেখে ১৩-১৪ জন জানান আরও ভয়ংকর তথ্য। তাদের ভাষ্যমতে- জনি, তার মা সেলিনা বেগম, আজান, শাহজালাল, উজ্জ্বল সহ প্রায় ১০ জনের টিম মিলে এই সিন্ডিকেট চালায়। ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল তাদের কাছে ডালভাত। এরা চোরাই মোবাইল বিক্রি করে এবং তা ছিনতাই করিয়ে। বিভিন্নভাবে তারা যুবকদের অনলাইন জুয়ায় আসক্ত করে এবং সর্বসান্ত করে ফেলে। তাদের এসব অপকর্মের A-Z জানে পুলিশ। অথচ পুলিশ প্রতিমাসে টাকা খেয়ে তাদেরকে সেল্টার দিচ্ছে। এর সাথে বড় বড় রাঘব বোয়াল জড়িত।" নানাবিধ অভিযোগ ও অপকর্মের তথ্য পেয়ে অনুসন্ধান পরিচালনা করা রাজশাহীর স্থানীয় একজন সিনিয়র সাংবাদিক জানান, আমি বাংলাদেশের একজন সিনিয়র গনমাধ্যম কর্মী ও সাংবাদিক নেতা। দীর্ঘদিন যাবৎ অনুসন্ধান করে সত্যতা নিশ্চিত হয়ে আপনাদেরকে এই সুনির্দিষ্ট তথ্য দিচ্ছি। রাজশাহী মহানগরের এই কাশিয়াডাঙ্গা মোড়ে ১ জন নারী সহ ৪ জন যুবক রমরমা মাদক চোরাকারবারী সহ অনলাইনে এবং অফলাইন জুয়া খেলে মানুষকে নিঃস্ব করে যাচ্ছে এবং যুব সমাজকে ধ্বংস করে যাচ্ছে। এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা অভিযোগ পেয়ে তা আপনাদের মতোই অনুসন্ধান করি। সবশেষ এই জনি, তার মা সেলিনা বেগম ও তার সাঙ্গপাঙ্গদের নাম বেরিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয়, ওদেরকে হাতেনাতে ধরা মুশকিল। ওরা অনেক প্রটোকল মেইনটেইন করে। একমাত্র ওদের মেবাইল ফোন বাজেয়াপ্ত করে চেক করলেই সকল অপকর্মের প্রমাণ পাবেন। অনুসন্ধান ও অপরাধীদের নাম-পরিচয়: ১.মোঃ জনি, পিতা-মৃত সুবেদ আলী, মাতা- সেলিনা বেগম, সাং- কাশিয়াডাঙ্গা মোড়। (গ্যাং লিডার)। ২.আজানুর, পিতা- মৃত সুবেদ আলী, মাতা- সেলিনা বেগম, সাং- কাশিয়াডাঙ্গা মোড় (কিছুদিন পূর্বেই মাদক মামলা থেকে বেরিয়ে এসে পুনরায় মাদক চোরাচালান ও অপকর্ম চালিয়ে যাচ্ছে)। ৩.উজ্জ্বল, প্রায় ৭ টি মাদক মামলার আসামি, বর্তমানে জনির সাথে মাদকের চোরাচালান করে যাচ্ছে। ঠিকানা: ঢাকা (অজ্ঞাত থেকে অপরাধ পরিচালনা করে)। ৪.সেলিনা বেগম, পিতা- মৃত নওসাদ আলী, সাং কাশিয়াডাঙ্গা মোড়, উক্ত ব্যক্তিদের আশ্রয় দাতা ও মাদক মজুদকারী। তিনি চোরাইকৃত স্মার্ট ফোন ব্যবহার করেন এবং সিম কার্ড ছাড়া। ৫.শাহজালাল ইসলাম বুলেট (প্রায় ১০ টি গুরতর সন্ত্রাস ও মাদক চোরাচালান মামলার আসামি), ঢাকা থেকে পালিয়ে বর্তমান ঠিকানাঃ সাং- প্রমতলি, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী। তিনি প্রায় ডজনখানেক মাদক মামলার আসামি। কিছুদিন পূর্বেই মাদক মামলা থেকে বেরিয়ে এসে পুনরায় হেরোইন সহ বিভিন্ন মাদক চোরাচালান ও অপকর্মে জড়িত হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ব্যক্তিরা সিন্ডিকেট করে চোরাই মোবাইল কেনাবেচা করেন। সবাই জানে যে তারা পুরাতন মোবাইল বিক্রির ব্যবসা করে। মূলত চক্রটি ভয়াবহ মাদক চোরাচালানের সাথে জড়িত। সেই সাথে যুব সমাজকে ধ্বংস করতে অনলাইন ও অফলাইন জুয়ার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই জুয়ার টাকা জোগাড় করতেই যুবকেরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত যাচ্ছে। যা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় গোপন সূত্র বলছে, এরা সবাই দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চোরাচালান বেচা-কেনা করছে। সেই সাথে এলিট শ্রেণীর ব্যক্তিদের টার্গেট করে মোবাইল ছিনতাই, জিম্মি ও সিন্ডিকেট ব্যবসা করে। লজ্জা লাগলেও বলতে বাধ্য হচ্ছি- প্রশাসনের কেউ জড়িত আছে কি-না সেটাও তদন্ত করার অনুরোধ করছি। কারণ অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু সদস্যদের যোগসাজশে চক্রটি এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। ভয়ংকর এই চক্রের অপকর্মে হতভম্ব স্থানীয় মানুষ। তাদের চক্রান্তে নিঃস্ব হওয়া প্রায় অর্ধশতাধিক পরিবার, ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, এই চক্রকে অতিসত্বর গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।